সাংবাদিক ইউনিয়নগুলোর ঐক্যপ্রক্রিয়া সাঙ্গ হল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে গড়ে ওঠা সাংবাদিকদের ঐক্যপ্রক্রিয়া আর এগোচ্ছে না। মূলত রাজনৈতিক মতাদর্শ এবং কারও কারও ব্যক্তিস্বার্থের কারণে দ্বিধাবিভক্ত সাংবাদিক ইউনিয়ন একীভূত হচ্ছে না। একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসি এবং ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চের আন্দোলনের ঢেউ সাংবাদিক ইউনিয়নের রাজনৈতিক বিভক্তি স্পষ্ট করে দিয়েছে। ইউনিয়নের দুই অংশ গণজাগরণ মঞ্চের আন্দোলনের দুই বিপরীত প্রান্তে অবস্থান নিয়ে আলাদা কর্মসূচিও ঘোষণা করেছে।বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ আগামী মঙ্গলবার ঢাকাসহ সারা দেশে সাংবাদিক সমাবেশের ডাক দিয়েছে। ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে বেলা ১১টায় এই সমাবেশ অনুষ্ঠিত হবে। ঢাকার বাইরে বিএফইউজের সব অঙ্গ ইউনিয়নের উদ্যোগেও ওই দিন সমাবেশ অনুষ্ঠিত হবে। মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসি, সাংবাদিকদের ওপর হামলাকারীদের শাস্তি এবং জাতীয় পতাকা ও শহীদ মিনারের অবমাননার প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করা হয়।বিএফইউজে ও ডিইউজের অপর একটি অংশ ২৮ ফেব্রুয়ারি ডেকেছে ‘ফ্যাসিবাদবিরোধী সমাবেশ’। ‘গণমাধ্যমে ফ্যাসিবাদী কায়দায় হামলা, অগ্নিসংযোগ, গণমাধ্যম কার্যালয় ভাঙচুর, সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যার বিচার ও সাংবাদিকদের দাবি আদায়ে’ এই সমাবেশ ডাকা হয়েছে। ওই দিন বেলা ১১টায় ঢাকায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। ঢাকার বাইরে বিএফইউজের প্রতিটি অঙ্গ ইউনিয়ন ওই সমাবেশের আয়োজন করবে। গতকাল শনিবারও জাতীয় প্রেসক্লাবের সামনে ওই দুটি ইউনিয়ন সমাবেশ করে। সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার দাবিতে প্রায় এক বছর ধরে চালিয়ে আসা ঐক্যবদ্ধ আন্দোলনের একপর্যায়ে ইউনিয়নের দ্বিধাবিভক্তি ঘুচিয়ে একীভূত হওয়ার অঙ্গীকার ঘোষণা করেছিলেন ইউনিয়নের নেতারা। এ নিয়ে তাঁরা দফায় দফায় সভা করেছেন। গত প্রায় এক বছর পর দুই ইউনিয়ন আলাদা কর্মসূচি ঘোষণা করল। এর ফলে বছর খানেকের ঐক্যবদ্ধ আন্দোলন ও একীভূত হওয়ার প্রক্রিয়া সাঙ্গ হলো বলে ইউনিয়নের দুই অংশের একাধিক নেতা মনে করছেন।