সাংবাদিক নিখিল ভদ্রের অবস্থা অপরিবর্তিত
বাসের নিচে চাপা পড়ে এক পা হারানো সাংবাদিক নিখিল ভদ্রের অবস্থা অপরিবর্তিত রয়েছে। তাঁকে এখনো নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন কেন্দ্রের (পঙ্গু হাসপাতাল) চিকিত্সকেরা এ কথা জানিয়েছেন।গতকাল বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে রাস্তা পারাপারের সময় বিআরটিসির একটি বাসের নিচে চাপা পড়ে এক পা হারান সাংবাদিক নিখিল ভদ্র। গুরুতর অবস্থায় তাঁকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিত্সকেরা তাঁর ডান পা হাঁটুর নিচ থেকে কেটে ফেলেন।চিকিত্সকেরা জানিয়েছেন, সাংবাদিক নিখিল ভদ্রের বড় ধরনের অস্ত্রোপচার হওয়ায় এখন তাঁর নিরবচ্ছিন্ন বিশ্রাম দরকার। তবে দর্শনার্থীদের চাপে তাঁর বিশ্রাম ব্যাহত হচ্ছে। তা ছাড়া দর্শনার্থীদের অবাধ আসা-যাওয়ার কারণে তাঁর কাটা পায়ে দ্রুত জীবাণু সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। এ অবস্থায় দর্শনার্থীদের হাসপাতালে ভিড় না করতে অনুরোধ জানিয়েছেন চিকিত্সকেরা। নিখিল ভদ্র দৈনিক কালের কণ্ঠের জ্যেষ্ঠ সাংবাদিক। সাংবাদিকতায় আসার আগে তিনি ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও খুলনা জেলার সভাপতি ছিলেন।