সাংবাদিক নেতাদের প্রতিক্রিয়া ইতিবাচক নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, ‘সাগর-রুনি হত্যাকাণ্ড সম্পর্কে সাংবাদিকদের যতটুকু অবহিত করা দরকার ছিল, ব্রিফিংয়ে ততটুকুই করেছি। আমরা এ কথাও বলেছি যে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের তদন্ত সম্পন্ন হয়নি। যে তদন্তকাজ সম্পন্ন হয়নি, সে তদন্তকাজকে সম্পূর্ণ অবগতের আশা করে ইতিমধ্যে যে তথ্য দিয়েছি, সে তথ্যকে অস্পষ্ট বা অসম্পূর্ণ বলাটা আমার মনে হয় খুব একটা ইতিবাচক ভূমিকার স্বাক্ষর বহন করে না।’আজ বৃহস্পতিবার নিজ কার্যালয়ে শারদীয় দুর্গাপূজা ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা কমিটির সঙ্গে আন্তমন্ত্রণালয়ের সভায় স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের তদন্ত সম্পর্কে গত মঙ্গলবার দেওয়া স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অস্পষ্ট ও বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন সাংবাদিক নেতারা। এর মাধ্যমে হত্যারহস্যের জট খোলেনি বলেও মন্তব্য করেন তাঁরা। গত বুধবার বৈঠক শেষে সাংবাদিকেরা এ প্রতিক্রিয়া জানান। এর প্রেক্ষাপটে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেছেন। সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, কক্সবাজারের রামু উপজেলার পরিস্থিতি এখন শান্ত। তিনি বলেন, বৌদ্ধবিহারে হামলার ঘটনায় যারা জড়িত, তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে। ক্ষতিগ্রস্ত প্রত্যেক মন্দিরে এক কোটি টাকা করে অনুদান দেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে এক থেকে তিন লাখ টাকা দেওয়া হবে বলেও জানান তিনি।