সাংগঠনিক কর্মসূচি পালনে বিএনপিতে অনীহা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা ও থানা সফরে অনেক কেন্দ্রীয় নেতার অনীহা ও দায়িত্বপ্রাপ্ত জেলার পরিবর্তে অন্য জেলায় যাওয়ার আগ্রহের কারণে থানাভিত্তিক কর্মসূচি পালনের দিনক্ষণ ঠিক করতে পারছে না বিএনপি। কেন্দ্রীয় নেতাদের দ্বন্দ্বের কারণে কিছু জেলায় সাংগঠনিক কাজও থেমে আছে।জানা গেছে, বেশির ভাগ থানাতেই বিএনপির মাসব্যাপী সভা-সমাবেশ কর্মসূচি এখন শুধু প্রস্তুতি সভার মধ্যে সীমাবদ্ধ রয়েছে। তা ছাড়া কয়েকটি থানায় কর্মসূচি পালনের নির্ধারিত স্থানে স্থানীয় প্রশাসনের ১৪৪ ধারা জারির কারণেও কর্মসূচি সফল হতে পারেনি।বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতারা কর্মসূচি পালনে ধীরগতির কথা স্বীকার করেছেন। তবে এ জন্য তাঁরা সরকারের আচরণকে দায়ী করছেন। কয়েকজন জেলা নেতা বলেন, কর্মসূচি বাস্তবায়নে তৃণমূল পর্যায়ে প্রস্তুতি আছে। তবে কেন্দ্রীয় নেতারা জেলা সফরে আসার সময় দিতে না পারায় তা শুরু করা যাচ্ছে না।বিএনপির দপ্তর সূত্রে জানা গেছে, এখনো তারা সফরসূচি ঠিক করতে পারেনি। অনেক কেন্দ্রীয় নেতা জেলায় যাওয়ার ব্যাপারে অনাগ্রহের কথা জানিয়েছেন। কেউ কেউ দায়িত্বপ্রাপ্ত জেলার পরিবর্তে অন্য কোনো পছন্দের জেলায় যাওয়ার আগ্রহের কথা জানিয়েছেন। এ জন্য সফরসূচিতে বেশ কিছু পরিবর্তনের প্রয়োজন পড়বে। তবে প্রতিদিনই বিভিন্ন থানায় কর্মসূচি পালিত হচ্ছে বলে দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা দাবি করেছেন।গত ২১ সেপ্টেম্বর বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে ১ অক্টোবর থেকে মাসব্যাপী কেন্দ্রীয় নেতাদের থানায় থানায় সাংগঠনিক সফর, গণসংযোগ ও সমাবেশ কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়। সরকারের জুলুম, নির্যাতন, হয়রানি, মামলা, হামলা, অপহরণ, গুম, খুন, দ্রব্যমূল্য বৃদ্ধি, নিয়োগ-বাণিজ্য, ভারতের সঙ্গে চুক্তি, বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ, প্রশাসনকে দলীয় স্বার্থে ব্যবহারের প্রতিবাদে এ কর্মসূচি পালনের কথা।বিএনপির দপ্তর থেকে পাঠানো তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ৪০ থেকে ৫০টির বেশি থানায় কর্মসূচি পালিত হয়নি। নেত্রকোনা ও যশোরে কর্মসূচি পালনকালে পুলিশ সভাস্থলে ১৪৪ ধারা জারি করে। ময়মনসিংহ ও বরিশালের দায়িত্বপ্রাপ্ত বিএনপির দুই কেন্দ্রীয় নেতা আবদুল্লাহ আল নোমান ও আমানউল্লাহ আমান ঢাকায় বসে প্রস্তুতি সভা করে এখন পর্যন্ত দায়িত্ব শেষ করেছেন।বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকারের আজ্ঞাবহ প্রশাসন নানাভাবে কর্মসূচি পালনে বাধা দিচ্ছে। পূর্বানুমতি নেওয়া সত্ত্বেও তারা সভার দিন সেখানে ১৪৪ ধারা জারি করছে।আবার দলীয় কোন্দলের কারণে ১৪৪ ধারা জারিও হয়েছে কোথাও কোথাও। আজ মঙ্গলবার মাগুরায় সহসভাপতি সেলিমা রহমানের আগমন উপলক্ষে জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক একই স্থানে কর্মসূচি ঘোষণা করায় ১৪৪ ধারা জারি করা হয়।সূত্র জানায়, দলের স্থায়ী কমিটির সদস্য মাহাবুবুর রহমান নিজ জেলা দিনাজপুর, তরিকুল ইসলাম খুলনা, যশোর ও নড়াইল এবং সারোয়ারি রহমান ঢাকা জেলার কর্মসূচি পালনের দায়িত্ব পেয়েছেন। এ ছাড়া বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল মান্নান টাঙ্গাইল, শামসুজ্জামান দুদু নিজ জেলা চুয়াডাঙ্গা ও পাবনা, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও ও লালমনিরহাট, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দীন খোকন গাজীপুর, মোহাম্মদ শাহজাহান নেত্রকোনা, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন কিশোরগঞ্জ, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান নিজ জেলা ঝিনাইদহ, ইকবাল হাসান মাহমুদ গাইবান্ধায় কর্মসূচি পালনের দায়িত্ব পেয়েছেন।বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও চট্টগ্রাম মহানগর সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী কিছুদিন দেশের বাইরে ছিলেন। তাই সেখানে এখনো কর্মসূচি শুরু হয়নি। দ্বন্দ্বের কারণে মেহেরপুর জেলার দায়িত্ব একজনকে দিয়ে পরে তাঁকে বাদ দেওয়া হয়।বাগেরহাট জেলার দায়িত্বপ্রাপ্ত নুরুল ইসলাম দাদু সময় দিতে না পারায় সেখানে কর্মসূচি পালিত হচ্ছে না। তৃণমূল পর্যায়ের নেতারা নিজেদের মতো করে প্রস্তুতি নিয়েছেন। জেলার সভাপতি এম এ সালাম বলেন, ‘দাদু ভাই খুব অসুস্থ। সে জন্য তিনি আসতে পারছেন না। তবে আমরা প্রস্তুত হয়েই আছি। উনি বা যে-ই আসুন, কর্মসূচি পালনে সমস্যা হবে না।’ঢাকা মহানগর কমিটি নিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার দ্বন্দ্ব থাকায় মহানগরের থানাগুলোতে কর্মসূচি পালনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।তবে দলের সহদপ্তর সম্পাদক আরশাদুল করিম প্রথম আলোকে বলেন, প্রায় সব জেলার জন্য কেন্দ্রীয় নেতাদের নাম চূড়ান্ত করা হয়েছে। কয়েকটি জেলায় এ সমস্যা আছে। আর ঢাকা মহানগরের বিষয়টি চেয়ারপারসন সরাসরি তত্ত্বাবধান করছেন। তাই এখানে সমস্যা হবে না।কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও সাংসদ নজরুল ইসলাম মঞ্জু প্রথম আলোকে বলেন, খুলনায় এখনো মূল কর্মসূচি শুরু হয়নি। এখন কর্মিসভা ও প্রস্তুতি সভা চলছে। স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম এলে কর্মসূচি পালিত হবে।বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহাবুবুর রহমান বলেন, কর্মসূচি ঘোষণা হয়েছে। এ কর্মসূচি সফলভাবেই শেষ হবে। কিছু সমস্যা থাকাটা অস্বাভাবিক নয়। সময় আছে, সমাধান হয়ে যাবে।