সাংগঠনিক সংকটে বিএনপি, তরিকুল দায়িত্ব নিচ্ছেন না
শীর্ষস্থানীয় নেতাদের গ্রেপ্তারের কারণে কিছুটা সাংগঠনিক সংকট তৈরি হয়েছে বিএনপিতে। এই পরিস্থিতিতে বিএনপির সম্ভাব্য কেন্দ্রীয় নেতাদের মধ্য থেকে কাউকে দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে শরিক জামায়াতে ইসলামীর প্রতি তিনি কী মনোভাব পোষণ করেন, তা-ও দলীয় সিদ্ধান্তকে প্রভাবিত করছে।বিএনপির মুখপাত্র ও সমন্বয়কারীর দায়িত্ব নিচ্ছেন না দলটির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম। এর জন্য তিনি শারীরিক অসুস্থতার কথা বললেও দলের সূত্রগুলো বলছে, তিনি দলে জামায়াতবিরোধী হিসেবে পরিচিত। সর্বশেষ দলের সমন্বয়কারীর দায়িত্ব পালনের সময় তাঁর সঙ্গে জোটের অন্যতম শরিক জামায়াতের টানাপোড়েন লেগে ছিল। আবার তিনি এই পরিস্থিতির মুখোমুখি হতে চান না।বিএনপির সূত্রে জানা গেছে, তরিকুল দায়িত্ব নিতে রাজি না হওয়ায় ওই পদে এখনো অন্য কাউকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেননি দলীয় প্রধান। সার্বিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে খালেদা জিয়া নিজেই আপাতত সবকিছু দেখভাল করছেন। তবে কেন্দ্রীয় কার্যালয়ের দাপ্তরিক কাজগুলো সম্পাদনের দায়িত্ব দেওয়া হয়েছে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামানকে। গতকাল থেকে তিনি দায়িত্ব পালন শুরু করেছেন।সম্প্রতি কয়েক দফায় বিএনপির কেন্দ্রীয় ১৭ জন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী, সাংগঠনিক কাজের দায়িত্বে থাকা মহাসচিব ও যুগ্ম মহাসচিব মিলিয়ে নয়জনের মধ্যে পাঁচজনই কারাগারে। একজন (দেলোয়ার হোসেন) মারা গেছেন এবং একটি পদ শূন্য রয়েছে। বাকি দুজন হলেন রাজশাহীর মিজানুর রহমান ও আইনজীবী নেতা মাহবুবউদ্দিন খোকন। দলটির ১৯ সদস্যের স্থায়ী কমিটির চারজন এখন কারাগারে। একজন (দেলোয়ার হোসেন) মারা গেছেন এবং একজন (তারেক রহমান) দেশের বাইরে থাকছেন।দলের উচ্চপর্যায়ের সূত্র বলছে, এ অবস্থায় কোনো দায়িত্ব দেওয়া না হলেও ঢাকায় থেকে দলীয় সব কাজে অংশ নেওয়ার জন্য স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনকে বলা হয়েছে। গ্রেপ্তার হওয়া নেতাদের কারাবাস দীর্ঘ হলে শেষ পর্যন্ত তাঁকেই দায়িত্ব দেওয়া হতে পারে বলে মনে করছে দলের সূত্রগুলো। মোশাররফ দলে জামায়াতের প্রতি নমনীয় নেতা হিসেবে পরিচিত। তবে স্থায়ী কমিটির সদস্য আবদুল মইন খান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, ওসমান ফারুক, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাও তাঁর সঙ্গে থেকে দায়িত্ব পালন করবেন।বিএনপির সাংগঠনিক কাজ দেখভাল করতেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর কেন্দ্রীয় দপ্তরের দাপ্তরিক কাজের দায়িত্বে ছিলেন যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী। সারা দেশে বিএনপির সাংগঠনিক কাজ মহাসচিবের নেতৃত্বে যুগ্ম মহাসচিবেরা পালন করে থাকেন। মহাসচিব না থাকায় সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করছিলেন।