সাংবাদিক অশোক সেনকে লোভ স্পর্শ করতে পারেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক অশোক সেন ঘটনার গভীরে ঢুকে বস্তুনিষ্ঠ সংবাদ লিখতেন। কোনো লোভ কিংবা মোহ তাঁকে স্পর্শ করতে পারেনি। এ কারণেই তিনি সুসাংবাদিকতার পথিকৃত্ ছিলেন। ‘প্রথম আলো’র যশোর অফিসের নিজস্ব প্রতিবেদক অশোক সেনের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার আয়োজিত এক স্মরণসভায় বক্তারা এ কথা বলেন।প্রথম আলো বন্ধুসভা যশোরের উদ্যোগে আজ বিকেল সাড়ে চারটায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যশোর জেলা সংসদের সত্যেন সেন মঞ্চে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। এর আগে অশোক সেনের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় তাঁর আত্মার শান্তি কামনা করে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। ‘প্রথম আলো’র যশোর প্রতিনিধি মনিরুল ইসলামের সভাপতিত্বে ও শুভংকর গুপ্তের সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ তারাপদ দাস, উদীচীর উপদেষ্টা আবদুস শহীদ লাল, সভাপতি সৌমেশ মুখার্জী, শিক্ষাবিদ সন্তোষ হালদার, যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সভাপতি কিরণ সাহা, কবি ও সাংবাদিক ফকরে আলম, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ জেলা কমিটির সভাপতি আমিরুল ইসলাম, কপোতাক্ষ বাঁচাও আন্দোলন কমিটির আহ্বায়ক অনিল বিশ্বাস, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র জেলা কমিটির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, বন্ধুসভার উপদেষ্টা ইকবাল হোসেন প্রমুখ।স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আমিরুল আলম খান, প্রয়াত অশোক সেনের সহধর্মিণী বেবী সেন ও ছেলে অর্ণব সেন। বক্তারা বলেন, অশোক সেনের আদর্শ ও চেতনা ছড়িয়ে দেওয়ার জন্যে তাঁর নামে শহরের একটি গুরুত্বপূর্ণ সড়কের নামকরণ করতে হবে। এ জন্য পৌরসভা কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেওয়ার কথাও বক্তারা বলেন। এদিকে বেলা ১১টায় যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) উদ্যোগে যশোর প্রেসক্লাব মিলনায়তনে একটি শোকসভা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ২০১০ সালের ৩ জানুয়ারি ক্যানসারে আক্রান্ত হয়ে অশোক সেন শেষনিঃশ্বাস ত্যাগ করেন।