সাংবাদিককে হত্যার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজ বাসায় এসে ‘দৈনিক করতোয়া’র অপরাধবিষয়ক প্রতিবেদক রুদ্র রাসেলকে হত্যার হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। ঘটনা সম্পর্কে অভিযোগে রুদ্র জানান, গতকাল বৃহস্পতিবার খিলগাঁওয়ের মেরাদিয়ার ভূঁইয়াপাড়া এলাকায় তাঁর বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় খিলগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন রুদ্র। আজ সকালে অভিযোগ ওঠা সন্ত্রাসীদের আটক করতে অভিযান চালায় পুলিশ। এরপর সকাল পৌনে ১০টায় মোবাইল ফোনে আবারও হুমকি দেওয়া হয় বলে প্রথম আলো ডটকমকে জানান রুদ্র রাসেল। রুদ্র রাসেলের ভাষ্য, ‘গতকাল রাত নয়টার দিকে এলাকার সন্ত্রাসী সুমন, সাইদুল ও আলম আমার বাসায় এসে আমাকে মারধর শুরু করে। সুমন আমার মাথায় পিস্তল ঠেকিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। না দিলে মেরে ফেলার হুমকি দেয়। পরে ০১৭৭১৯৪১৯৫৪ নম্বর থেকেও সুমন হুমকি দিতে থাকে।’এ ব্যাপারে রাতে থানায় অভিযোগ দায়ের করেন রুদ্র। এরপর আজ সকালে সন্ত্রাসী সুমনের বাসায় অভিযান চালায় পুলিশ। অভিযানের পরই আবারও একই নম্বর থেকে হুমকি দেয় সুমন। এ ঘটনার কারণ সম্পর্কে কিছুই আঁচ করতে পারছেন না বলে জানান রুদ্র। ঘটনার সত্যতা নিশ্চিত করে খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক জানান, অভিযোগ ওঠা যুবকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।