সাংবাদিক অশোক সেন আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের প্রথিতযশা সাংবাদিক অশোক সেন আর নেই। আজ রোববার বিকেল চারটা ৩০ মিনিটে যশোরের কুইন্স হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর।তিনি মুক্তিযুদ্ধ, নব্বইয়ের গণ-আন্দোলন, সাংবাদিকদের অধিকার আদায়ের আন্দোলনসহ অসংখ্য আন্দোলনের অগ্রসেনানী ছিলেন। তাঁর জীবনপ্রদীপ নিভে যাওয়ায় যশোরের সাংবাদিক, শিক্ষাবিদ, রাজনীতিবীদ, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিরা গভীরভাবে শোকাহত।চলতি বছরের জুলাইয়ের শেষ দিকে তিনি অসুস্থ হন। দীর্ঘদিন নিজ বাড়িতেই চিকিত্সা গ্রহণ করেও অবস্থার উন্নতি না হওয়ায় গত বছরের ১৬ আগস্ট তাঁকে ভারতে নিয়ে যাওয়া হয়। পশ্চিমবঙ্গের বারাসাত ক্যানসার রিসার্চ অ্যান্ড ওয়েলফেয়ার ইনস্টিটিউটে তিনি চিকিত্সা নেন। সেখানে তাঁর ফুসফুসের ক্যানসার ধরা পড়ে। চিকিত্সকেরা কেমোথেরাপির মাধ্যমে তাঁকে কয়েক দফা চিকিত্সা দিয়েছেন। এর পরও তাঁর অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়নি। কিন্তু দেশের প্রতি তাঁর টান তাঁকে বারাসাতের হাসপাতালে বন্দী করতে পারেনি। তাই স্বজনদের মুখ দেখতে অসুস্থ শরীরেই তিনি ২৭ সেপ্টেম্বর দেশে ফিরে আসেন।জীবনীঅশোক সেন ১৯৫২ সালের ৩০ আগস্ট যশোরের কেশবপুরে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম কালীপদ সেন। তাঁরা ছয় ভাই ও তিন বোন। তাঁর স্ত্রী বেবি সেন। একমাত্র ছেলে অর্ণব সেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়ছে। তিনি ১৯৬৭ সালে কেশবপুর হাইস্কুল থেকে এসএসসি, ১৯৬৯ সালে যশোর সরকারি এমএম কলেজ থেকে এইচএসসি ও ১৯৭১ সালে একই কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। ছাত্রজীবনেই তিনি বাম রাজনীতির সঙ্গে যুক্ত হন। ১৯৭৩ সালে যশোর জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি নির্বাচিত হন। তিনি ১৯৮০ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত একটানা অবিভক্ত কমিউনিস্ট পার্টির জেলা সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরে পার্টি বিভক্ত হলে রাজনীতি থেকে অবসর নেন।মুক্তিযুদ্ধের সময় সিপিবি ও ন্যাপ পরিচালিত যৌথ কমান্ডের বনগাঁ ক্যাম্পের দায়িত্বে ছিলেন। স্বাধীনতার পর থেকেই তিনি লেখালেখি শুরু করেন। যশোর থেকে প্রকাশিত সাপ্তাহিক ঠিকানায় সম্পাদকীয় বিভাগে যোগদানের মধ্য দিয়ে তাঁর সাংবাদিকতায় হাতেখড়ি। পরে দৈনিক ঠিকানাতেও তিনি একই বিভাগে কাজ করেন। ১৯৮৫ সালে যশোরের দৈনিক কল্যাণে সহকারী সম্পাদক হিসেবে যোগ দেন। ১৯৯১ সালে ভোরের কাগজ-এর জেলা প্রতিনিধি নিযুক্ত হন। এরপর প্রথম আলোর প্রতিষ্ঠাকাল থেকেই তিনি যশোর অফিসের নিজস্ব প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।শুধু সাংবাদিকতা নয়, তাঁর সম্পৃক্ততা ছিল বিভিন্ন সামাজিক কাজের সঙ্গেও। তিনি উদীচী যশোরের উপদেষ্টা, বেসরকারি সংস্থা ‘বাঁচতে শেখা’র নির্বাহী কমিটির সদস্য, টিআইবির সচেতন নাগরিক কমিটি (সনাক) যশোরের উপদেষ্টা, শিক্ষা ও সংস্কৃতি চর্চাকেন্দ্রের প্রতিষ্ঠাতা আহ্বায়কের দায়িত্ব পালন করছিলেন।