সাংবাদিক সমিতির কার্যালয়ে তালা ঝোলাল ছাত্রলীগ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক সমিতির কার্যালয়ে তালা ঝুলিয়েছে ছাত্রলীগ। পরে তাদের কাছ থেকে চাবি নিয়ে তালা খুলে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মামনুল হকের নির্দেশে তাঁর অনুসারীরা গতকাল শনিবার সমিতির কার্যালয়ে তালা লাগিয়ে দেয়।গত শুক্রবার সিএনজিচালিত অটোরিকশার চালকদের ওপর দুই দফা হামলা চালান ছাত্রলীগের সভাপতির অনুসারীরা। গতকাল বিভিন্ন গণমাধ্যমে এ-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়। এতে ক্ষুব্ধ হয়ে তাঁরা তালা ঝুলিয়ে দেন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ভবনে (চাকসু) অবস্থিত বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে ছাত্রলীগের ২০ থেকে ২৫ জন নেতা-কর্মী গিয়ে তালা ঝুলিয়ে দেন। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা কার্যালয়ের সামনে বেশ কিছুক্ষণ অবস্থান করেন। কোনো সাংবাদিককে না পেয়ে তাঁরা চলে যান।পরে খবর পেয়ে কয়েকজন সহকারী প্রক্টর ঘটনাস্থলে আসেন। আর ঘটনার পরপরই সাংবাদিকেরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিকে দ্রুত তালা খুলে দেওয়ার অনুরোধও জানান। বিকেল চারটার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পীযূষ কান্তি বর্মণসহ সংগঠনটির কয়েকজন নেতার সঙ্গে বৈঠক করে প্রক্টরিয়াল বডি। বিকেল সাড়ে চারটার দিকে প্রক্টর সিরাজ উদ-দৌল্লাহ সাংবাদিকদের সামনে ছাত্রলীগের এক কর্মীর কাছ থেকে চাবি নিয়ে সমিতির কার্যালয়ের তালা খুলে দেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম সাংবাদিকদের বলেন, ‘ছাত্রলীগের এমন কর্মকাণ্ডে আমি নিজেই বিব্রত। মাঝে মাঝে ছাত্রলীগ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো এখানেও উপাচার্যের দপ্তরে তালা ঝুলিয়ে দেওয়ার হুমকি দেয়।’তালা লাগানোর বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মামুনুল হক সাংবাদিকদের বলেন, ‘সাংবাদিকেরা আমাদের বিরুদ্ধে যে প্রতিবেদন ছাপিয়েছে, তার বিরুদ্ধে সাংবাদিক সমিতি কী ব্যবস্থা নিয়েছে? তবে কে বা কারা তালা ঝুলিয়েছে, আমি জানি না।’বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে ছাত্রলীগের তালা ঝোলানোর ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে চট্টগ্রাম প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন, চুয়েট সাংবাদিক সমিতি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।