সাংবাদিক ফরহাদকে খুনের কথা স্বীকার করল ভাগনে নাজিম
সাংবাদিক ফরহাদ খাঁকে হত্যার কথা স্বীকার করলেন তাঁর ভাগনে নাজিমুজ্জামান ওরফে ইয়ন (৩০)। তিনি জানিয়েছেন, ফরহাদের স্ত্রী রহিমা খাঁকে হত্যা করে ইয়নের বন্ধু রাজু।আজ মঙ্গলবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে সাংবাদিকদের সামনে হাজির করা হলে ইয়ন খুনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।এর আগে আজ ভোর পাঁচটার দিকে মিরপুর এক নম্বর মাজার রোডের এক বাসা থেকে ইয়নকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তাঁর কাছ থেকে হত্যার দিন ব্যবহূত রক্তমাখা শার্ট-প্যান্ট, সাত হাজার টাকা, স্বর্ণালংকার ও দুটি ছুরি উদ্ধার করে। ইয়ন বলেন, গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে ইয়ন ও বন্ধু রাজু মামা ফরহাদ খাঁর বাসায় যান। তাঁদের ড্রয়িং রুমে ঘুমাতে দেওয়া হয়। রাত দুইটার দিকে তাঁরা রান্নাঘর ও ডাইনিং থেকে ছুরি নিয়ে তাঁদের বেডরুমে যান। একপর্যায়ে তিনি নিজে মামাকে এবং তাঁর বন্ধু মামিকে হত্যা করেন। হত্যায় ব্যবহূত ছুরি দুটি পুরানা পল্টনের ড্রেনে ফেলে যান। আজ সাংবাদিকদের ব্রিফ করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মনিরুল ইসলাম। তিনি জানান, হত্যায় ব্যবহূত ছুরি দুটি পুরানা পল্টনের ড্রেন থেকে আজ উদ্ধার করা হয়েছে।প্রসঙ্গত, গত শুক্রবার ৭৭ নয়াপল্টনের বাসা থেকে ফরহাদ খাঁ ও তাঁর স্ত্রী রহিমা খাঁনমের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের ভাই পল্টন থানায় মামলা করেন।