সাংবাদিকদের আরও ধৈর্য ধরতে বললেন সাহারা
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকারীদের গ্রেপ্তারে সাংবাদিকদের আবারও ধৈর্য ধরতে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। তিনি বলেন, হত্যাকাণ্ডের তদন্ত অব্যাহত রয়েছে। রহস্য উদঘাটিত হলে অবশ্যই হত্যাকারীদের গ্রেপ্তার করা হবে।আজ বৃহস্পতিবার রাঙামাটি কোতোয়ালি থানা চত্বরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।এর আগে কোতোয়ালি থানায় নির্যাতিত নারী ও শিশুদের আইনি সহায়তা দিতে ‘ভিকটিম সাপোর্ট সেন্টার’ উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাহারা খাতুন বলেন, নারী নির্যাতন, নারী ও শিশুপাচার বন্ধে বর্তমান সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সে প্রচেষ্টার অংশ হিসেবে পুলিশ সংস্কার কর্মসূচির আওতায় ভিকটিম সাপোর্ট সেন্টার প্রতিষ্ঠা করা হচ্ছে।রাঙামাটির পুলিশ সুপার (এসপি) মাসুদ-উল হাসানের সভাপতিত্বে থানা চত্বরে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, জাতিসংঘের বাংলাদেশের সমন্বয়কারী নিল ওয়াকার, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ও জাতীয় পুলিশ সংস্কার কর্মসূচির পরিচালক মো. মোখলেসুর রহমান, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নিরুপমা দেওয়ান প্রমুখ।