সাংবাদিকদের এক ঘণ্টার কর্মবিরতি পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সাংবাদিকেরা পূর্বঘোষণা অনুযায়ী আজ সোমবার এক ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন। জাতীয় প্রেসক্লাবের সামনে ফটোসাংবাদিক ও ক্যামেরাম্যানরা কালো ব্যাজ ধারণ করে রাস্তার ওপর ক্যামেরা রেখে এ কর্মসূচিতে অংশ নেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) উভয় অংশ, জাতীয় প্রেসক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতা ও সদস্যরা আজ এ সমাবেশে অংশ নেন। সংবাদপত্র ও টেলিভিশন চ্যানেলের কর্মীরাও নিজ নিজ অবস্থান থেকে এই কর্মসূচি পালন করেছেন। সারা দেশেও সাংবাদিকেরা এ কর্মসূচি পালন করেন।সাংবাদিক নেতারা বলেন, বিভিন্ন দাবিতে রাজপথে অংশ নেওয়া অধিকারবঞ্চিত ও ক্ষুব্ধ মানুষের খবর সংগ্রহ করা সাংবাদিকদের কাজ। আজ তাঁরা দুই সহকর্মীর হত্যাকারীদের বিচার চেয়ে রাজপথে নেমেছেন। সাংবাদিকেরা বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়েছেন, তাঁদের এই ঐক্য অটুট থাকবে। ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) উদ্যোগে দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল ভবনের সামনে কর্মবিরতি পালন করা হয়। টেলিভিশন, সংবাদপত্রসহ গণমাধ্যমের সংবাদকর্মী ও ক্যামেরাম্যানেরা কালো কাপড়ে মুখ ঢেকে ও কালো ব্যাজ ধারণ করে ডিএসইর সামনের সড়কে বসে কর্মবিরতি পালন করেন। ‘বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ’ সাংবাদিকদের এ কর্মবিরতি পালনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে।১০ ফেব্রুয়ারি রাতের কোনো একসময়ে পশ্চিম রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। পরদিন পুলিশ তাঁদের লাশ উদ্ধার করে। ওই দিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের ধরার নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। কিন্তু ওই সময়ে কাউকে গ্রেপ্তার করা যায়নি। ৪৮ ঘণ্টা পর পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার তদন্তে ‘প্রণিধানযোগ্য’ অগ্রগতির কথা জানিয়েছিলেন। ২২ ফেব্রুয়ারি সাগর-রুনির হত্যাকারীদের গ্রেপ্তারসহ তিন দফা দাবিতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করে ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজ। কর্মসূচি অনুযায়ী আজ ২৭ ফেব্রুয়ারি সব সংবাদপত্র ও সম্প্রচার মাধ্যমে দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত প্রতীকী ধর্মঘট ও কালো ব্যাজ ধারণ করা হয়। এ ছাড়া ১ মার্চ সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত জাতীয় প্রেসক্লাব চত্বরে গণ-অনশন কর্মসূচি পালন করা হবে।