সাংবাদিক ডেকে এনে শিবিরের নাশকতা-বিক্ষোভ!
রাস্তার ওপর পেট্রল ঢেলে দিচ্ছে একজন, আরেকজন ম্যাচের কাঠি জ্বালাতেই জ্বলে ওঠে আগুনের শিখা। প্রতি হরতালেই টিভি চ্যানেলগুলোতে এ রকম চিত্র দেখা যাচ্ছে। গাড়ি ভাঙচুর, পেট্রলের বোতল হাতে গাড়িতে অগ্নিসংযোগ বা ককটেল বিস্ফোরণের মতো দৃশ্য দেখা যায় টিভিতে, ছাপা হচ্ছে গণমাধ্যমে।পুলিশের কর্মকর্তারা অভিযোগ করেছেন, বেশি করে প্রচার করে জনমনে আতঙ্ক ছড়াতে জামায়াত-শিবির আগেভাগেই কিছু সংবাদকর্মীকে ডেকে এনে সকালের দিকে ক্যামেরার সামনে নাশকতা করছে। এই কর্মকর্তারা বলছেন, গত কয়েক দিনের হরতালে সারা দেশে এমন পাঁচ থেকে ১০টি ঘটনা ঘটানো হয়েছে। কিন্তু এগুলোই সারা দিন টিভি চ্যানেলগুলোতে বারবার দেখানোর ফলে মনে হয়েছে, দেশে তোলপাড় হয়ে যাচ্ছে, ব্যাপক জ্বালাও-পোড়াও চলছে। ফলে আতঙ্কিত অনেক মানুষই কাজ থাকলেও বের হচ্ছে না।গত বুধবার জামায়াতের ডাকা হরতাল চলাকালে শিবিরের কর্মীরা রাজশাহীর গণমাধ্যমকর্মীদের মুঠোফোনে বিমানবন্দর সড়কে যাওয়ার আমন্ত্রণ জানান। সাংবাদিকেরা সেখানে পৌঁছানোর পর দুটি মোটরসাইকেলে আসা শিবিরের ছয়জন কর্মী সড়ক অবরোধ করেন। স্থানীয় আরও কয়েকজন তাঁদের সঙ্গে ছিল। তখন সেদিক দিয়ে একটি মিশুক যাচ্ছিল। গায়ে লাল শার্ট, পিঠে ব্যাগ ও মাথায় ক্যাপ পরা শিবিরের এক কর্মী হাতে পেট্রল বোমা (পেট্রল ভরা বোতলের মুখে কাপড়ের সলতে) নিয়ে মিশুকটির দিকে হেঁটে যান। সামনের দিক থেকে লাল টি-শার্ট পরা শিবিরের আরেক কর্মী পথরোধ করে গাছের ডাল দিয়ে মিশুকটির কাঁচ ভেঙে ফেলেন। গাড়িটির চালকের কাকুতি-মিনতি উপেক্ষা করে পেছন থেকে শিবিরের ওই কর্মী সলতেতে আগুন দিয়ে পেট্রলভরা বোতলটি গাড়ির ভেতরে ছুড়ে দেন। মিশুকটি দাউ দাউ করে জ্বলে ওঠে আর শিবিরের কর্মীরা দ্রুত মোটরসাইকেলে স্থান ত্যাগ করেন। পুরো ঘটনা ঘটানো হয় ক্যামেরার সামনে। এরপর আরও কয়েকটি ঘটনা ঘটান তাঁরা, সবই একই কায়দায় ক্যামেরার সামনে।কয়েক দিন আগেও শিবিরের কর্মীরা মুখোশ পরে এই নাশকতা করলেও এখন করছেন মুখ দেখিয়েই।গত মঙ্গলবার দুপুরে হরতাল চলাকালে রাজশাহী-নওগাঁ সড়কের পবায় তানোরগামী একটি যাত্রীবাহী বাসের ওপর চড়াও হন শিবিরের কর্মীরা। যথারীতি খবর দিয়ে রাখা হয় সাংবাদিকদেরও। বাসটি থামানোর জন্য শিবিরের কর্মীরা ইটপাটকেল ছুড়তে শুরু করেন। এ সময় সামনের কাচ ভেঙে একজন নারী গুরুতর আহত হন। এরপর চালক বাসটি থামাতে বাধ্য হন। শিবিরের কর্মীরা যাত্রীদের বাস থেকে দ্রুত নামার নির্দেশ দেন। যাত্রীরা নামার সঙ্গে সঙ্গে তাঁরা পেট্রল ঢেলে গাড়িতে আগুন লাগিয়ে দেন। কিছুক্ষণের মধ্যে গাড়িটি পুড়ে যায়। দৃশ্যটি ক্যামেরায় ধারণ করা হয়।প্রতি হরতালের দিন ও তার আগের দিন এ রকম ঘটনা ঘটছে। সর্বশেষ গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সাংবাদিকদের ডেকে নিয়ে রাজশাহীর শহীদ এ এইচ এম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার ফটকের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ ও ককটেলের বিস্ফোরণ ঘটান শিবিরের কর্মীরা। এসব দৃশ্য ক্যামেরায় ধারণ করা হয়। প্রত্যক্ষদর্শী পার্কের একজন কর্মচারী বলেন, ‘সাংবাদিক ডেকে অভিনয় করে চলে গিয়েছে শিবিরের কর্মীরা।’রাজশাহী মহানগর পুলিশের কমিশনার এস এম মনির-উজ-জামান গতকাল প্রথম আলোকে বলেন, কিছুই মিডিয়ার দৃষ্টি এড়ায় না। টেলিভিশন খুললেই, পত্রিকার পাতা উল্টালেই দেখা যায় ভাঙচুর চলছে, আগুন জ্বলছে। কিন্তু পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছাতে পারছে না, তাই শিবিরের কর্মীদের শনাক্ত করা যাচ্ছে না।