সাংবাদিক নির্যাতনের নিন্দা আরডব্লিউবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে সাংবাদিক নির্যাতনের নিন্দা জানিয়েছে ফ্রান্সভিত্তিক আন্তর্জাতিক বেসরকারি সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরডব্লিউবি)। একই সঙ্গে এসব নির্যাতন বন্ধ ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের ওপর চাপ সৃষ্টিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।গত ১৫ মে যশোরের শার্শা উপজেলায় স্থানীয় ‘গ্রামের কাগজ’ পত্রিকার প্রতিবেদক জামালউদ্দিনকে দুর্বৃত্তরা খুন করে। এ ঘটনার নিন্দা জানিয়ে সংগঠনটি এক বিবৃতিতে জানায়, স্থানীয় মাদক চক্র নিয়ে প্রতিবেদন তৈরি করার সঙ্গে জামালউদ্দিনের হত্যার যোগসূত্র থাকার সম্ভাবনা খুব জোরাল। বাংলাদেশ সরকারের উচিত বিষয়টি তদন্ত করা এবং অবিলম্বে অপরাধীদের আইনের আওতায় আনা। জামালউদ্দিনকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে পুলিশ জানানোর পরও পুলিশ তাঁকে রক্ষা করতে না পারায় বিস্ময় প্রকাশ করেছে সংগঠনটি। জামালউদ্দিনকে হত্যা ছাড়াও বিবৃতিতে আরও বলা হয়, গত মাসে সমকালের সাংবাদিক এ বি এম ফজলুর রহমান ও অনলাইন সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টি ফোরের কয়েকজন সাংবাদিকের ওপর হামলা চালানো হয়। কিন্তু এর পরও সরকার সাংবাদিকদের গ্রেপ্তার, হামলা-মামলা দিয়ে হুমকির মধ্যে রেখেছে।১৫ জুন রাত ১১টার দিকে কয়েকজন দুর্বৃত্ত নিজ বাড়ি থেকে জামালউদ্দিনকে অপহরণ করে স্থানীয় কাশিপুর বাজারে নিয়ে যায়। তাঁকে ছুরি ও দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে যায় তারা। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁর মৃত্যু হয়।ডেইলি স্টারের বরাত দিয়ে সংগঠনটি জানায়, পরে পুলিশ ওই গ্রামের মাদক ব্যবসায়ী তোতা মিয়ার বাড়ি থেকে রক্তমাখা দা ও তোয়ালে উদ্ধার করে। তোতা মিয়া পালিয়ে গেলেও তাঁর স্ত্রী লতা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।পর দিন জামালের হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে যশোর প্রেসক্লাবের সামনে স্থানীয় গণমাধ্যমকর্মীরা বিক্ষোভ করেন। আরডব্লিউবির তথ্যমতে, এ বছরের শুরু থেকে বাংলাদেশে গণমাধ্যমকর্মীদের ওপর নির্যাতনের ঘটনা বেড়েছে। তাদের সূচকে এসব কর্মীর ওপর নির্যাতনের ঘটনায় ১৭৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২৯তম।