সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সাদা দলের শিক্ষকদের মানববন্ধন
প্রথম আলোর তিন আলোকচিত্র সাংবাদিক, আদালত প্রতিবেদকসহ সারা দেশে সাংবাদিক নির্যাতন-নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সাদা দল।আজ বৃহস্পতিবার অপরাজেয় বাংলার পাদদেশে শিক্ষকেরা বেলা সাড়ে ১১টা থেকে আধা ঘণ্টা এ কর্মসূচি পালন করেন।মানববন্ধনে উপস্থিত শিক্ষকেরা বলেন, সাগর-রুনি হত্যা, প্রথম আলোর তিন ফটোসাংবাদিক ও আদালত প্রতিবেদককে মারধর, বিডি নিউজের কার্যালয়ে সন্ত্রাসী হামলাসহ সারা দেশের সাংবাদিকদের ওপর একের পর এক নির্যাতন হচ্ছে। কখনো তা হচ্ছে রাষ্ট্রযন্ত্রের ষড়যন্ত্রে, আবার কখনো তা করছে সন্ত্রাসীরা। এসব কারণে প্রিন্ট ও ইলেকট্রনিক সাংবাদিকেরা হুমকির মুখে।বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য তাজমেরী এস ইসলাম বলেন, কোনো গণতান্ত্রিক দেশে এ রকম হতে পারে না। সাংবাদিক নির্যাতনের এসব ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি সাংবাদিকদের অবস্থান নিয়ে সমালোচনা করেন। তিনি বলেন, যে ভাষায় প্রতিবাদ করার কথা ছিল, তা করা হয়নি। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘মেরুদণ্ড সোজা না করে যত দিন আপনারা প্রতিবাদ করবেন, তত দিন আপনাদের মার খেতে হবে।’বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার বলেন, গুম ও সাংবাদিক নির্যাতনের ফলে দেশে অস্বস্তিকর ও শ্বাসরুদ্ধকর পরিবেশের সৃষ্টি হয়েছে। এ থেকে বেরিয়ে আসতে হবে।সাদা দলের আহ্বায়ক ও কলা অনুষদের ডিন সদরুল আমিন বলেন, সাংবাদিকেরা হলেন আয়নার মতো। জাতির অবিচার-অনাচার তাঁরা তুলে ধরেন। এটা অনেকেই সহ্য করতে পারে না। তাই এসব হামলা হচ্ছে। তিনি সাংবাদিকদের বিভক্ত না হয়ে এসব ঘটনায় সম্মিলিতভাবে প্রতিবাদ করার আহ্বান জানান।