সাংঘর্ষিক রাজনৈতিক সংস্কৃতির কারণে সংসদ কার্যকর ভূমিকা রাখতে পারছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধপূর্ণ ও সাংঘর্ষিক রাজনৈতিক সংস্কৃতির কারণে জাতীয় সংসদ কার্যকর ভূমিকা রাখতে পারছে না। প্রধান দুই রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতাদের অসহিষ্ণু ও সমঝোতামূলক মনোভাবের অভাবের কারণে বর্তমানে দেশে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। আজ বৃহস্পতিবার সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত সংলাপে সাংসদ ও বিশিষ্ট ব্যক্তিরা এ কথা বলেন।‘বাংলাদেশের সংসদ: প্রতিনিধিত্ব ও দায়বদ্ধতা’ শীর্ষক এই সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক রওনক জাহান (সিপিডির ফেলো) এবং সিএইচআর মিকেলসেন ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষক ইনজে এমান্ডসেন। অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্ব পালন করেন রেহমান সোবহান।সংলাপের প্রধান অতিথি ডেপুটি স্পিকার শওকত আলী বলেন, সাংসদেরা অনেক ক্ষেত্রেই সংসদীয় রীতি অনুসরণ করেন না। তাঁরা পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে সংসদের বাইরের বিষয়কে ভেতরে ডেকে আনেন, যা প্রকৃত অর্থে পয়েন্ট অব অর্ডার হয় না।বিরোধী দলের সাংসদ এম কে আনোয়ার বলেন, বাংলাদেশ রাষ্ট্রপতির শাসন থেকে প্রধানমন্ত্রীর শাসনে ফিরে এসেছে। কিন্তু এতে রাষ্ট্রের গুণগত কোনো পরিবর্তন হয়নি। সংবিধান সংশোধন এবং তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের বিষয়ে সবার সঙ্গে পরামর্শ করা হলেও সেসব পরামর্শ আমলে নেওয়া হয়নি। এভাবে গণতন্ত্র বিকশিত হতে পারে না।সরকারি দলের সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘অব্যাহত সংঘাত ও সাংঘর্ষিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শক্তিশালী সংসদ গড়ে উঠতে পারে না। গণতন্ত্রের মূল কথা ক্ষমতার বিকেন্দ্রীকরণ। কিন্তু আমাদের দেশের সব ক্ষমতা কেন্দ্রীভূত। সংসদের অবস্থা এক চাকাবিহীন বাইসাইকেলের মতো। বিরোধী দলবিহীন সংসদ এক অর্থে অকার্যকর। আমরা সবাই মিলে সংসদকে ধ্বংস করার কাজে লিপ্ত হয়েছি। যে কারণে গণতন্ত্রও এখন সংকটে।’সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজউদ্দিন খান বলেন, ব্যবসায়ীদের নির্বাচিত হওয়ার বিষয়টি দোষের নয়। সমস্যা হলো তাঁরা সংসদে বসেও ব্যবসার কথা ভাবেন।অধ্যাপক এম এম আকাশ বলেন, নির্বাচনে জেতার পর সাংসদদের লক্ষ হয়ে থাকে পরবর্তী নির্বাচনে কীভাবে জেতা যাবে। সে জন্য তাঁরা টাকা সংগ্রহ করতে শুরু করেন। এসব করতে গিয়ে তাঁরা সংসদের কথা ভুলে যান।অধ্যাপক আসিফ নজরুল বলেন, বিরোধী দলের হেরে যাওয়া প্রার্থীরা দলীয় প্রধানকে সংসদে না যাওয়ার ব্যাপারে প্রভাবিত করেন। এটিই সংসদ বর্জনের অন্যতম কারণ। সংসদীয় কমিটির ক্ষমতা নির্ধারণের জন্য সংবিধানে আইন প্রণয়নের কথা বলা থাকলেও ৪০ বছরেও আইনটি হয়নি। মন্ত্রী-আমলাদের অনিচ্ছার কারণেই এটি হয়নি। যে কারণে বাংলাদেশের সংসদে কমিটির কোনো ক্ষমতা নেই।রওনক জাহান প্রবন্ধে উল্লেখ করেন, সংসদে ছোট রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিত্ব দিন দিন কমছে। পঞ্চম সংসদে নয়টি ছোট দল পেয়েছিল ৬৮টি আসন। অষ্টম সংসদে তিনটি ছোট দল পেয়েছিল ছয়টি আসন। নবম সংদের ছোট দলগুলো বড় দুটি জোটের সঙ্গে যুক্ত হয়ে নির্বাচনে অংশ নেয়।সংসদে বর্জনের হার বেড়ে যাওয়ার বিষয়কে উদ্বেগজনক বলে মনে করেন রওনক জাহান। তিনি উল্লেখ করেন, পঞ্চম সংসদে সংসদ বর্জনের হার ৩৪ শতাংশ, সপ্তমে ৪৩ শতাংশ, অষ্টমে ৬০ শতাংশ এবং নবম সংসদে ৭৪ শতাংশ।সংসদ বর্জনের হারের সঙ্গে পাল্লা দিয়ে সাংসদদের বেতন-ভাতা বেড়েছে বলে রওনক জাহান মন্তব্য করেন। তিনি জানান, ১৯৭৩ সালে সাংসদদের বেতন ও অন্যান্য ভাতার পরিমাণ ছিল দুই হাজার ৫০০ টাকা। বর্তমানে তাঁরা বেতন ও অন্যান্য ভাতা মিলিয়ে পেয়ে থাকেন ৮৭ হাজার টাকা। সাংসদপ্রতি তিন কোটি টাকা বরাদ্দের বিষয়টি দেশে দুর্নীতির বিস্তার ঘটাবে বলে আশঙ্কা প্রকাশ করেন রওনক জাহান।সমস্যা সমাধানের সুপারিশে রওনক জাহান বলেন, প্রধান দুই রাজনৈতিক দলের অবস্থান বিরোধপূর্ণ। কিন্তু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য তাদের সমঝোতায় আসতে হবে। নির্বাহী বিভাগকে দলনিরপেক্ষ করার ব্যবস্থা তাদেরই গ্রহণ করতে হবে। রাজনৈতিক আলোচনার মাধ্যমেই সংসদ বর্জনের অপসংস্কৃতি রোধ করা সম্ভব।রওনক জাহান জানান, অতীতের যেকোনো সংসদের তুলনায় এবারের সংসদের কমিটিগুলো অনেক বেশি সক্রিয়। তবে কমিটিগুলোর ক্ষমতা সীমিত। বিশেষ কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তিকে তলবের ক্ষমতা তাদের নেই।