সাংবাদিক ইউনিয়নের ঐক্যবদ্ধ সমাবেশ ২২ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাগর-রুনির হত্যা-কারীদের গ্রেপ্তারসহ সব সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনা তদন্ত করে দুষ্কৃত-কারীদের শাস্তির দাবিতে ২২ ফেব্রুয়ারি সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হবে। জাতীয় প্রেসক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি এবং সাংবাদিকদের দুটি ইউনিয়নের কেন্দ্রীয় ও ঢাকার নেতারা যৌথভাবে এ কর্মসূচি ঘোষণা করেছেন।কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ওই দিন বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে। একই সঙ্গে স্থানীয়ভাবে প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়নসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠন সমাবেশ করবে।গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সংগঠন-গুলোর যৌথসভায় এই কর্মসূচি গ্রহণ করা হয়। সভায় সাগর-রুনি দম্পতি হত্যার আট দিন পার হলেও খুনিরা গ্রেপ্তার না হওয়ায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করা হয়।সভা শেষে যৌথ বিবৃতিতে বলা হয়, হত্যাকাণ্ডের পর প্রধানমন্ত্রীর নির্দেশ এবং ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তারে স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসের পরও এখন পর্যন্ত খুনি গ্রেপ্তার হওয়া দূরে থাকুক, তদন্তের অগ্রগতি লক্ষ করা যাচ্ছে না। উপরন্তু সরকারের উচ্চ মহলের বিভিন্ন কর্তাব্যক্তি ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের বিভিন্ন সময় নানা বক্তব্য তদন্ত সম্পর্কে জনমনে বিভ্রান্তি ও তদন্তে অন্তরায় সৃষ্টি করছে। গোটা সাংবাদিক সমাজের সঙ্গে সারা দেশের মানুষও এই হত্যাকাণ্ডে জড়িত খুনিদের গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে।সভা মনে করে, তদন্তে যত বিলম্ব হবে, সাংবাদিক সমাজের মধ্যে তত উদ্বেগ ও ক্ষোভ বাড়তে থাকবে। জনগণের মধ্যে বাড়বে সন্দেহ-সংশয়।সভার সভাপতি ও বিএফইউজের একাংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘সাংবাদিকদের মধ্যে তিনটি প্রশ্নে বিভেদ নেই। এগুলো হচ্ছে সব সাংবাদিক হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার চাই। অবিলম্বে সাগর-রুনির হত্যাকারীদের গ্রেপ্তার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’ এ ছাড়া সব ধরনের সাংবাদিক নির্যাতন বন্ধ করার পাশাপাশি সাংবাদিকেরা যেন নিরাপত্তার সঙ্গে ও মর্যাদা নিয়ে স্বাধীন সাংবাদিকতা করতে পারেন, তার নিশ্চয়তা চান তিনি।সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজী বলেন, ‘নিরাপত্তার স্বার্থে আজ ঐক্যবদ্ধ হয়েছি, ঐক্যবদ্ধ থাকব। ঐক্য বিনষ্ট করার চেষ্টা যে বা যাঁরা করবেন, তিনি এখান থেকে বিতাড়িত হবেন।’সভায় সাংবাদিক নেতাদের মধ্যে শওকত মাহমুদ, আবদুল জলিল ভূঁইয়া, কামাল উদ্দিন সবুজ, সৈয়দ আবদাল আহমদ, আবদুস শহিদ, ওমর ফারুক, মুহাম্মদ বাকের হোসাইন, শাখাওয়াত হোসেন, সাজ্জাদ আলম খান, শাবান মাহমুদ উপস্থিত ছিলেন।