সাংবাদিক জ ই মামুনের গাড়িতে হামলা
বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার বার্তা প্রধান জ ই মামুনের গাড়িতে গতকাল বুধবার রাতে হামলা হয়েছে। রাজধানীর গুলশান এলাকায় দুর্বৃত্তরা তাঁর গাড়িটি ছিনতাইয়ের চেষ্টা করে। ব্যর্থ হয়ে গাড়িটি ভাঙচুর করে। এ ব্যাপারে গতকাল রাতেই গুলশান থানায় মামলা হয়েছে।জ ই মামুন আজ বৃহস্পতিবার দুপুরে প্রথম আলোকে বলেন, গুলশান-১ নম্বরে যাওয়ার পথে গতকাল রাত নয়টার দিকে লেকসোর হোটেলের কাছে একদল দুর্বৃত্ত তাঁর গাড়িটি থামানোর চেষ্টা করে। তিনি গাড়ি না থামালে এক পর্যায়ে দুর্বৃত্তরা তাঁদের গাড়িটি আড়াআড়িভাবে তাঁর গাড়ির সামনে নিয়ে রাখে। তিনি নিজেই গাড়ি চালাচ্ছিলেন। তিনি গাড়ি থামালে দুর্বৃত্তরা তাঁর গাড়ির দরজা ধরে টানতে থাকে, জানালার কাঁচে ধাক্কা দিতে থাকে। এক পর্যায়ে তিনি জানালার কাঁচ একটু ফাঁকা করলে তাঁরা তাঁর কাছে গাড়ির চাবি চান। তিনি চাবি দিতে অস্বীকৃতি জানালে তাঁরা গাড়ির সামনের দিকের কাঁচে আঘাত করে ক্ষতিগ্রস্ত করে। এ ছাড়া গাড়ির উপরে ওঠেও আঘাত করতে থাকে। আশপাশের মানুষ চলে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।জ ই মামুনের গাড়িতে হামলার বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে গতকাল দুর্বৃত্তদের ব্যবহূত গাড়িটির নাম্বার পাওয়া গেছে। শিগগিরই দোষীদের গ্রেপ্তার করা হবে।