সাংবাদিক জি এম ইয়াকুবের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জি এম ইয়াকুবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।আজ সোমবার এক শোকবাণীতে শেখ হাসিনা বলেন, জি এম ইয়াকুব বাংলাদেশের সংবাদপত্র বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।আজ সোমবার বেলা সোয়া ১১টায় তিনি রাজধানীর মিরপুর সাংবাদিক কলোনির নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে পাকস্থলির ক্যান্সারে ভুগছিলেন। তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে ও অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।বীর মুক্তিযোদ্ধা জি এম ইয়াকুব তিন যুগেরও বেশি সময় ধরে জাতীয় দৈনিক ‘সংবাদ’-এর সহসম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ দেশের সাংবাদিকদের অধিকার আদায়ের সংগ্রামে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং বেশ কিছুকাল তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।আজ বাদ আসর মিরপুর সাংবাদিক কলোনি জামে মসজিদে নামাজে জানাজা শেষে মরহুমের লাশ কালসী কবরস্থানে দাফন করা হবে বলে মরহুমের পারিবারিক সূত্র জানিয়েছে। বাসস।