সাংবাদিক থেকে কলামিস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ৬০ বছর কেটে গেল সাংবাদিকতা জীবনে। মাঝখানে অবশ্য চার বছর ছেদ পড়েছিল। স্বাধীনতা-পরবর্তী আড়াই বছর বঙ্গবন্ধুর নির্দেশে সংসদ সদস্যের রাজনীতি করতে হয়েছে। তবে সাংবাদিকতা থেকে বিচ্ছিন্ন ছিলাম না, দুই-একটি বিদেশি পত্রিকা যেমন লন্ডন টাইমস, সানডে টাইমস আর নিউইয়র্ক টাইমস-এর স্থানীয় সংবাদদাতার খণ্ডকালীন সংবাদদাতা। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালকের পদের চার বছর সাংবাদিক পরিচয় না থাকলেও সাংবাদিক পরিচয়টি মুছে যায়নি। উল্লিখিত পাঁচ-ছয় বছর বাদ দিলে একজন সাংবাদিক এই একক পরিচয়টি ১৯৮৭ সাল পর্যন্ত প্রকারান্তরে বহাল ছিল। আজীবন ‘সাংবাদিক’ শব্দটি নামের আদ্যোপ্রান্তে কেউ ব্যবহার করেন না। কিন্তু আমার নাম কোথাও লিখিত বা উচ্চারিত হলে বলা হয় ‘সাংবাদিক’ অমুক। এর মাঝে আবার ‘প্রবীণ ও বর্ষীয়ান’ শব্দটি অনেকে সসম্মানে যোগ করে থাকেন। এখন সর্বশেষ যোগ হয়েছে ‘কলামিস্ট’, একটি ইংরেজি শব্দ এবং সেই পদবিতে এখন অধিকতর সুপরিচিত।অতিরিক্ত পদবিটি যোগ করার নাটের গুরু যে ছিলেন মতিউর রহমান, প্রথম আলোর সম্পাদকের ভোরের কাগজ সম্পাদক থাকাকালে সে কাহিনি আগে অনেকবার বলেছি, পুনরাবৃত্তি নিষ্প্রয়োজন। বস্তুত হিন্দু পুরাণের ‘নারদ মুনি’র ভূমিকাটি পালন করে তিনি যে লেখকপ্রিয় আবদুল গাফ্ফার চৌধুরী মাঝে কোনো একটি বিতর্কিত বিষয় নিয়ে প্রায় দুই দশক আগে ঝগড়া বাধিয়ে আমাকে বিপাকে ফেলে কপালে ‘কলামিস্ট’ টিকিটি এঁটে দিলেন। অতঃপর ভোরের কাগজ-এর ছোট্ট পরিসরে নানা বিষয়ে সম্পাদকীয় পাতায় লেখালেখি শুরু করলাম। রাজনীতি নিয়ে শুরু, তারপর বিষয় থেকে বিষয়ান্তরে। রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সবজান্তার আমার কলামে মত। তবে সত্যি কথা বলতে কি নিবন্ধের শেষে পরিচয় লেখা হতো ‘সাংবাদিক ও কলামিস্ট’। প্রথম শেষ শব্দদ্বয় আমার একদম না-পছন্দ ছিল। তবে কলামিস্ট শব্দটি নিয়ে একটুখানি ভাবতে হলো। কারণ, তত দিনে মতিউর রহমান তাঁর সম্পাদকীয় পাতার মন্তব্য প্রতিবেদন লেখার জন্য (যা এখন নিজেই স্বনামে মাঝে মাঝে প্রথম পাতার খবরের পাতার একাংশ বেদখল করে নিজেই লেখেন) বরাদ্দ করেছেন, যা আমার মোটেই পছন্দ নয়। কারণ, পাকিস্তান অবজারভার-এ বার্তাকক্ষে প্রথম প্রবেশের দিনই আমার সম্পাদক চূড়ামণি ডয়েন অব দি এডিটার্স আবদুস সালাম বলেছিলেন, ‘নিউজ ইজ সেক্রেড, অপিনিয়ন ইজ ফ্রি।’ সংবাদ বিতরণ বা উপস্থাপনে নিজ মত অপ্রকাশ্যে রাখবে। মতামত প্রদানের জন্য নির্দিষ্ট পাতা বরাদ্দ রয়েছে। সেখানে মতামত প্রকাশে তোমার পূর্ণ স্বাধীনতা রয়েছে, যার জন্য সম্পাদকীয় পাতা রয়েছে, বার্তা পরিবেশনের ক্ষেত্রে অনুপ্রবেশ করবে না।আমার সেই সম্পাদকের উপদেশটি অর্থাৎ সম্পাদকীয় পাতাটি বর্তমানে তার সতীত্ব হারিয়েছে। কারণটি হচ্ছে, আগেকার দিনে ‘সম্পাদকীয় পাতা’ বা সম্পাদকদের পাঠকদের সংখ্যা ছিল মাত্র শতকরা পাঁচ, খুব বেশি হলে দশ অথবা বারো। এর কারণ, সম্পাদকের রাজনৈতিক, মালিকের আদর্শভিত্তিক মত প্রচারে আর ব্যবসায়িক স্বার্থে সঠিক মতটি প্রকাশ করতে পারেন না। করলেও বিচিত্র সব বাক্যবিন্যাস করে কথার জগাখিচুড়ি বানিয়ে ফেলেন। এ নিয়ে তখনকার দিনের বহুল পঠিত আজাদ-এর সম্পাদকীয় নিয়ে পরবর্তীকালে আমি আমার কলামে মজার মন্তব্য করেছিলাম। আজাদ পত্রিকা ছিল ক্ষমতাসীন মোসলেম লীগের মুখপত্র। অথচ সম্পাদক আবুল কালাম শামসুদ্দিন, সহসম্পাদক আবু জাফর শামসুদ্দিন, সৈয়দ ওয়ালীউল্লাহ অথবা বার্তা সম্পাদক সিরাজুদ্দীন হোসেন ছিলেন একটু ভিন্নমতের অনুসারী। তাই আজাদ-এর সম্পাদকীয়ের ধরন ছিল: সরকার যাহা করিয়াছেন ভালোই করিয়াছেন, আরও করিলে মন্দ হইত না। তবে না করিলে আরও ভালো হইত।স্বাধীন বাংলাদেশে এমনকি পাকিস্তানি জমানার শেষ যুগে এই ‘এ-ও হয় ও-ও হয়’ ধরনের লেখার ধরনের পরিবর্তন ঘটল। সেই পরিবর্তনের প্রথম ঝান্ডাটি ওড়ালেন তফাজ্জল হোসেন মানিক মিয়া। সদ্য প্রকাশিত চার পৃষ্ঠার পত্রিকায় সম্পাদকীয় পাতায় লিখতে শুরু করলেন ‘মোসাফির’ ছদ্মনামে, শিরোনাম দিলেন ‘রাজনৈতিক মঞ্চ’। মোসলেম লীগবিরোধী সব রাজনৈতিক দলে যুক্তফ্রন্টের হাওয়া বইতে শুরু করেছে। গ্রামে-গঞ্জে, হাটবাজারে দোকানে বা রাস্তার ধারে শ্রোতা জড়ো হয় দশ-বারোজন থেকে ডজন দুয়েক। সামান্য লেখাপড়া জানা একজন পড়েন, অন্যরা শোনেন। সেই পড়া ও শোনা ১৯৫৪ সালের নির্বাচনী ফলাফলে অবিশ্বাস্য প্রভাব ফেলেছিল। তখন থেকেই শুরু রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সমস্যা নিয়ে গভীর তত্ত্ব অর্ধশিক্ষিত ও অশিক্ষিত জনগণের ওপর ব্যক্তিবিশেষের লেখা উপসম্পাদকীয় জনপ্রিয়তা পেল। কলামিস্ট ‘মোসাফির’ সম্পাদক মানিক মিয়ার চেয়ে অধিকতর পাঠকপ্রিয় ছিলেন।