সাংবাদিক অশোক সেন আর নেই
যশোরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক প্রথিতযশা সাংবাদিক অশোক সেন আর নেই। গতকাল রোববার বিকেল সাড়ে চারটায় তিনি যশোর শহরের কুইন্স হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের গণ-আন্দোলন, সাংবাদিকদের অধিকার আদায়ের আন্দোলনসহ বহু আন্দোলনের অগ্রসেনানী অশোক সেন স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন।গত বছরের জুলাইয়ের শেষ দিকে অশোক সেন অসুস্থ হয়ে পড়েন। যশোরে বেশ কিছুদিনের চিকিত্সায় তাঁর অবস্থার কোনো উন্নতি না হওয়ায় ১৬ আগস্ট তাঁকে ভারতে নিয়ে যাওয়া হয়। পশ্চিমবঙ্গের বারাসাত ক্যানসার রিসার্চ অ্যান্ড ওয়েলফেয়ার ইনস্টিটিউটে পরীক্ষা-নিরীক্ষায় তাঁর ফুসফুসের ক্যানসার শনাক্ত হয়। সেখানে চিকিত্সকেরা তাঁকে কয়েক দফা কেমোথেরাপি দেন। তাতেও তাঁর অবস্থার উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় দেড় মাস পর তাঁকে দেশে নিয়ে আসা হয়।সর্বস্তরের মানুষের শ্রদ্ধা প্রদর্শনের জন্য অশোক সেনের মরদেহ আজ সকাল ১০টায় যশোর প্রেসক্লাব, বেলা ১১টায় যশোর উদীচী এবং পরে স্থানীয় প্রথম আলোর কার্যালয় চত্বরে নেওয়া হবে।জন্ম, শিক্ষা ও পেশাজীবন: অশোক সেনের জন্ম ১৯৫২ সালের ৩০ আগস্ট যশোরের কেশবপুরে। তাঁর স্ত্রী বেবি সেন। একমাত্র ছেলে অর্ণব সেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্র।অশোক ১৯৬৭ সালে কেশবপুর হাইস্কুল থেকে এসএসসি পাস করেন। তিনি ১৯৬৯ সালে যশোর সরকারি এমএম কলেজ থেকে এইচএসসি ও ১৯৭১ সালে একই কলেজ থেকে স্নাতক পাস করেন। ছাত্রজীবনেই তিনি বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত হন। অশোক সেন ১৯৭৩ সালে যশোর জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি নির্বাচিত হন। ১৯৮০ সাল থেকে টানা ১৯৯৩ সাল পর্যন্ত তিনি অবিভক্ত কমিউনিস্ট পার্টির জেলা সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরে পার্টি বিভিক্ত হলে তিনি রাজনীতি থেকে অবসর নেন।মুক্তিযুদ্ধ চলাকালে অশোক সেন সিপিবি ও ন্যাপ পরিচালিত যৌথ কমান্ডের বনগাঁ ক্যাম্পের দায়িত্বে ছিলেন। স্বাধীনতার পর থেকে তিনি লেখালেখি শুরু করেন। যশোর থেকে প্রকাশিত সাপ্তাহিক ঠিকানায় সম্পাদকীয় বিভাগে কাজের মধ্য দিয়ে তাঁর সাংবাদিকতা জীবনের সূচনা হয়। পরে দৈনিক ঠিকানাতেও তিনি একই বিভাগে কাজ করেন। ১৯৮৫ সালে যশোরের দৈনিক কল্যাণে সহকারী সম্পাদক হিসেবে যোগ দেন। ১৯৯১ সালে তিনি ভোরের কাগজ-এর জেলা প্রতিনিধি নিযুক্ত হন। ১৯৯৮ সালে প্রথম আলো প্রকাশিত হলে তিনি এর যশোর অফিসের দায়িত্ব নেন। এরপর তিনি এই পত্রিকার নিজস্ব প্রতিবেদক হন এবং আমৃত্যু এই দায়িত্বে ছিলেন।সাংবাদিকতার পাশাপাশি অশোক সেন উদীচী যশোরের উপদেষ্টা, বেসরকারি সংস্থা ‘বাঁচতে শেখা’র নির্বাহী কমিটির সদস্য, টিআইবির সচেতন নাগরিক কমিটি (সনাক) যশোরের উপদেষ্টা, শিক্ষা ও সংস্কৃতি চর্চাকেন্দ্রের প্রতিষ্ঠাতা আহ্বায়কের দায়িত্ব পালন করেন।শোক: অশোক সেনের মৃত্যুতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি সাংসদ রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক গভীর শোক প্রকাশ করেছেন। এ ছাড়া যশোরের সাংবাদিক, শিক্ষাবিদ, রাজনীতিক ও সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিরা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।