সাংবাদিক হত্যার বিচার ও নির্যাতন বন্ধে মানববন্ধন
সব সাংবাদিক হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, বিচার ও নির্যাতন বন্ধের দাবিতে নাগরিক মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ নিউ জেনারেশন পার্টি (বিএনজিপি)। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়।মানববন্ধনে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনিসহ সব সাংবাদিক হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন। গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের পক্ষে তিনি এই দাবি জানান।মোস্তফা মহসিন বলেন, এই সরকারের আমলে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এ ছাড়া ‘আমার দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানসহ অনেক সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছেন। কেবল এই সরকারের সময় নয়, বিভিন্ন সময়ে বিএনপি ও জামায়াত-শিবিরের হাতে সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটেছে। তিনি বলেন, ‘সব সাংবাদিক হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার করতে হবে।’ এ সময় সাংবাদিকদের ওপর সব ধরনের নির্যাতন বন্ধেরও আহ্বান জানান তিনি।নাগরিক মানববন্ধন ও সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) যুগ্ম মহাসচিব স্বপন কুমার সাহা, সাংবাদিক আতিকুল ইসলাম, বাংলাদেশ সাংবাদিক সমিতির পক্ষে নুরুল আমিন সিকদার, কবির হোসেন তালুকদার, জাহিদ ফয়সাল, মোমিন মেহেদী প্রমুখ। সমাবেশে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠন বিএনজিপির আহ্বায়ক জাহিদ ইকবাল।