সাংবাদিকতা করার মধ্য দিয়ে মানুষের সেবা করা সম্ভব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবিসি রেডিওর স্টুডিওতে প্রথম আলো জবস ‘হতে চাই পেতে চাই’ অনুষ্ঠানে ২৪ মে এসেছিলেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ। কথা বলেছেন কথাবন্ধু পম্পা ঘোষের সঙ্গে। সাংবাদিকতা পেশার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন তিনি। অনুষ্ঠানে অতিথিবন্ধু ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আরিফা হোসেন ও মো. ইবনেতুল্লাহ সিদ্দিক।কথাবন্ধু: সাংবাদিকতা বিষয়টি সম্পর্কে কিছু বলুন—সাজ্জাদ শরিফ: সাংবাদিকতা হচ্ছে মানুষে মানুষে যোগাযোগের একটি মাধ্যম। সংবাদপত্র হচ্ছে তথ্য, বিতর্ক আর মতামত সমন্বিত করার একটি জায়গা। মুদ্রণমাধ্যমের পাশাপাশি ইলেকট্রনিক-মাধ্যম এগিয়ে আসায় সাংবাদিকতার ক্ষেত্র এখন অনেক প্রসারিত হয়েছে। সাংবাদিকতা এমন একটি জায়গা, এখানে সব সময় জানার আগ্রহ থাকতে হবে। সম্পাদনা করলেও অনেক কিছু জানতে হয়। সাংবাদিক হতে হলে একটি অনুসন্ধানী মন থাকা চাই। আর থাকা চাই মানুষ ও জগৎকে বোঝার তৃষ্ণা। কারণ তথ্য মাত্রই খবর নয়। তথ্যকে সুনির্দিষ্ট উপায়ে পরিবেশনই হচ্ছে সাংবাদিকতা। সাংবাদিক হতে হলে সাংবাদিকতার সেসব রীতিনীতি জানতে হবে।মো. ইবনেতুল্লাহ সিদ্দিক: সাংবাদিকতায় পড়াশোনা শেষে গণমাধ্যম বা মিডিয়াগুলোতে শিক্ষানবিশ হিসেবে কাজ করার সুযোগ নেই। এটা কেন?সাজ্জাদ শরিফ: সাংবাদিকতায় পড়াশোনার পাশাপাশি হাতে-কলমে কাজ করতে পারলে ছেলেমেয়েরা ভবিষ্যতের সাংবাদিক হিসেবে দ্রুত এগিয়ে আসতে পারবে। প্রথম আলোয় কিন্তু অনেক শিক্ষার্থীই প্রদায়ক হিসেবে কাজ করেছে, এখনো করছে। অন্যান্য প্রতিষ্ঠানও এভাবে দুয়ার খুলে দিলে এ দেশের ভবিষ্যতে সাংবাদিকতার পথ উন্মুক্ত হবে।কথাবন্ধু: সাংবাদিকতায় পেশা ও নেশা—এ দুটি বিষয়কে আপনি কীভাবে দেখেন?সাজ্জাদ শরিফ: নেশা ছাড়া সাংবাদিকতা হয় না। আর এটা এমন পেশা যেটা সততার মধ্য দিয়ে পালন করার মধ্য দিয়েই মানুষের সেবা করা সম্ভব। এই পেশার ওপর একটি জনগোষ্ঠী নির্ভর করে। তাই সাংবাদিকতা একটা দায়িত্ববোধের ব্যাপার। এটি ভেতর থেকে না এলে আপনি কখনো তা পূরণ করতে পারবেন না। সাংবাদিক জন্ম নেয়, সাংবাদিক তৈরি করা যায় না।কথাবন্ধু: এ ক্ষেত্রে কোনো প্রশিক্ষণের প্রয়োজন আছে কি না?সাজ্জাদ শরিফ: বাংলাদেশে বেশ কিছু প্রতিষ্ঠানে সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এ ছাড়া প্রশিক্ষণকেন্দ্রগুলো সাংবাদিকতার বিষয়ভিত্তিক প্রশিক্ষণও দিয়ে থাকে। পিআইডি, নিমকো ও প্রেস কাউন্সিল প্রশিক্ষণ দেয়। এ ছাড়া ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ‘যাত্রী’ অনেক ভালো প্রশিক্ষণ দিচ্ছে। আবার অর্থনীতি, আইন ও আদালতের মতো বিশেষায়িত বিষয়ে যাঁরা সাংবাদিকতা করবেন, তাঁদের সে বিষয় সম্পর্কে জ্ঞান থাকতে হবে। কথাবন্ধু: একজন সাংবাদিকের জন্য শিক্ষাগত যোগ্যতা ছাড়া আর কী কী গুণ ও দক্ষতা থাকা প্রয়োজন?সাজ্জাদ শরিফ: পেশাগত দিক থেকে সাংবাদিকতা এখন চাকরির বাজারে একটি বড় ক্ষেত্র। এখন চট্টগ্রাম, রাজশাহী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিষয়টি রয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ও কিছুদিনের মধ্যেই খুলছে। বেসরকারি কয়েকটি বিশ্ববিদ্যালয়েও সাংবাদিকতা পড়ানো হয়। এসব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রাতিষ্ঠানিক শিক্ষাটা পাওয়া যাবে। প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরেও দেশ, পৃথিবী ও মানুষকে জানতে হবে। চারপাশে অনেক ঘটনা ঘটে, কিন্তু কোন খবরটা পাঠক জানতে চায়, তা খুঁজে বের করতে হবে। খবরটি কীভাবে পরিবেশন করতে হবে, সেটাও অনুশীলন ও আত্মস্থ করার বিষয়।