দুই সাংবাদিককে পেটানোর ঘটনায় ইনডিপেনডেন্ট টেলিভিশন কর্তৃপক্ষের করা মামলায় জামিন পেয়েছেন সরকারদলীয় সাংসদ গোলাম মাওলা রনি। গতকাল রোববার তিনি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে মহানগর হাকিম রেজাউল করিম ওই সাংসদের জামিন মঞ্জুর করেন।দুজন সাংবাদিককে পেটানোর জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেন, ওই সাংসদের বিরুদ্ধে আনা অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে সে অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা নেবে। সচিবালয়ে পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর নেতাদের সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।অন্যদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ গতকাল সাংবাদিকদের বলেন, সাংবাদিক পেটানোর ঘটনা দুঃখজনক। যেহেতু সাংসদের বিরুদ্ধে অভিযোগ, সেহেতু জাতীয় সংসদ এ বিষয়ে ব্যবস্থা নিতে পারে। এ ছাড়া মামলা করার পর তাঁর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। দলের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে কি না, জানতে চাইলে মাহবুব উল আলম বলেন, তিনি আওয়ামী লীগ মনোনীত দলীয় সাংসদ হলেও দলের কেউ নন। গতকাল এক বিবৃতিতে সাংসদ কর্তৃক সাংবাদিকদের পেটানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন দেশের বিভিন্ন সম্প্রচারমাধ্যমের জ্যেষ্ঠ সাংবাদিকেরা। তাঁরা এ ঘটনার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত টেলিভিশনে কোনো অনুষ্ঠানে সাংসদ গোলাম মাওলাকে আমন্ত্রণ না জানানোর আহ্বান জানান। গত শনিবার দুপুরে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ওই সম্প্রচারমাধ্যমের অপরাধবিষয়ক অনুসন্ধানী অনুষ্ঠান ‘তালাশ’-এর প্রতিবেদক ইমতিয়াজ মোমিন ও ভিডিওচিত্র গ্রাহক মহসীন মুকুলকে বেধড়ক পেটান পটুয়াখালী-৩ আসনের সাংসদ গোলাম মাওলা ও তাঁর সহযোগীরা। আহত মহসীনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকির্যাসা দেওয়া হয়। তাঁকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় সন্ধ্যার দিকে ইনডিপেনডেন্ট টেলিভিশনের সহকারী ব্যবস্থাপক ইউনুছ আলী বাদী হয়ে গোলাম মাওলাসহ অজ্ঞাতনামা ২০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে শাহবাগ থানায় মামলা করেন। এরপর রাতে হত্যাচেষ্টা, চাঁদা দাবি, ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগ এনে ওই চ্যানেলের অন্যতম মালিক ও বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান ও দুই সাংবাদিকসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে একই থানায় পাল্টা মামলা করেন ওই সাংসদ।পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, দুটি মামলার অভিযোগ তদন্তাধীন।মারধরের শিকার ইমতিয়াজ মোমিন প্রথম আলোকে বলেন, ‘আমাদের বেধড়ক মারধর করা হলো। ক্যামেরা ভেঙে ফেলা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়া হলো। অথচ উল্টো মামলা করলেন সাংসদ এবং পুলিশ সেই মামলা নিয়েছে।’ এর জবাবে মারুফ হোসেন বলেন, অভিযোগের সত্যতা না পাওয়া গেলে পুলিশ সেভাবেই আদালতে প্রতিবেদন দেবে। সম্প্রচার চ্যানেলের জ্যেষ্ঠ সাংবাদিকদের আহ্বান: সরকারদলীয় সাংসদ গোলাম মাওলাকে টেলিভিশনের কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোর আহ্বান জানিয়েছেন দেশের বিভিন্ন সম্প্রচারমাধ্যমের জ্যেষ্ঠ সাংবাদিকেরা। বৈশাখী টেলিভিশনের প্রধান নির্বাহী মনজুরুল আহসান বুলবুল স্বাক্ষরিত এক বিবৃতিতে গতকাল এ আহ্বান জানানো হয়।বিবৃতিতে বলা হয়, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একজন জনপ্রতিনিধির হাতে ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিকেরা যেভাবে নিগৃহীত ও নির্যাতিত হয়েছেন, তা ন্যক্কারজনক ও নিন্দনীয়। দেশের নীতিনির্ধারকেরা যখন গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার কথা বলেন, তখন সরকারি দলের একজন সাংসদের এ আচরণ তাঁদের সেই সদিচ্ছাকেই প্রশ্নবিদ্ধ করে। এ ঘটনায় ইতিমধ্যে ইনডিপেনডেন্ট টেলিভিশনের পক্ষ থেকে মামলা করা হয়েছে। জ্যেষ্ঠ সাংবাদিকেরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত এ ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান। বিবৃতি দেন খায়রুল আনোয়ার (এনটিভি), সৈয়দ ইশতিয়াক রেজা (চ্যানেল ৭১), মোস্তফা ফিরোজ (বাংলাভিশন), ইব্রাহিম আজাদ (একুশে টেলিভিশন), রেজোয়ানুল হক (মাছরাঙা), খালেদ মুহিউদ্দীন (ইনডিপেনডেন্ট টেলিভিশন), সাইফুল আমিন (চ্যানেল আই), সুকান্ত গুপ্ত (দেশ টিভি), জ ই মামুন (এটিএন বাংলা), মুন্নী সাহা (এটিএন নিউজ), শরীফুল ইসলাম (এসএ টিভি), লুর্যাফর রহমান (আরটিভি), মেসবাহ আহমেদ (গাজী টিভি), সোহেল মাহমুদ (মোহনা টিভি) ও মাহমুদ-আল-ফয়সাল (মাই টিভি)।