সাংগঠনিক সফর শুরু করছে আওয়ামী লীগ
বিরোধী দলের আন্দোলনের হুমকির পরিপ্রেক্ষিতে মাঠে নামছে সরকারি দল আওয়ামী লীগ। ২৬ জুলাই থেকে দলের কেন্দ্রীয় নেতাদের সাংগঠনিক সফর শুরু হচ্ছে। রমজান মাসের আগেই বৃহত্তর ১৯টি জেলায় জনসভা ও কর্মিসভা করা হবে।এবার সাংগঠনিক সফরে দলের চার জ্যেষ্ঠ নেতা আমির হোসেন আমু, আবদুর রাজ্জাক, তোফায়েল আহমেদ ও সুরঞ্জিত সেনগুপ্তকে অন্তর্ভুক্ত করা হয়েছে।আওয়ামী লীগের সূত্রগুলো জানায়, সাংগঠনিক কাজের পাশাপাশি মহাজোটকে সক্রিয় করাসহ শরিকদের মধ্যে সৃষ্ট দূরত্ব কমিয়ে ঐক্যকে আরও সুদৃঢ় করারও উদ্যোগ নেওয়া হয়েছে। আজ বুধবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে এ ব্যাপারে বিস্তারিত কর্মপরিকল্পনা নেওয়া হতে পারে। বিরোধী দল বিএনপি জোট সম্প্রসারণের উদ্যোগ নেওয়ায় আওয়ামী লীগও সক্রিয় হয়েছে। প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনা এ ব্যাপারে কয়েকজন নেতাকে দিকনির্দেশনা দিয়েছেন। সূত্রগুলো আরও জানায়, দলের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) এবং ১৪ দলের নেতাদের তাঁর বাসভবনে আমন্ত্রণ জানিয়েছেন। ১৪ দলের নেতাদের সঙ্গে চলতি সপ্তাহেই অনানুষ্ঠানিক বৈঠক হওয়ার কথা। দলের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের এরই মধ্যে বেশ কিছু রাজনৈতিক দলের নেতার সঙ্গে কথা বলেছেন। গতকাল মঙ্গলবার তিনি জাসদ কার্যালয়ে যান। জাতীয় পার্টির সঙ্গে আলোচনার বিষয়ে প্রধানমন্ত্রী কথা বলবেন। এ ছাড়া নতুন কোনো দল নিয়ে জোট সম্প্রসারণের বিষয়টি প্রধানমন্ত্রী নিজেই দেখছেন।আওয়ামী লীগের গত কাউন্সিলে আমির হোসেন আমু, আবদুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, আবদুল জলিল, সুরঞ্জিত সেনগুপ্তকে উপদেষ্টামণ্ডলীতে স্থান দেওয়া হয়। এরপর তাঁদের সাংগঠনিক কোনো কাজে লাগানো হয়নি। জলিল বাদে বাকি চারজন এই প্রথম সাংগঠনিক সফরে ঢাকার বাইরে যাচ্ছেন। ২৬, ২৭, ২৮ ও ২৯ জুলাই এই সাংগঠনিক সফর হবে। এ জন্য ১৮টি দল গঠন করা হয়েছে। বৃহত্তর ১৯টি জেলায় জনসভা ও কর্মীসভা করা হবে। তাঁরা মাঠপর্যায়ে দলীয় গ্রুপিং-লবিং নিরসনেও কাজ করবেন বলে জানা গেছে।সূত্র জানায়, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের আজকের বৈঠকে সাংগঠনিক সফর চূড়ান্ত করা ছাড়াও সদস্য সংগ্রহ অভিযান জোরদার, ওয়ার্ড থেকে মহানগর পর্যন্ত কাউন্সিল করার বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। তবে গত ১৫-১৬ বছর ধরে কাউন্সিল না হওয়া ১১টি জেলার কাউন্সিল আগে করার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত আছে।প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক: সূত্র জানায়, নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে অংশ নেওয়ার জন্য গঠিত দলের কমিটি গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছে। প্রায় দেড় ঘণ্টাব্যপী বৈঠকে প্রস্তাবিত প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ পদ্ধতি, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইন, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (সংশোধন) আইন এবং নির্বাচনী প্রচারণা ব্যয় (জন তহবিল) আইন, ২০১১ নিয়ে আলোচনা হয়।সূত্র আরও জানায়, বৈঠকে সবার সঙ্গে আলোচনার মাধ্যমে মতৈক্যের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠনের বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর কতিপয় ধারা নিয়েও কথা হয়।বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, আবদুল মতিন খসরু, মাহবুব উল আলম হানিফ, নূহ-উল আলম লেনিন, শিরীন শারমিন চৌধুরী, মৃণালকান্তি দাস ও রিয়াজুল কবির।