কথাবন্ধু: বর্তমানে বাংলাদেশে সাংবাদিকতার ধারাকে আপনি কীভাবে বিশ্লেষণ করবেন?সাজ্জাদ শরিফ: ১৯৯০ সালে দীর্ঘদিনের সামরিক স্বৈরাচারের পতনের পর কিছু আইনের পরিমার্জন হয়। তার পর থেকে দেশে স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্র তৈরি হয়েছে। এতে গতিসঞ্চার হতে আরও এক-দেড় দশক পেরিয়ে গেছে। বাংলাদেশের সাংবাদিকতা এখনো চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে যাচ্ছে। তবে তার মধ্য দিয়ে সাংবাদিকতা হয়তো তার সামর্থ্যও অর্জন করছে। সাংবাদিকতার রীতি-নীতিগুলো এসবের মধ্য দিয়েই দানা বাঁধবে। সামনে যত মেধাবী ছেলেমেয়ে আসবে, ততই এর ক্ষেত্র আরও বাড়বে।কথাবন্ধু: অনেকে মনে করেন, সাংবাদিকতা একটি ঝুঁকিপূর্ণ পেশা, স্বাধীনভাবে মত প্রকাশ করতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হতে হয়, এটি আপনি কীভাবে দেখেন?সাজ্জাদ শরিফ: যেকোনো পেশাতেই ঝুঁকি আছে। সাংবাদিকতায় একটু বেশি। এই ঝুঁকি নিয়েই সাংবাদিকতা করতে হয়। বাংলাদেশে রাজনৈতিক রেষারেষি খুব তীব্র। কিন্তু মানুষই একমাত্র প্রাণী যে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে বিপদে ঝাঁপিয়ে পড়ে অন্যের প্রাণ বাঁচায়। সাংবাদিকতা পেশা মনুষ্যত্বের এই চরম উৎকর্ষ প্রদর্শনের এক অন্যতম জায়গা।কথাবন্ধু: যাঁরা সাংবাদিকতা করছেন না কিন্তু করতে চান, তাঁদের জন্য কী বলবেন?সাজ্জাদ শরিফ: এ জন্য প্রশিক্ষণ নিতে পারেন। চর্চা করতে পারেন। বিভিন্ন পত্রপত্রিকায় লিখতে পারেন। প্রতিনিধি হতে পারেন। আঞ্চলিক প্রদায়ক হতে পারেন। লেখালেখি ভালো করলে আমি নিশ্চিত, তাঁরা অবশ্যই ভালো করবেন।শ্রোতাবন্ধু ওয়াসিক (খুদে বার্তা থেকে): সাংবাদিকতা বিষয়ে না পড়েও অনেকেই সাংবাদিক হচ্ছেন, এ সম্পর্কে আপনি কী বলবেন?সাজ্জাদ শরিফ: অবশ্যই যাঁরা সাংবাদিকতায় পড়ছেন, তাঁরা ভালো জানেন। তবে অন্য বিষয়ে পড়াশোনা করেও অনেকে ভালো করছেন। সাংবাদিক হতে হলে সাংবাদিকতার নিয়ম তাঁর জানতেই হবে। পৃথিবীর বহু বিখ্যাত সাংবাদিক সাংবাদিকতায় পড়াশোনা না করেও বড় সাংবাদিক হয়েছেন। প্রতিভা, মেধা ও প্রচেষ্টা থাকলে সবই সম্ভব। শেখার তো কোনো শেষ নেই। সাংবাদিকতা পড়ে আসার পরও মাঠে নেমে সবাইকে বহু কিছু আয়ত্ত করতে হয়। এই শেখার শেষ নেই। কারণ পৃথিবী সব সময় নতুন নতুন সমস্যা আপনার সামনে হাজির করবে। হ্যাঁ, কেউ একটু প্রস্তুতি নিয়ে আসেন, কেউ না নিয়ে। কাজ করতে নেমে সে অবস্থা পাল্টে যেতেই বা কতক্ষণ?কথাবন্ধু: এ পেশায় কীভাবে সফল হওয়া যাবে?সাজ্জাদ শরিফ: সাংবাদিকতা-জীবনে মানুষের স্বার্থই হলো বড় স্বার্থ। কোনটা খবর, মানুষ কী জানতে চায়, কীভাবে খবর পরিবেশন করতে হবে—সেটা জানতে হবে। সাংবাদিকতার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নীতি-নৈতিকতার মধ্য দিয়ে সাংবাদিকতা করা। কোনো সন্দেহ থাকলে খবর ফেলে দিন। কিন্তু ভুল খবর দেবেন না। চরম উত্তেজনার সময় মাথা সবচেয়ে ঠান্ডা রাখুন। যদি সততার সঙ্গে প্রয়োজনীয় তথ্য পরিবেশন করতে পারেন, তাহলে আপনি অবশ্যই দ্রুত এগিয়ে যাবেন।গ্রন্থনা: সুদীপ দে