সাংবাদিক হত্যার বিচার না হওয়া তালিকায় বাংলাদেশ ১১তম
সাংবাদিক হত্যার বিচার হয়নি—এমন দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১১তম। নিউইয়র্কভিত্তিক গণমাধ্যম ও সাংবাদিকদের স্বাধীনতা রক্ষাকারী আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টসের (সিপিজে) সদ্য প্রকাশিত ২০১১ সালের ‘দণ্ডাভাব সূচকে’ এ কথা বলা হয়েছে। এই সূচকে ১৩টি দেশ অন্তর্ভুক্ত রয়েছে। ১ জুন টু প্রোটেক্ট জার্নালিস্টস তাদের বার্ষিক দণ্ডাভাব সূচক প্রকাশ করে।এই তালিকায় ২০০১ সালের জানুয়ারি মাস থেকে ২০১০ সালে ডিসেম্বর পর্যন্ত বিশ্বের যেসব দেশে সাংবাদিকেরা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, কিন্তু হত্যাকাণ্ডের এখনো বিচার হয়নি, সেসব দেশের নাম রয়েছে। এই তালিকার শীর্ষে রয়েছে যুদ্ধ-বিধ্বস্ত ইরাকের নাম। সিপিজের প্রতিবেদন অনুযায়ী, গত এক দশকে দেশটিতে ৯২ জন সাংবাদিকের বিচার এখনো অমীমাংসিত রয়েছে। ‘দণ্ডাভাব দেশ’ বলতে সিপিজে এমন দেশগুলোকেই বুঝিয়েছে, যেখানে সাংবাদিকেরা অহরহ হত্যা ও গুমের শিকার হন কিন্তু হত্যার কোনো সুরাহা হয় না।সিপিজের প্রতিবেদন অনুযায়ী, ২০০১ সালের জানুয়ারি থেকে ২০১০ সালের ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে নিহত সাংবাদিকদের মধ্যে পাঁচজনের হত্যাকারীর বিচার এখনো সম্পন্ন হয়নি।সিপিজের এই তালিকায় শীর্ষে থাকা ইরাকের পরপরই রয়েছে সোমালিয়ার নাম। এ ছাড়া এই তালিকায় এশিয়ার দেশগুলোর মধ্যে ফিলিপাইন তৃতীয়, শ্রীলঙ্কা চতুর্থ, আফগানিস্তান ষষ্ঠ, নেপাল সপ্তম, পাকিস্তানের দশম ও ভারত ১৩তম অবস্থানে রয়েছে। এশিয়ার বাইরের দেশ হিসেবে কলম্বিয়া, মেক্সিকো, রাশিয়া ও ব্রাজিলের অবস্থান যথাক্রমে পঞ্চম, অষ্টম, নবম ও দ্বাদশ।