সাংবাদিক নির্যাতন বন্ধে ঐক্যের আহ্বান
সাংবাদিক নির্যাতন প্রতিরোধে দলমতনির্বিশেষে সবাইকে একমত হওয়ার আহ্বান জানিয়েছেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশ ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতারা। আজ শনিবার প্রেসক্লাব চত্বরে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ডাকা দিনব্যাপী মহাসমাবেশে বক্তারা এ আহ্বান জানান।মহাসমাবেশে যোগ দিতে দেশের বিভিন্ন জেলা থেকে সাংবাদিকেরা আসেন। তাঁরা সাংবাদিক নির্যাতনের বিষয়ে নিজেদের বক্তব্য ও অভিজ্ঞতা তুলে ধরেন।সমাবেশে সাংবাদিক আতাউস সামাদ বলেন, ‘এখন আওয়ামীপন্থী সাংবাদিকেরাও নির্যাতিত হচ্ছেন। দেশের বিভিন্ন প্রান্তে সরকারদলীয় লোকজনের হাতে সাংবাদিক নির্যাতনের ধরন শুনে লজ্জা হয়।’সাংবাদিকদের জাতির কণ্ঠস্বর উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সদরুল আমিন বলেন, সাংবাদিকদের নির্যাতন করে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারেনি। এই সরকারও টিকে থাকতে পারবে না। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।খালেদা জিয়ার আরেক উপদেষ্টা মাহমুদুর রহমান বলেন, সাংবাদিকেরা এক থাকলে কেউ কিছু করতে পারবে না।খালেদা জিয়ার উপদেষ্টা ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ মহাসমাবেশে নয় দফা ঘোষণাপত্র পাঠ করেন। রুহুল আমিন গাজী মহাসমাবেশে কর্মসূচি ঘোষণাকালে বলেন, সারা দেশে জেলা-উপজেলায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন করা হবে। সাংবাদিকদের নামে দায়ের করা সব মামলা প্রত্যাহারসহ ঘোষণাপত্রের সব দাবি না মানলে আগামী ১৬ জুন কালো দিবসে আন্দোলনের চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করা হবে।সমাবেশে আরও বক্তৃতা করেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি রিয়াজউদ্দিন আহমদ, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সবুজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস শহীদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমিনুর রহমান মজুমদার, বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক কোরবান আলী, ড্যাবের মহাসচিব এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির সাংস্কৃতিক সম্পাদক চাষী নজরুল ইসলাম, সম্মিলিত পেশাজীবী ফোরামের সভাপতি সাবেক সচিব সোলায়মান চৌধুরী, মহাসচিব প্রকৌশলী শেখ আল আমিন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম মহাসচিব খুরশিদ আলম ও মাসুদ আহমদ তালুকদার, অ্যাবের সদস্যসচিব কৃষিবিদ হাসান জাকির তুহিন।