সাংবাদিক মারধরের ঘটনায় ছাত্রলীগের ৯ কর্মীকে বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগের নয় কর্মীকে গতকাল শনিবার সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।এদিকে বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা এ কে ফজলুল হক হল থেকে গতকাল দুটি বোমা ও দুটি রামদা উদ্ধার করেছে পুলিশ। বেলা ১১টার দিকে ক্যাম্পাস থেকে সন্দেহভাজন দুই শিবির কর্মীকে আটক করা হয়েছে। গত সোমবারের পর গতকাল থেকে ক্লাস শুরু হলেও বেশির ভাগ বিভাগেই ক্লাস হয়নি। শিক্ষার্থীদের উপস্থিতিও কম ছিল।বহিষ্কার: গত বৃহস্পতিবার সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নয়জন কর্মীকে গতকাল সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। এঁরা হলেন জুয়েল, রকি, মিন্নাথ, রনি, দেলোয়ার, বিল, মাসুদ, নয়ন ও মনির। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আওয়াল কবির ও সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নয়জনকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।সাংবাদিকদের ওপর ছাত্রলীগের কর্মীদের হামলায় প্রথম আলোর আলোকচিত্রী আজাহার উদ্দিনসহ বিভিন্ন গণমাধ্যমের আটজন সাংবাদিক আহত হন।বোমা ও রামদা উদ্ধার: পুলিশ, শের-ই-বাংলা হল ও ক্যাম্পাস সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে পরিচ্ছন্নতাকর্মীরা হলের ভেতর ঝোপঝাড় পরিষ্কার করছিলেন। তাঁরা হলের দক্ষিণ পাশের দেয়ালের কাছে একটি ব্যাগের মধ্যে দুটি রামদা ও একাটি ছোট কার্টনে দুটি বোমা দেখতে পান। বিষয়টি হল কর্তৃপক্ষকে জানালে হল প্রশাসনের কর্মকর্তা, প্রক্টর, প্রক্টরিয়াল বডির সদস্য ও মতিহার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুটি রামদা ও দুটি বোমা উদ্ধার করে।শের-ই-বাংলা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সুভাষ চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত সোমবার রাতে ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর হামলার সময় শিবির এসব অস্ত্র ব্যবহার করে থাকতে পারে।প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া বলেন, ওই রাতে শিবির আগ্নেয়াস্ত্রসহ অনেক ধারালো অস্ত্র ব্যবহার করেছে। এসব অস্ত্র সেদিন তারাই ফেলে রেখে যেতে পারে। হলগুলোতে আরও অস্ত্র আছে কি না, সে ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।দুজন আটক: বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলাভবনের সামনে থেকে সন্দেহভাজন শিবির কর্মী হিসেবে ফয়সাল রায়হান ও শাকিল আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, হল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে প্রায় দুই ফুট লম্বা দুটি রামদা ও দুটি বোমা উদ্ধার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।সংবাদ সম্মেলন: বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গতকাল বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য লাউঞ্জে এক সংবাদ সম্মেলন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন উপাচার্য আবদুস সোবহান। এ সময় সহ-উপাচার্য এম নূরুল্লাহ, রেজিস্ট্রার এম এ বারী, প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া, কোষাধ্যক্ষ আবদুর রহমান, ছাত্র উপদেষ্টা গোলাম সাব্বির প্রমুখ উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে বলা হয়, গত সোমবার রাতে ঘটনার সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সার্বিক প্রচেষ্টা চালানো হয়। পুলিশ প্রশাসনকেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়। এর পরও শিবিরের সশস্ত্র হামলায় ছাত্রলীগের কর্মী ফারুক হোসেন নিহত ও অর্ধশত নেতা-কর্মী গুরুতর আহত হওয়ার ঘটনা কীভাবে ঘটল, তা খতিয়ে দেখতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট তদন্ত কমিটি গঠন করেছে। প্রতিবেদন পেলেই এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ বলেন, ওই দিন পুলিশ বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে এক ধরনের প্রতারণা করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বারবার পুলিশের সঙ্গে যোগাযোগ করলে জানানো হয়, পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। আবাসিক হলগুলোতে পুলিশ আছে, তাই ছাত্রদের কোনো সমস্যা হবে না। কিন্তু পুলিশের উপস্থিতিতেই সেদিন সশস্ত্র হামলা ও হতাহতের ঘটনা ঘটে।তবে উপাচার্য আবদুস সোবহান বলেন, তদন্ত প্রতিবেদনে সবকিছুই নিশ্চিত হওয়া যাবে।মিছিল ও প্রতিবাদ সমাবেশ: ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর ছাত্রশিবিরের ক্যাডারদের সশস্ত্র হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রমৈত্রী ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট গতকাল সকালে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। সমাবেশে বক্তারা অবিলম্বে সারা দেশে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ ঘোষণাসহ হামলায় জড়িত ব্যক্তিদের ফাঁসির দাবি জানান। একই দাবিতে বিকেলে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন বিনোদপুর এলাকায় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগসহ মহাজোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।