সাংবাদিক প্রফুল্ল কুমার ভক্ত আর নেই
ভোরের কাগজ-এর জ্যেষ্ঠ প্রতিবেদক প্রফুল্ল কুমার ভক্ত আর নেই। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গতকাল রোববার রাতে তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে ধানমন্ডির একটি ক্লিনিকে স্থানান্তর করা হয়। সেখানেই রাত সাড়ে ১০টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে প্রফুল্ল কুমার ভক্তের বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, ছেলে শুভ ভক্ত ও মেয়ে শুকরিয়া ভক্তসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল রাতে প্রফুল্ল কুমার ভক্তের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন সংবাদমাধ্যমের অনেকেই তাঁকে শেষবারের মতো দেখতে হাসপাতালে যান। প্রফুল্ল কুমার ভক্তকে শেষ শ্রদ্ধা জানাতে আজ সোমবার সকাল ১০টায় তাঁর মরদেহ ভোরের কাগজ ভবনে আনা হয়। এরপর বেলা ১১টার দিকে তাঁর মরদেহ জাতীয় প্রেসক্লাবে এবং সাড়ে ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে নেওয়া হয়। কর্মজীবনে প্রফুল্ল কুমার ভক্ত দৈনিক সংবাদ-এ দীর্ঘ ৩০ বছর জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন। সংবাদ থেকে তিনি ভোরের কাগজে যোগ দেন এবং আমৃত্যু সেখানেই কর্মরত ছিলেন।