সাংগঠনিক কর্মসূচি নিয়ে সক্রিয় হচ্ছে আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধী দলের সরকারবিরোধী প্রচার ও সম্ভাব্য আন্দোলন মোকাবিলায় সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে সুনির্দিষ্ট লক্ষ্য ও পরিকল্পনা নিয়ে সক্রিয় হচ্ছে আওয়ামী লীগ। কেন্দ্রীয় বর্ধিত সভার আলোকে এসব লক্ষ্য ও পরিকল্পনা নেওয়া হয়েছে।মন্ত্রী ও দলীয় সাংসদদের সঙ্গে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের দূরত্ব কমানো, জেলা-উপজেলায় বর্ধিত সভা করে দলীয় সমস্যা চিহ্নিত করা, কোন্দল মেটানো, মাঠপর্যায়ে সরকারের সাফল্য প্রচার করে বিরোধী দলের অপপ্রচারের জবাব দেওয়া, চাঁদাবাজি ও টেন্ডারবাজি থেকে নেতা-কর্মীদের নিয়ন্ত্রণ এবং সদস্য সংগ্রহ অভিযান জোরদার করার লক্ষ্য নিয়ে বেশ কিছু সাংগঠনিক পরিকল্পনা নেওয়া হয়েছে। আওয়ামী লীগের নীতিনির্ধারকেরা এ তথ্য জানিয়েছেন।বরিশাল থেকে সাংগঠনিক কার্যক্রম শুরু: কাল সোমবার শুরু হচ্ছে আওয়ামী লীগের মাঠপর্যায়ের কার্যক্রম। প্রথম দিনে বরিশাল মহানগর ও জেলায় বর্ধিত সভা হবে। একই দিন সদস্য সংগ্রহ অভিযানও শুরু হবে। এ মাসে অন্যান্য বিভাগেও দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকেরা জেলা-উপজেলায় বর্ধিত সভা ও সদস্য সংগ্রহ অভিযান শুরু করবেন বলে তাঁরা প্রথম আলোকে জানিয়েছেন।গত ৩০ জানুয়ারি বর্ধিত সভার পর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে আগামী জুন পর্যন্ত দলীয় সদস্য সংগ্রহ অভিযান চালানোর সিদ্ধান্ত হয়। এ ছাড়া জেলা ও উপজেলায় বর্ধিত সভার মাধ্যমে সাংগঠনিক সমস্যা চিহ্নিত করে তা দ্রুত নিরসনের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে সারা দেশে সভা-সমাবেশ করারও সিদ্ধান্ত হয়। এর আগে দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবীর নানককে ঢাকা বিভাগ, আহমদ হোসেনকে চট্টগ্রাম বিভাগ, বি এম মোজাম্মেল হককে খুলনা বিভাগ, বাহাউদ্দিন নাছিমকে বরিশাল বিভাগ, মিজবাহউদ্দিন সিরাজকে সিলেট বিভাগ, আবু সাঈদ মাহমুদ আল স্বপনকে রাজশাহী বিভাগ ও খালিদ মাহমুদ চৌধুরীকে রংপুর বিভাগের দায়িত্ব দেওয়া হয়।সূত্র জানায়, জেলা ও উপজেলার বর্ধিত সভায় সংশ্লিষ্ট এলাকার মন্ত্রী ও দলীয় সাংসদদের উপস্থিত থাকতে বলা হয়েছে। বর্ধিত সভার আলোকে সাংগঠনিক সম্পাদকেরা কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের কাছে নিজ বিভাগের একটি প্রতিবেদন পেশ করবেন। এ ছাড়া কেন্দ্রীয় বর্ধিত সভার সময় জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকদের কাছ থেকে পাওয়া প্রতিবেদন এবং সাংগঠনিক সম্পাদকদের প্রতিবেদন অনুযায়ী দলীয় কোন্দল ও দুর্বলতা নিরসন করা হবে। আগামী ৩০ জুন পর্যন্ত দলীয় সদস্য সংগ্রহ অভিযান ও জেলা-উপজেলায় বর্ধিত সভা চলবে। এরই মধ্যে কেন্দ্রীয় নেতারা সারা দেশে সভা-সমাবেশ শুরু করবেন। আগামী দু-চার দিনের মধ্যে সভাপতিমণ্ডলী ও সম্পাদকমণ্ডলীর যৌথ সভা ডাকা হবে। সভায় কেন্দ্রীয় নেতাদের সফরসূচি চূড়ান্ত হবে বলে জানা গেছে।