সাংবাদিককে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে তালহাদ আহমেদ ওরফে কাবিদ (২৮) নামের এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নরসিংদী পৌর এলাকার শালিধায় এ হত্যাকাণ্ড ঘটেছে।নিহত তালহাদ স্থানীয় দৈনিক নরসিংদীর বাণীর পৌর প্রতিনিধি। নরসিংদীর সাংবাদিকেরা ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।নিহত সাংবাদিকের পরিবারের সদস্য ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, তালহাদ আহমেদ পৌর এলাকার শালিধার মৃত সামসুল হুদা ভূইয়ার ছেলে। তিনি সাংবাদিকতার পাশাপাশি শালিধা ঈদগাহ মাঠসংলগ্ন এলাকায় একটি ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করতেন। গতকাল বিকেলে তিনি নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে বসেন। সন্ধ্যা সোয়া সাতটার দিকে বিদ্যুৎ চলে যায়। এর পাঁচ মিনিটের মধ্যেই সিএনজিচালিত একটি অটোরিকশা তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে থামে। ওই অটোরিকশা থেকে মুখোশধারী তিন সন্ত্রাসী তালহাদকে লক্ষ্য করে দুটি গুলি ছোড়ে। এতে তিনি মেঝেতে লুটিয়ে পড়েন। গুলির আওয়াজে আশপাশের ব্যবসায়ীরা এগিয়ে এলে সন্ত্রাসীরা অটোরিকশায় করেই পালিয়ে যায়। তালহাদকে গুরুতর অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। এখানে তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।গুলির খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন তালহাদের পরিবারের লোকজনসহ বিভিন্ন পত্রিকার সাংবাদিক ও জনপ্রতিনিধিরা। নরসিংদী জেলা হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মনির হোসেন প্রথম আলোকে বলেন, তালহাদের পিঠে একটি ও বাঁ হাতের কনুইর ওপর আরেকটি গুলি লেগেছে।হাসপাতালের সামনে তালহাদের বড় ভাই মাসুদুল হক ভূইয়া কান্নাজড়িত কণ্ঠে প্রথম আলোকে বলেন, ‘আমার ভাইকে কারা কেন মারল, কিছুই বুঝতে পারছি না।’নরসিংদীর বাণী পত্রিকার সম্পাদক মো. ফারুক মিয়া বলেন, ‘সাংবাদিক হিসেবে তালহাদ খুব ভালো নাম করেছিলেন। ইতিমধ্যে অনেক প্রভাবশালী লোকের বিরুদ্ধে তিনি খবর প্রকাশ করেছেন। কী কারণে তাঁকে হত্যা করা হলো, তা পুলিশের তদন্তে বেরিয়ে আসবে বলে আমার বিশ্বাস।’নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, মুখোশধারী সন্ত্রাসীরা সাংবাদিক তালহাদকে হত্যা করেছে। ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। খুনিদের গ্রেপ্তারে পুলিশ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।