সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির সময় গণপিটুনি
রাজধানীর মিরপুরে জাতীয় উদ্ভিদ উদ্যানে (বোটানিক্যাল গার্ডেন) সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে দুই যুবক গণপিটুনির শিকার হয়েছেন। তাঁরা হলেন: এস এম ওমর ফারুক ও অজিত সাহা।শাহ আলী থানা সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার সকালে চার যুবক পেছনের (গড়ান-চটবাড়ী) ফটক দিয়ে বোটানিক্যাল গার্ডেনে ঢোকেন। তাঁদের মধ্যে দুজন ওমর ফারুক ও অজিত সাহা নিজেদের সাংবাদিক পরিচয় দেন এবং টিকিট পরীক্ষক আমানত শেখকে ইজারাদারদের কাছ থেকে ২০ হাজার টাকা চাঁদা এনে দিতে বলেন। আমানত রাজি না হওয়ায় তাঁরা তাঁর কাছ থেকে এক হাজার টাকা ও একটি মুঠোফোন ছিনিয়ে নেন। এ সময় আমানতের চিত্কারে আশপাশের লোকজন ও নিরাপত্তাকর্মীরা এগিয়ে এসে ওই দুজনকে আটক করে পিটুনি দেন। তবে তাঁদের সঙ্গে থাকা সোহরাব ও বাবু পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ওমর ফারুক ও অজিতকে উদ্ধার করে শাহ আলী থানায় নিয়ে যায়। রাতে আমানত শেখ ওই চারজনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করেন। আটক দুজনকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।পুলিশ জানায়, আটক দুজনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে শাহ আলী থানায় একাধিক সাধারণ ডায়েরি (জিডি) রয়েছে।আমানত শেখ অভিযোগ করেন, শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামলা না নিয়ে কালক্ষেপণ করেন। পরে পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার ইমতিয়াজ আহমেদের হস্তক্ষেপে মামলা নেওয়া হয়।জানতে চাইলে উপকমিশনার ইমতিয়াজ আহমেদ আজ শুক্রবার প্রথম আলোকে বলেন, মামলা না নেওয়ার বিষয়টি জেনে ওসিকে মামলা নিতে নির্দেশ দেওয়া হয়। গ্রেপ্তার হওয়া দুজনকে আদালতের মাধ্যমে আজ কারাগারে পাঠানো হয়েছে।