এর আগে মির্জা ফখরুল দুই দফা গ্রেপ্তার হলে তরিকুল ইসলাম সমন্বয়ক ও মুখপাত্রের দায়িত্ব পালন করেন। কিন্তু এবার তিনি দায়িত্ব নিতে না চাওয়ায় দলে নানা আলোচনা চলছে। অনেক নেতাই মনে করেন, জামায়াতের সঙ্গে মিলে চলতে না পারার কারণে তিনি এই দায়িত্ব থেকে স্বেচ্ছায় সরে থাকতে চান।বিএনপির স্থায়ী কমিটির একজন নেতা বললেন, দলে তরিকুল ইসলামের নেতৃত্ব নিয়ে কারও কোনো আপত্তি কখনো ছিল না। তাঁর মতো বিশ্বস্ত ও অভিজ্ঞ রাজনীতিবিদের অভাব বিএনপিতে আছে। তবে এটা ঠিক, তাঁর সঙ্গে জামায়াতে ইসলামীর মেলে না। এটা তিনি প্রকাশ্যে ও দলের স্থায়ী কমিটির বৈঠকেও বলেছেন। তবে গতকাল টেলিফোনে আলাপকালে যশোরে অবস্থানরত তরিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘দলের বর্তমান অবস্থায় দায়িত্ব পালন না করার পেছনে কোনো কারণ নেই। কিন্তু আমি খুবই অসুস্থ। এটা দলের সবাই জানেন। সম্প্রতি ম্যাডামসহ অন্য যেসব নেতা যশোর ও সাতক্ষীরায় এসেছিলেন, তাঁরাও তা দেখেছেন। কিছুদিন আগে ব্যাংককে গিয়ে চিকিৎসাও করিয়েছি।’সূত্র জানিয়েছে, গতকাল দুপুরে টেলিফোনে তরিকুল ইসলামের সঙ্গে কথা বলেছেন খালেদা জিয়া। ঢাকায় আসতে পারবেন কি না জানতে চেয়েছেন খালেদা জিয়া। তরিকুল তাঁর অসুস্থতার কথা দলীয় চেয়ারপারসনকে জানান।সূত্র বলছে, তরিকুলের পরামর্শে শামসুজ্জামানকে আপাতত দাপ্তরিক কাজ চালিয়ে নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। তরিকুল তাঁকে সব ধরনের পরামর্শ ও সহায়তা দেবেন বলে দলীয় প্রধানকে জানিয়েছেন।মামলা প্রত্যাহার না হলে কঠোর কর্মসূচি: আটক নেতা-কর্মীদের মুক্তির দাবি জানিয়ে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার করা না হলে আবারও কঠোর কর্মসূচি দেওয়া হবে। গতকাল বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন শামসুজ্জামান। তিনি দাবি করেন, আজকের হরতালে সারা দেশে তাঁদের তিন শতাধিক নেতা-কর্মী আহত, দুই শতাধিক গ্রেপ্তার এবং আট শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শামসুজ্জামান বলেন, ‘সরকার যে ভাষায় কথা বলছে এবং যে ভঙ্গিতে কাজ করছে, তা পরিবর্তন করলে ভালো হয়।’ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এক মাসের মধ্যে দেশে স্থিতিশীলতা ফিরে আসবে বলে যে আশাবাদ ব্যক্ত করেছেন, সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে শামসুজ্জামান বলেন, ‘অর্থমন্ত্রী যদি বিরোধী দলের দাবি, নেতা-কর্মীদের গ্রেপ্তার ও নির্যাতনের বিষয়গুলো মাথায় রেখে তাঁর নেত্রীর সঙ্গে কথা বলে এই উক্তি করেন এবং তত্ত্বাবধায়ক সরকারের দাবি যদি অন্তর্বর্তী সরকারে রূপান্তরিত হয়, তাহলে আমরা বিষয়টিকে স্বাগত জানাই।’