সাংবাদিক নির্যাতনের ঘটনা বাড়ছেই
সাংবাদিকদের ওপর হামলা, মামলা ও হত্যার ঘটনা ক্রমেই বাড়ছে। গত জানুয়ারি থেকে এপ্রিল—এই চার মাসে সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যাকাণ্ডসহ ১১০ জন গণমাধ্যমকর্মী পুলিশ ও সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন।পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গতকাল শনিবার প্রথম আলোর তিনজন ফটোসাংবাদিকসহ চলতি মাসে শুধু রাজধানীতেই নয়জন এবং ঢাকার বাইরে তিনজন সাংবাদিক পুলিশ ও সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন।মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর তথ্য অনুযায়ী, বর্তমান মহাজোট সরকারের গত তিন বছরে সাংবাদিক দলন ও নির্যাতনের ঘটনা ক্রমেই বেড়ে চলেছে। সংগঠনটি জানিয়েছে, ২০০৯ সালে সারা দেশে বিভিন্ন ঘটনায় ১৪৫ জন সাংবাদিক পুলিশ ও সন্ত্রাসীদের আক্রমণের শিকার হয়েছেন। ২০১০ ও ২০১১ সালে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় যথাক্রমে ১৭৮ ও ২০৬ জনে। গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, বর্তমান সরকারের সাড়ে তিন বছরে সাংবাদিক দম্পতি সাগর-রুনী, ফরহাদ খাঁ দম্পতি, এনটিভির ভিডিও এডিটর আতিকুল ইসলামসহ দেশের বিভিন্ন স্থানে ১৪ জন সাংবাদিক খুন হয়েছেন।গত ৭ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সাংবাদিক নেতাদের সঙ্গে বৈঠকে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। এর পরও গণমাধ্যমকর্মীদের ওপর হামলা-নিপীড়ন অব্যাহত রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ১০ মে ভোরের ডাক-এর জ্যেষ্ঠ প্রতিবেদক তুহিন সানজিদকে র্যাব তুলে নিয়ে নির্যাতন করে বলে তিনি অভিযোগ করেন। এ ব্যাপারে রাজধানীর পল্টন থানায় সানজিদ সাধারণ ডায়েরি করেন। ১৪ মে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বিরুদ্ধে প্রতিবেদন করায় কালের কণ্ঠ-এর পাবনার আঞ্চলিক প্রতিনিধি আবদুল্লাহ আল মামুনকে ১০-১২ জন সন্ত্রাসী আক্রমণ করে আহত করে। পরদিন সমকাল ও এনটিভির পাবনা প্রতিনিধি এ বি এম ফজলুর রহমানের ওপর সন্ত্রাসী হামলা হয়।১৬ মে ঢাকার সিএমএম আদালতে বিএনপির নেতারা জামিন নিতে গেলে সেখানে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশের লাঠিপেটায় পাঁচজন সাংবাদিক আহত হন। এর মধ্যে দিগন্ত টেলিভিশনের ক্যামেরাম্যান খলিলুর রহমানের ডান হাতের কবজি ভেঙে যায়। চ্যানেল টোয়েন্টিফোরের প্রতিবেদক সাজিদ হক, এটিএন নিউজের কবিরুল ইসলাম, একুশে টেলিভিশনের আনিসুর রহমান খান পুলিশের লাঠিপেটায় মারাত্মকভাবে জখম হন।মানবাধিকার সংগঠন অধিকার-এর তথ্য অনুযায়ী, এ বছরের এপ্রিল মাসে ১৬ জন সাংবাদিক আহত, একজন হুমকির সম্মুখীন এবং একজন আক্রমণের শিকার হয়েছেন। জানুয়ারি থেকে মার্চ—এই তিন মাসে দুজন সাংবাদিক নিহত, ৩০ জন আহত, ৩৫ জন হুমকির সম্মুখীন, দুজন আক্রমণের শিকার এবং ২৩ জন লাঞ্ছিত হয়েছেন।এ পরিস্থিতিতে ২১ মে এক যৌথ বিবৃতিতে জাতীয় প্রেসক্লাবসহ সাংবাদিকদের ছয়টি ইউনিয়ন ও সংগঠন সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের ওপর একের পর এক হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে। সংগঠনগুলো হলো: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (দুই অংশ), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (দুই অংশ) ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি। সংবাদপত্র কার্যালয়ে পুলিশের হানা এবং সাংবাদিকদের ওপর হামলার কারণে সাংবাদিকদের দায়িত্ব পালন কঠিন হয়ে পড়েছে বলে উল্লেখ করেন সংগঠনগুলোর নেতারা।