সামরিক শাসন জারি করলেন আইয়ুব খান, তফাজ্জল হোসেন ওরফে মানিক মিয়া, মোসাফিরের ‘রাজনৈতিক মঞ্চ’ কলমের নাম বদলে হলো ‘রঙ্গমঞ্চ’। তাঁর উপসম্পাদকীয় এমন যা তখন ইংরেজি ভাষায় ‘কলম’ নামে পাঠকের চাহিদায় অগ্রাধিকার পেয়েছে অত্যন্ত সাধারণ ভাষায় ও ভঙ্গিতে লেখা হতো, যা অর্ধশিক্ষিত পাঠক উপভোগ করতেন। দুই-একটি উদাহরণ তার শব্দ বা প্রবাদের ব্যবহার না দিয়ে নানা কিসসা কাহিনি পরে বলব। পরবর্তীকালে জনপ্রিয় কলামিস্ট আবদুল গাফ্ফার চৌধুরী, খন্দকার আবদুর হামিদ, আবুল মনসুর আহমদ, ইত্তেফাক-এর নিয়মিত কলামিস্ট ‘ভীমরুল’ প্রমুখকে প্রভাবিত করেছে। তবে ‘ভীমরুল’ নামটি কায়রোতে পিআইএর বিমান দুর্ঘটনায় নিহত আহমেদুর রহমানের একান্ত ছিল না। গাফ্ফার, মাইদুল হাসান, সিরাজুদ্দীন হোসেন (একাত্তরে শহীদ) ও আরও অনেকে ‘ভীমরুল’-এর শূন্যস্থান পূর্ণ করেছেন। এখন মানিক মিয়ার জনপ্রিয়তা পাওয়ার মূলে ‘স্ল্যাং’ বা একটুখানি অশ্লীল শব্দের প্রয়োগ সাধারণ পাঠকের মাঝে তাঁর জনপ্রিয়তাকে তুঙ্গে নিয়ে যায়। যেমন মোসলেম লীগের কোনো অপকর্মের নিন্দা করে তিনি লিখলেন, ‘ইহাদের চোখে বিড়াল প্রস্রাব করিয়াছে।’ আরেকবার মোসলেম লীগের মাঝে ভাঙনের খবর বিশ্লেষণ প্রসঙ্গে লিখলেন, ‘(ফরিদপুরের মুসলিম লীগ নেতা) মোহন মিয়ার গুন্ডারা সভা পন্ড করিয়া দিয়াছে।’ পরদিন মোহন মিয়া ‘গুন্ডা’ শব্দটির প্রতিবাদ করে মানিক মিয়াকে টেলিফোন করলেন। মোসাফিরের কলামে পরের সপ্তাহে সংশোধনী ছাপা হলো, ‘গত সপ্তাহে ভুলক্রমে মোসলেম লীগের গুন্ডা ছাপা হইয়াছে। সে জন্য দুঃখিত। আসলে “গুন্ডা” না হইয়া ইহা “ষন্ডা” হইবে।’ভারত শাসন আমলে দৈনিক আজাদ-এ ‘গুলিস্তা-বোঁস্তা’ নামে একটি কলম তথা টিকা-টিপ্পনীসহ নিয়মিত প্রকাশিত হতো, যা আরবি ফার্সি শব্দের বাহুল্যের কারণে বহুল পঠিত ছিল না। সেই কলামটি দুজন পালাক্রমে লিখতেন মোহাম্মদ মোদাব্বের (শেফাউল মুলক ছদ্মনামে) এবং তাঁর অনুপস্থিতিতে লিখতেন শেফাউল মুলক (জুনিয়র), হাবিবউল্লাহ বাহার। দেশ বিভাগের আগে ও পরে ভারতে ইংরেজি ও বাংলা পত্রিকায় যাঁরা কলাম লিখেছেন তাঁদের মাঝে কুলদীপ নারায়ণ, সুনীল গঙ্গোপাধ্যায় বা অমিতাভ চৌধুরীর বিস্তারিত পরিচিতি দেওয়া গেল না। তবে একটি অনবদ্য সংবাদ হচ্ছে কলাম লিখে ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড পেয়েছেন শুধু একজন। কলকাতায় যুগান্তর-এর অমিতাভ চৌধুরী, পরে ম্যানিলায় প্রেস ফাউন্ডেশন অব এশিয়ার পরিচালক। (আনন্দবাজার-এর বার্তা সম্পাদক অমিতাভ চৌধুরী নয়)।