সাংবাদিককে ভাড়া করে জিয়ার সম্পর্কে অপপ্রচার চালানো হচ্ছে
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর আদালতে লরেন্স লিফশুলজের বক্তব্য দেওয়াকে ইঙ্গিত করে সাংবাদিকদের বলেন, যে সাংবাদিককে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে বের করে দেওয়া হয়েছিল, সেই সাংবাদিককে ভাড়া করে এনে জিয়া সম্পর্কে অপপ্রচার চালানো হচ্ছে। ভাড়া করে কাউকে দিয়ে মিথ্যা কথা বলিয়ে অপপ্রচার করে তা কখনো প্রতিষ্ঠিত করা যাবে না। কর্নেল তাহেরের ফাঁসি দেওয়াকে সঠিক ছিল বলে মনে করেন বিএনপির এই নেতা।আজ বুধবার দুপুর ১২টায় জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করে ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এসব কথা বলেন। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠনের (জাসাস) উত্তর ও দক্ষিণের নবগঠিত কমিটির নেতারা এ সময় তাঁর সঙ্গে ছিলেন।ফখরুল ইসলাম বলেন, ‘জিয়াউর রহমান সম্পর্কে এ দেশের মানুষ ভালো করেই জানে। তিনি দেশের জন্য যুদ্ধ করেছেন। জীবন ও চাকরির মায়া ত্যাগ করে স্বাধীনতার ঘোষণা দিয়ে দিশেহারা জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। তাঁর সম্পর্কে অপপ্রচার করে তাঁকে ছোট করা যাবে না। বরং যাঁরা মিথ্যা অপপ্রচার করছেন, তাঁরাই ছোট হবেন।’এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান, জাসাসের সভাপতি আবদুল মালেক, সাধারণ সম্পাদক মনির খান প্রমুখ।