জাতীয় সংসদে গতকাল সোমবার সংবাদপত্রের সাংবাদিক, সম্পাদক ও প্রকাশক এবং লেখকদের অহেতুক হয়রানি বন্ধে ফৌজদারি কার্যবিধি (সংশোধন) বিল-২০১০ উত্থাপন করা হয়েছে। আইনমন্ত্রী শফিক আহমেদ এ বিল উত্থাপন করেন। তবে দিনের কার্যসূচিতে থাকলেও অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (সংশোধন) আইন-২০১০ উত্থাপিত হয়নি।ছয় দিন বিরতির পর গতকাল বেলা তিনটায় স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর পর্ব শেষে আইনমন্ত্রী ফৌজদারি কার্যবিধি (সংশোধন) বিল-২০১০ উত্থাপন করেন। মন্ত্রীর অনুরোধে পরে বিলটি পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য তথ্য মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।বিলটি উত্থাপনকালে আইনমন্ত্রী বলেন, দেশে সংবাদপত্রের স্বাধীনতা আরও শক্তিশালী করতে সরকার কোড অব ক্রিমিনাল প্রসিডিউর-১৮৯৮ সংশোধন করছে। সংশোধনী অনুযায়ী, হয়রানি বন্ধের লক্ষ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে সরাসরি গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিবর্তে সমন জারি করা হবে। বিল উত্থাপন করে তিনি বলেন, কোনো ব্যক্তি মানহানিকর কোনো কিছু বললে বা প্রকাশ করলে অথবা পত্রিকা বা বইয়ে মানহানিকর কিছু লেখা হলে বা ছাপানো হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা সাংবাদিক, সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে কোড অব ক্রিমিনাল প্রসিডিউর-১৮৯৮-এর অধীনে সরাসরি গ্রেপ্তারি পরোয়ানা জারির বিধান রয়েছে। প্রস্তাবিত মতে বিধান করা হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিবর্তে সমন জারি করতে হবে। এতে যেকোনো ব্যক্তি অথবা সাংবাদিক, সম্পাদক, লেখক এবং প্রকাশকের বিরুদ্ধে অহেতুক হয়রানি বন্ধ হবে।এদিকে স্পিকার দিনের কার্যসূচি অনুসারে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (সংশোধন) আইন-২০১০ সংসদে উপস্থাপনের আহ্বান জানালে ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা তা কার্যসূচি থেকে প্রত্যাহারের আবেদন করেন। পরে স্পিকার তা কার্যসূচি থেকে তুলে নেন। জানা গেছে, বিলটি নিয়ে বিভিন্ন মহল থেকে আপত্তি ওঠায় সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তে তা প্রত্যাহার করা হয়।কমিটির প্রতিবেদন: সংসদে গতকাল মত্স্য ও পশুখাদ্য বিল-২০০৯ সম্পর্কে মত্স্য ও পশুসম্পদ মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটি প্রতিবেদন উপস্থাপন করে। শিক্ষা মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটি উপস্থাপন করে ন্যাশনাল কারিকুলাম এবং টেক্সট বুক বোর্ড (সংশোধন) বিল-২০০৯ সম্পর্কে প্রতিবেদন। এ ছাড়া গত তিনটি অধিবেশনে ৭১ বিধিতে সাংসদদের দেওয়া দুই মিনিটের নোটিশ সম্পর্কে মন্ত্রীদের বক্তব্যসংবলিত একটি প্রতিবেদনও উপস্থাপন করা হয়।