সাংবাদিক পেটানো সাংসদ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক পেটানোর মামলায় অবশেষে গ্রেপ্তার হলেন সরকারদলীয় সাংসদ গোলাম মাওলা রনি। গতকাল বুধবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পটুয়াখালী-৩ আসনের এই সাংসদকে গ্রেপ্তার করে।এর আগে ঢাকা মহানগর হাকিম তাঁর জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মহাজোট সরকারের আমলে এই প্রথম কোনো সরকারদলীয় সাংসদ গ্রেপ্তার হলেন।গত শনিবার দুপুরে রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজায় ব্যক্তিগত কার্যালয়ের সামনে ইনডিপেনডেন্ট টিভি চ্যানেলের দুই সংবাদকর্মীকে মারধর করেন গোলাম মাওলা। প্রহূতরা হলেন প্রতিবেদক ইমতিয়াজ মোমিন ও ভিডিও চিত্রগ্রাহক মহসীন মুকুল। ওই দিন সন্ধ্যায় ইনডিপেনডেন্ট টিভির সহকারী ব্যবস্থাপক ইউনুছ আলী হত্যাচেষ্টার অভিযোগে গোলাম মাওলাসহ অজ্ঞাতনামা ২০ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেন। আর টিভি চ্যানেলটির অন্যতম মালিক সালমান এফ রহমান ও প্রহূত দুই সাংবাদিকের বিরুদ্ধে চাঁদা দাবি, অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগে একই থানায় পাল্টা মামলা করেন গোলাম মাওলা।রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন। গতকাল জামিন বাতিলের আবেদন করেন হত্যাচেষ্টা মামলার বাদী ইউনুছ আলী। আবেদনে বলা হয়, সাংসদ গোলাম মাওলা জামিন পাওয়ার পর বাদীকে ফোনে হুমকি-ধমকি দিয়েছেন। এ ঘটনায় শাহবাগ থানায় তিনি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পুলিশ এ বিষয়ে তদন্ত করে সাংসদের বিরুদ্ধে প্রতিবেদন দিয়েছে।রাষ্ট্রপক্ষে সহকারী পুলিশ কমিশনার মিরাজ উদ্দিন বলেন, আসামি গোলাম মাওলা হুমকি দিয়েছেন বলে সত্যতা মিলেছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামির জামিন বাতিল করা প্রয়োজন।গোলাম মাওলার আইনজীবী কবির হোসাইন আদালতকে বলেন, ‘জামিন বাতিল করতে হলে আদালত থেকে নোটিশ দিতে হবে। আইনজীবী হিসেবে আমাকে নোটিশ করা হয়েছে, কিন্তু গোলাম মাওলাকে করা হয়নি। পুলিশ যে প্রতিবেদন দিয়েছে, তাতে হুমকির অভিযোগের বিষয়ে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা নেই।’ গোলাম মাওলার পক্ষের অপর আইনজীবী ওমর ফারুক বলেন, এই মামলায় গোলাম মাওলা ৪ আগস্ট পর্যন্ত জামিনে আছেন। তার আগে জামিন বাতিল করার সুযোগ নেই।শুনানি শেষে বেলা দুইটার দিকে ঢাকার মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ গোলাম মাওলার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এর দেড় ঘণ্টা পর তাঁকে গ্রেপ্তার করা হয়। যেভাবে গ্রেপ্তার হলেন: গতকাল দুপুরে বসুন্ধরা আবাসিক এলাকায় একটি পত্রিকার কার্যালয়ে ছিলেন গোলাম মাওলা। আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ডিবির একটি দল বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্টওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সের নিচে অবস্থান নেয়। সাড়ে তিনটার দিকে সাংসদ নিচে নেমে এলে তাঁকে সঙ্গে যেতে বলেন ডিবির কর্মকর্তারা। সেখানে উপস্থিত সাংবাদিকদের সাংসদ বলেন, তিনি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণের জন্য যাচ্ছেন। ডিবির কর্মকর্তারা তাঁকে সেখানে নিয়ে যাবেন। তিনি বলেন, ‘আইন যেভাবে চলে সেভাবে চলবে। আইনের প্রতি আমার আস্থা আছে।’এরপর গোলাম মাওলা তাঁর কালো কাচঘেরা সাদা রঙের ব্যক্তিগত টয়োটা প্রিমিও গাড়িতে ওঠেন। তাঁর দুই পাশে দুজন ডিবির কর্মকর্তা বসেন। চারটা ২৫ মিনিটে তাঁকে নিয়ে গাড়িবহর ডিবির মিন্টো রোডের কার্যালয়ে ঢোকে।ঢাকা মহানগর পুলিশের অপরাধ তদন্ত ও তথ্য প্রসিকিউশনের অতিরিক্ত উপকমিশনার আনিসুর রহমান বলেন, সময় শেষ হয়ে যাওয়ায় গতকাল গোলাম মাওলাকে আদালতে হাজির করা হয়নি। আজ বৃহস্পতিবার তাঁকে আদালতে হাজির করা হবে।গত শনিবার দুই সংবাদকর্মীকে মারধরের পর দেশব্যাপী সাংবাদিকেরা এর প্রতিবাদ করেন। রাজধানীসহ বিভিন্ন জায়গায় কর্মসূচিও পালন করেন তাঁরা। তবে সাংসদ মারধরের অভিযোগ অস্বীকার করেন। যদিও প্রহূত সাংবাদিকদের তোলা ভিডিওচিত্রে দেখা গেছে, সাংসদ তাঁদের লাথি মারছেন। গত মঙ্গলবার সংসদ ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে গোলাম মাওলা বলেছিলেন, তিনি পদত্যাগ করতে পারেন। শেষ পর্যন্ত করেননি। বিভিন্ন সময় গোলাম মাওলা বলেছেন, ইনডিপেনডেন্ট টিভির মালিক বেক্সিমকো গ্রুপের কর্ণধার ও আওয়ামী লীগের সভানেত্রীর বেসরকারি খাতবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধাচরণ করায় তাঁর বিরুদ্ধে সাংবাদিক লেলিয়ে দেওয়া হয়েছে। গোলাম মাওলা কয়েক দিন ধরে শেয়ারবাজার কেলেঙ্কারিতে সালমানের বিতর্কিত ভূমিকা নিয়ে লেখালেখি ও টক শোতে সমালোচনা করেছেন।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম গতকাল সচিবালয়ে এ বিষয়ে সাংবাদিকদের বলেন, ‘আমাদের দলের অবস্থান হলো, কেউ অন্যায় করলে উপযুক্ত আইনের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। আইন নিজস্ব গতিতে চলবে। আইন যখন ব্যবস্থা নেবে, দলও অবশ্যই তখন ব্যবস্থা নেবে। দোষী ব্যক্তির রাজনীতিতে থাকা সমীচীন নয়।’মিষ্টি বিতরণ: পটুয়াখালী অফিস জানিয়েছে, গোলাম মাওলার গ্রেপ্তারের খবরে তাঁর নির্বাচনী এলাকা দশমিনায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন অনেকে। গতকাল বিকেলে দশমিনা উপজেলার বিভিন্ন স্থান থেকে মাঠপর্যায়ের আওয়ামী লীগের নেতা-কর্মীরা দশমিনা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ভিড় করেন। সেখান থেকে নেতা-কর্মীরা আনন্দ মিছিল বের করেন। পরে বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করেন তাঁরা।দশমিনা উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাখাওয়াত হোসেন বলেন, এটা গণতন্ত্রের বিজয়। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসী। সাংবাদিক পিটিয়ে দুর্নীতি আড়াল করা যায় না।