সাংবাদিক শফিক রেহমানের বাসায় হামলা
রাজধানীর ইস্কাটনে সাংবাদিক শফিক রেহমানের বাসভবনে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। আজ রোববার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। রাতে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ওই বাড়ির সামনের মোড়ে আট-দশজন যুবক লাঠিসোটা নিয়ে দাঁড়িয়ে আছে। এলাকার লোকজন জানান, তারা এখানকার ছাত্রলীগ ও যুবলীগের কর্মী। ঘটনার ব্যাপারে জানতে চাইলে শফিক রেহমান প্রথম আলো ডটকমকে জানান, রাত সাড়ে আটটার দিকে একদল যুবক হঠাত্ করে তার বাসায় হামলা চালায়। তারা এ সময় যাচ্ছেতাই ভাষায় গালিগালাজ করছিলো। তারা গেট ভেঙ্গে ভেতরে ঢোকার চেষ্টা করে। একপর্যায়ে তারা বাড়ির সব আলো নিভিয়ে দেন।শফিক রেহমান অভিযোগ করে বলেন, ‘রমনা থানা পুলিশকে বিষয়টি জানিয়ে তিনি সাহায্য চাইলেও তারা কেউ আসেনি’।হামলাকারীরা কারা জানতে চাইলে শফিক রেহমান বলেন, ‘আমি তাদের চিনতে পারিনি। তবে এরা আমার শুভাকাঙ্খি নয় সেটা বুঝতে পেরেছি’।