একই রকম ঘটনা রাজধানীতেও ঘটছে প্রতিটি হরতালে। নাম প্রকাশ না করার শর্তে ঢাকা মহানগর পুলিশের একজন কর্মকর্তা বলেন, কামারুজ্জামানের ফাঁসির রায়ের দিন ডাকা হরতালে রাজধানীর ফার্মগেটের ইন্দিরা রোডে শিবিরের কর্মীরা মিছিল বের করেন ও ককটেলের বিস্ফোরণ ঘটান। সেখানে আগে থেকে কয়েকজন সাংবাদিককে ডেকে আনা হয়।গত সোমবার হরতালে সকাল আটটার দিকে যাত্রাবাড়ীর ধলপুরে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের সংঘর্ষে গণমাধ্যমকর্মীসহ অন্তত ১০ জন আহত হন। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একজন কর্মকর্তা বলেন, ধলপুর ইসলামী হাসপাতালের সামনে জামায়াত-শিবিরের কর্মীরা ঝটিকা মিছিল করবেন বলে কয়েকজন টিভি সাংবাদিককে খবর দিয়ে আনেন। পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে শটগানের গুলি চালালে কয়েকজন সাংবাদিকও আহত হন।শবযাত্রায় ঢুকে তাণ্ডব: গত বুধবার সকালে রাজধানীর পল্লবীর কালশী কবরস্থানে লাশ দাফন করতে আসা লোকজন হঠাৎ আঁতকে ওঠেন। লাশ দাফন শেষ করে দোয়া শুরু হলে কবরস্থানের ফটকে কয়েকজন সাংবাদিক এসে হাজির হন। সঙ্গে সঙ্গে ‘নারায়ে তাকবির’ বলে মিছিল শুরু করে দেন কয়েকজন। তাঁরা কবরস্থানের ফটকে রাখা কয়েকটি বাস ভাঙচুর ও একটি বাসে আগুনও লাগিয়ে দেন।কবরস্থানের তত্ত্বাবধায়ক ইসমাঈল মিয়া বলেন, গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে কলেজশিক্ষক আবু আইয়ুব আনসারী তাঁকে ফোন করে জানান, তাঁর মা আমেনা বেগম মারা গেছেন। তাঁরা বুধবার ভোরে দাফন করবেন। তিনি একটি কবর খুঁড়ে রাখার অনুরোধ করেন।ইসমাঈল মিয়া বলেন, রাতেই তিনি কবর খুঁড়ে রাখেন। সকাল সাড়ে ছয়টার দিকে দুটি ট্রাকে লাশ নিয়ে কবরস্থানে আসেন মৃত ব্যক্তির স্বজনেরা। সব মিলিয়ে প্রায় ৭০-৮০ জন লোক। সব আনুষ্ঠানিকতা শেষ করতে প্রায় এক ঘণ্টা লেগে যায়। লাশ কবরে রেখে মাটি দেওয়া শেষে যখন দোয়া চলছিল, তখনই কবরস্থানের ফটকে দু-তিনজন ফটোসাংবাদিককে দেখতে পান তাঁরা। এ সময় হঠাৎ ‘নারায়ে তাকবির’ ধ্বনি দিয়ে ওঠেন একজন। আরেকজন একটি ব্যানার বের করলে কবরস্থান থেকেই ২০-২৫ জনের একটি দল মিছিল শুরু করে দেয়। মিছিলটি কবরস্থানের ফটক থেকে বের হয়েই রাস্তায় রাখা বাস ভাঙচুর করে ও আগুন দেয়।স্থানীয় লোকজন জানান, পরে পরিবহনশ্রমিক ও স্থানীয় লোকজন একত্র হয়ে লাশ দাফন করতে আসা ৩৭ জনকে আটক করেন। পরিবহনশ্রমিকেরা তাঁদের বিরুদ্ধে গাড়ি ভাঙচুরের অভিযোগ তুলে তাঁদের কয়েকজনকে মারধরও করেন। পরে আটক ব্যক্তিদের পল্লবী থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। কয়েক ঘণ্টা পর নীলফামারী-১ আসনের সাংসদ জাফর ইকবাল সিদ্দিকীর হস্তক্ষেপে পুলিশ আটক ব্যক্তিদের ছেড়ে দেয়।এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান বলেন, ‘অনেক সময় আমরা দেখেছি, প্রচার পাওয়ার জন্য শিবিরের কর্মীরা নাশকতা বা ঝটিকা মিছিলের খবর সাংবাদিকদের অগ্রিম জানিয়ে দেন।’টেলিভিশনে কর্মরত একজন প্রতিবেদক বলেন, টিভি চ্যানেলে সংবাদের জন্য প্রচুর ফুটেজ প্রয়োজন হয়। আগে হরতালে পুলিশের সঙ্গে যুদ্ধের মতো গণমারামারির দৃশ্য প্রচার করত টিভিগুলো। কিন্তু শিবিরের লোকসংখ্যা কম, তাদের হামলা হয় চোরাগোপ্তা। এসব ঘটনার ফুটেজের জন্য তাই তাঁদের শিবিরের ডাকে সাড়া দিতে হয়।