বাহাউদ্দিন নাছিম প্রথম আলোকে বলেন, সোমবার বরিশাল জেলা ও মহানগরের বর্ধিত সভা হবে। পর্যায়ক্রমে সব জেলা ও মহানগরের বর্ধিত সভা করা হবে। এ সভার মাধ্যমে সাংগঠনিক দুর্বলতা নিরসন করে দলকে গতিশীল ও শক্তিশালী করা হবে। খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘বর্ধিত সভার প্রাক-প্রস্তুতিমূলক কাজ করছি। দিন কয়েকের মধ্যেই রংপুর জেলা ও মহানগরের বর্ধিত সভার মাধ্যমে এ এলাকার সাংগঠনিক কাজ শুরু করব। রংপুরে অন্য সাতটি জেলার সভাপতি, সাধারণ সম্পাদক ও দলীয় সাংসদদের বর্ধিত সভায় আমন্ত্রণ জানানো হবে।’ মিজবাহউদ্দিন সিরাজ বলেন, হজরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করে এ মাসেই সিলেট মহানগরের বর্ধিত সভার মাধ্যমে এ বিভাগের সাংগঠনিক কার্যক্রম শুরু হবে।কেন্দ্রীয় নেতাদের সফর: আওয়ামী লীগের নীতিনির্ধারকেরা মনে করেন, মহাজোট সরকারের এক বছরে ব্যর্থতার চেয়ে সাফল্য অনেক বেশি। কিন্তু প্রচার নেই বলে জনগণ সাফল্য সম্পর্কে কিছু জানছে না। বিরোধী দল সরকারের কার্যক্রম নিয়ে অপপ্রচার করলেও সরকারের পক্ষ থেকে ইতিবাচক কার্যক্রম প্রচারের উদ্যোগ নেই। তাই সারা দেশে সভা-সমাবেশের মাধ্যমে দলীয়ভাবে সরকারের কার্যক্রম প্রচার করা হবে। নেতাদের মতে, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এক শ্রেণীর সুযোগসন্ধানী দলে ঢুকে চাঁদাবাজি-টেন্ডারবাজি করছে। তা ছাড়া ছাত্রলীগের কিছু নেতা-কর্মী অপরাধমূলক কার্যক্রমে জড়িয়ে পড়ছে। সাংগঠনিক সফরকালে এসব অপতত্পরতা রোধেও কেন্দ্রীয় নেতারা ব্যবস্থা নেবেন। অপরাধমূলক কাজে দল বা সহযোগী সংগঠনের কোনো নেতার ইন্ধন থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে তাঁদের সম্পর্কে কেন্দ্রে প্রতিবেদন দেওয়া হবে।১০ লাখ সদস্য সংগ্রহের লক্ষ্য: সূত্র জানায়, আওয়ামী লীগ এবার প্রাথমিকভাবে ১০ লাখ সদস্য সংগ্রহের লক্ষ্য ঠিক করেছে। এরই মধ্যে ১০ লাখ সদস্য ফরম সারা দেশে বিতরণ করা হয়েছে। প্রয়োজনে আরও ফরম ছাপা হবে। আগামী জুন পর্যন্ত সদস্য সংগ্রহ অভিযান চলার কথা থাকলেও প্রয়োজনে সময় বাড়ানো হবে। সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারি দল বলে সদস্য সংগ্রহের বেলায় বিশেষ সতর্কতা অবলম্বন করা হবে। দুষ্ট প্রকৃতির কেউ দলে প্রবেশ করে যাতে দলের বদনাম করতে না পারে, সে বিষয়টি লক্ষ রাখা হবে। জেলা ও উপজেলায় বর্ধিত সভার সময় সাংগঠনিক সম্পাদকেরা এ ব্যাপারে দিকনির্দেশনা দেবেন। তা ছাড়া নেতা-কর্মীদের সঙ্গে দূরত্ব কমাতে সংসদ অধিবেশন না থাকলে সাংসদদের দলীয় কার্যালয়ে নিয়মিত বসার সিদ্ধান্ত হয়েছে। আওয়ামী লীগের সংসদীয় দলের পরবর্তী বৈঠকে দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ব্যাপারে সাংসদদের দিকনির্দেশনা দেবেন বলে জানা গেছে।জুনের পর তৃণমূলের কাউন্সিল: সূত্র জানায়, জুন মাসের পর তৃণমূল পর্যায়ে কাউন্সিল শুরু করার পরিকল্পনা আছে আওয়ামী লীগের। পর্যায়ক্রমে ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা, উপজেলা ও জেলার কাউন্সিল হবে। আওয়ামী লীগের ৭২টি জেলা কমিটির মধ্যে ১১টির ১২ বছরেরও বেশি সময় ধরে কাউন্সিল হচ্ছে না। জানা গেছে, ১১টি জেলার কাউন্সিল আগে করা হবে। তৃণমূল পর্যায়ের কাউন্সিল শেষে নির্ধারিত তিন বছরের মধ্যে কেন্দ্রীয় কাউন্সিল করার ব্যাপারে দলের নীতিগত সিদ্ধান্ত আছে।