সাংবাদিক নির্মূলের আহ্বান !
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কাছে সাংবাদিকদের বিষোদগার করে একটি ব্যানার টাঙানো হয়েছে। গতকাল বুধবার ওই রহস্যজনক ব্যানারটি ঝুলতে দেখা গেছে। ব্যানারে সাংবাদিকদের সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও বিনা কারণে পুলিশের ওপর হামলার জন্য দায়ী করা হয়। একই সঙ্গে এতে সাংবাদিক নির্মূলের আহ্বান জানানো হয়েছে।ব্যানারের লেখা হয়েছে, ‘সাংবাদিকরা আইনের ঊর্ধ্বে নয়—বেআইনী সড়ক অবরোধ, গাড়ী ভাঙচুর ও বিনা কারনে পুলিশের উপর আক্রমণ সমাজ সচেতন সাংবাদিকদের কাজ নয়, এদের চিহ্নিত করে নির্মূল করুন—সচেতন সাংবাদিক সমাজ’সাম্প্রতিক সময়ে সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা, পেশাগত দায়িত্ব পালনের সময় প্রথম আলোর তিন আলোকচিত্র সাংবাদিকের ওপর পুলিশের হামলা, অনলাইন সংবাদপত্র বিডিনিউজের সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা, ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত চত্বরে পুলিশ দ্বারা এক তরুণীর শ্লীলতাহানির চেষ্টার জের ধরে সাংবাদিকদের ওপর পুলিশের হামলার ঘটনা ঘটে। এসব ঘটনার প্রতিবাদে সর্বস্তরের সাংবাদিকেরা মানববন্ধন, বিক্ষোভ সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন। সাংবাদিকদের ওপর হামলা-নির্যাতনের ঘটনায় দেশি-বিদেশি সংগঠনও নিন্দা জানিয়েছে।পুলিশের হাতে প্রথম আলোর তিন আলোকচিত্র সাংবাদিকসহ সব সাংবাদিক নির্যাতনের ব্যাপারে গত মঙ্গলবার এক প্রশ্নের জবাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের একটু দূরে থাকার পরামর্শ দেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।