সাংবাদিক ঠেকাতে হঠাৎ তৎপর দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে গত দুই দিন ধরে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। কার্যালয়ে কর্মরত ঊর্ধ্বতন ব্যক্তিদের সঙ্গে দেখা করার বিশেষ পূর্বানুমতি (অ্যাপয়েন্টমেন্ট) থাকলেও কার্যালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না।আজ বৃহস্পতিবার দুদকের মূল গেটে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা ‘ওপরের নির্দেশ রয়েছে’ বলে সাংবাদিকদের ভেতরে প্রবেশে বাধা দেন। দুপুরের দিকে ‘কোনো লিখিত আদেশ রয়েছে কি না’—জানতে চাইলে অপেক্ষারত সাংবাদিক ও দুদকের ফটকে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ সময় দুদকের উপসহকারী প্রকৌশলী কোরবান আলী এসে বলেন, ‘ওপরের নির্দেশ রয়েছে। সাংবাদিকেরা ভেতরে প্রবেশ করতে পারবেন না।’গতকাল বুধবার সকাল সাড়ে নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত একই রকমভাবে সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়া হয়। আজ বেলা দুইটায় সাংবাদিকেরা মূল গেট পার হয়ে ভবনের নিচে জড়ো হলে আবারও তাঁদের চলে যেতে বলা হয়। বেলা সোয়া দুইটায় দুদকের পক্ষ থেকে কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য নিচে এসে বলেন, ‘কেবলমাত্র দুদক ডাকলেই আপনারা আসবেন, অন্যথায় নয়।’এদিকে দুদকের এ ধরনের আচরণের নিন্দা জানিয়েছেন দুদক নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন (আরএসি)। সংগঠনটির সাধারণ সম্পাদক মিজান মালিক এ প্রসঙ্গে প্রথম আলো ডটকমকে বলেন, ‘দুদক থেকে একতরফাভাবে এ ধরনের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া মোটেই কাম্য নয়। অতীতেও দুর্নীতি দমনে ব্যর্থ হয়ে দুদক এ ধরনের সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু সাংবাদিকেরা আলোচনার মাধ্যমে সেটার সমাধান করেছিল।’এ বিষয়ে দুদক চেয়ারম্যান গোলাম রহমান সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘সরাসরি কার্যালয়ের ভেতরে প্রবেশ করা যাবে না। পূর্বানুমতি নিয়ে আসতে হবে।’ তিনি জানান, ভবিষ্যতে সকাল ১০টায় প্রশ্ন লিখে জমা দিয়ে এলে বিকেল চারটায় সেই প্রশ্নের লিখিত উত্তর ফেরত দেবে দুদক কর্তৃপক্ষ। আর এ বিষয়ে তদারক করবে জনসংযোগ কর্মকর্তা।কিছু সাংবাদিকের আচরণ উল্লেখ করে তিনি অভিযোগ করেন, ‘আমার সঙ্গে কথা না বলে লিখে দেয় বা টেলিভিশনে প্রচার করে দেয়, দুদক চেয়ারম্যান অমুক কথা বলেছেন, যা আমি বলিই না। এগুলো আমার জন্য বিব্রতকর।’