সাংবাদিকতার কিছু অবক্ষয় দেখেছি: আকবর আলি
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান বলেছেন, ‘সাংবাদিকতার গৌরবোজ্জ্বল ঐতিহ্য আছে। কিন্তু সম্প্রতি কিছু অবক্ষয় দেখতে পেয়েছি। এটা শুধু সাংবাদিকতার ক্ষেত্রে নয়, সারা দেশে এটি ছড়িয়েছে। আমরা বিভক্ত জাতিতে পরিণত হয়েছি।’আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ‘কান্ট্রি নিউজ টুয়েন্টি ফোর ডটকম’ নামের একটি অনলাইন পত্রিকার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আকবর আলি এসব কথা বলেন। আকবর আলি খান বলেন, একসঙ্গে কাজ না করলে ভবিষ্যতে সংকটের মুখে পড়তে হবে। তাই ঐক্য গড়ে তুলতে হবে। বিভক্ত রাজনীতির কুফল প্রতিহত করতে হবে। সাবেক এই উপদেষ্টা আরও বলেন, ‘তথ্যের অবাধপ্রবাহ রোধ করা এখন আর সম্ভব নয়। রাষ্ট্র যদি সেটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, তাহলে সেটা কারও জন্য সুফল বয়ে আনতে পারে না।’অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন, ‘নিউজ টুডে’র সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ, জ্যেষ্ঠ সাংবাদিক আমানুল্লাহ কবির প্রমুখ।