সাংবাদিক হত্যার বিচারে বিশেষ ট্রাইব্যুনালের দাবি
সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যার বিচার ত্বরান্বিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছেন সাংবাদিকেরা। আজ মঙ্গলবার রাজধানীতে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালনকালে প্রধানমন্ত্রী বরাবর দেওয়া স্মারকলিপিতে এ দাবি জানিয়েছেন সাংবাদিকেরা।সাংবাদিক দম্পতি সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যার বিচার, সাংবাদিক নির্যাতন বন্ধ, পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা ও এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে এই কর্মসূচি পালন করা হয়।বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (উভয় অংশ), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (উভয় অংশ), জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) যৌথভাবে এই কর্মসূচি পালন করে।স্মারকলিপিতে উল্লেখ করা দাবির মধ্যে রয়েছে সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার ত্বরান্বিত করার জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন, সাংবাদিক নির্যাতনকারী ও গণমাধ্যমের অফিসে হামলাকারীদের বিরুদ্ধে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, মুক্ত ও স্বাধীন গণমাধ্যমের পথে অন্তরায় সৃষ্টিকারী সকল কালা কানুন ও বিধি-নিষেধ অবসানের জন্য আইন প্রণয়ন, ট্রেড ইউনিয়ন অধিকার প্রতিষ্ঠা, ওয়েজ বোর্ড অনুযায়ী বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা প্রদান, চাকরির নিশ্চয়তা ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের ওয়েজ বোর্ডের আওতায় আনার জন্য আইনি পদক্ষেপ গ্রহণ, জাতীয় গণমাধ্যম নীতিমালা প্রণয়ন এবং এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানকে গ্রেপ্তার ও বিচার করা।আজ দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে পদযাত্রা শুরু করেন সাংবাদিকেরা। হাইকোর্টের মূল ফটকের সামনে পৌঁছার পর পুলিশ তাঁদের আটকে দেয়। সেখানে প্রধানমন্ত্রীর তথ্যসচিব আবুল কালাম আজাদ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মিজানুর রহমান উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীর পক্ষে স্মারকলিপিটি গ্রহণ করেন।এ সময় আবুল কালাম আজাদ বলেন, সাংবাদিকদের প্রতি প্রধানমন্ত্রীর মমত্ববোধ রয়েছে। প্রেসক্লাব থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত যেতে সাংবাদিকদের যাতে কষ্ট না হয়, এ জন্য তিনি তাঁদের এখানে পাঠিয়েছেন।এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানকে গ্রেপ্তারের দাবি জানিয়ে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী বলেন, তাঁকে গ্রেপ্তার না করে তাঁর অফিসে গিয়ে জামাই আদরে জিজ্ঞাসাবাদ করেছে র্যাব। তদন্তের নামে টালবাহানা চলছে বলেও অভিযোগ করেন তিনি।ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘তদন্ত বিভ্রান্ত করতে মাহফুজুর রহমান মানহানিকর বক্তব্য দিয়েছেন। তাঁর নির্দেশে সাংবাদিকদের কর্মসূচিতে হামলা হয়েছে। এমনকি প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও তিনি অশালীন বক্তব্য দিয়েছেন।’ইকবাল সোবহান চৌধুরী আরও বলেন, ‘আমরা জানতে পেরেছি, আজ রাতেই মাহফুজুর রহমান দেশ ছাড়বেন।’ তিনি যাতে দেশ ছাড়তে না পারেন, সে ব্যবস্থার দাবি জানান তিনি।বিএফইউজের অপর অংশের সভাপতি রুহুল আমিন গাজী বলেন, প্রধানমন্ত্রীর সম্পর্কে দেশের বাইরে গিয়ে কটূক্তি করা দেশের জন্য অসম্মানজনক। তিনি এটিএন বাংলাকে বিজ্ঞাপন দেওয়া বন্ধ করতে বিজ্ঞাপনদাতাদের প্রতি আহ্বান জানান।