এবার যা দিয়ে শুরু করেছিলাম, সেখানে ফেরত যাই। মতিউর রহমান ভোরের কাগজ ছেড়ে প্রথম আলোতে এলেন, সঙ্গে নিয়ে এলেন প্রথমোক্ত পত্রিকার কয়েকজন জনপ্রিয় কলামিস্ট। সবাই নতুন পত্রিকায় কলাম লিখতে লাগলেন। আমি অবশ্য তাৎক্ষণিকভাবে ভোরের কাগজ-এ লেখা বন্ধ করা নৈতিক মনে করিনি। দুই পত্রিকায়ই সপ্তাহে দুটি লেখা পাঠাতাম। একই সঙ্গে জনকণ্ঠ-এর বন্ধু তোয়াব খানের জনকণ্ঠ-এ, সারওয়ারের যুগান্তর-এ ও আরও দুই-একটি দৈনিক ও সাময়িকীতে মাঝে মাঝে লিখতে লাগলাম। এখন অবশ্য আমি বহুচারী নই, প্রথম আলোর মতিউর রহমান ও সম্পাদকীয় বিভাগের প্রায় সবার সঙ্গে প্রীতির বন্ধনে জড়িয়ে পড়লাম, তাই শুধু দুই-একবার শারীরিক অসুস্থতার কারণে ছেদ পড়লেও অন্য কোথাও লিখে মন ভরে না। সর্বোপরি কয়েক বছরে আমার ‘সময়ের প্রতিবিম্ব’-এ বর্তমান রাজনৈতিক, সামাজিক ও সামগ্রিক শাসনব্যবস্থা ও রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে নানা ধরনের অবক্ষয়ের চিত্র প্রতিফলিত হয়েছে। যাদের কর্মকাণ্ডের বিচিত্র সব ছবির প্রতিবিম্ব আয়নায় দেখি, তাদের প্রতিক্রিয়া শুনতে পাই, তবে আজ পর্যন্ত তেমন কোনো উষ্মা বা ক্ষোভের প্রকাশের কারণে আবার এর মাঝে টেলিভিশনে টক শোর কারণে পরিচিতি বেড়েছে। স্বয়ং সরকারপ্রধান এ নিয়ে বলেছেন, মধ্যরাতের ‘সিঁধেল চোর’ সরকারের গলা কাটছে। এ নিয়ে আমি প্রথম আলোতে আমার প্রতিক্রিয়া ব্যক্ত করেছি। পরবর্তীকালে আমার প্রথম আলোতে প্রকাশিত নিবন্ধে তাঁর প্রদত্ত উপাধির একটুখানি সমালোচনা করেছি। জানাইনি ‘এককালে মধ্যরাতে গ্রামে চৌকিদার হাঁক দিয়ে বলত, গৃহস্থ হুঁশিয়ার’। প্রথম জীবনে শহরের মহল্লায় পাহারাদার মধ্যরাতে হুইসেল বাজিয়ে প্রকৃত ‘চোর’ খুঁজে বেড়াত। আমরা তো আসলে যারা মধ্যরাতের সিঁধ কাটা ধরার চৌকিদার, শহরের ‘হুইসেল ব্লোয়ার’। তাই তো আমরা যখন সবাইকে বলি একসঙ্গে বলি ‘তুই চোর তুই চোর’; আসলে আমরা দেখিয়ে দিই ‘ওই চোর, ওই চোর যায়। গৃহস্থ সাবধান।’ভিন্ন আলোচনা যথেষ্ট হয়েছে। শেষ কথা হচ্ছে, সংবাদপত্রে ইংরেজি শব্দের ‘কলামিস্ট’ বাংলায় আমার আপত্তি রয়েছে। সঙ্গে যখন সাংবাদিক শব্দটি যুক্ত হয় তখন আবার ভিন্ন চিন্তা মনে উদয় হয়। তা হলো দুটি বিশেষণই আমাদের ক্ষেত্রে প্রয়োগ করে সম্পাদক বলতে চান, ‘সব সাংবাদিক কলামিস্ট হতে পারে না, আবার সব কলামিস্ট (আমি বাংলা করে বলব ‘কলম পিষ্টক’) সাংবাদিক নন।’ তবে অনেক সাংবাদিক কলামিস্টের চেয়ে বিশিষ্ট অর্থনীতিবিদ, অধ্যাপক, রাজনীতি বিশ্লেষক অনেক বেশি জনপ্রিয়। উভয়ের যুক্ত বা বিযুক্ত পরিচয় বর্তমানকালের সংবাদপত্র তথা গণমাধ্যমকে সংবাদ পরিবেশন করে অর্জিত সাংবাদিকের চেয়ে সুনামের ঊর্ধ্বে অধিকতর জনপ্রিয় করেছে। এসব জনপ্রিয় লেখক অথবা সংবাদ বিশ্লেষণকারীর পরিচয় শুধু সাংবাদিক অথবা শুধু কলামিস্ট অভিহিত হলে ক্ষতি কী?