সাংবাদিকদের ওপর সাংসদ কামাল মজুমদারের হামলা(ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাংসদ কামাল মজুমদারের হামলায় আহত হয়েছেন আরটিভির একজন নারী সাংবাদিক। গতকাল মঙ্গলবার সকালে মিরপুর-২-এ মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজের সামনে এ ঘটনা ঘটে। সাংসদ ও তাঁর লোকজনের হামলায় আরও একজন নারী সাংবাদিকসহ চারজন লাঞ্ছিত হন।এ ঘটনা ঘটিয়ে চলে যাওয়ার সময় শিক্ষার্থী-অভিভাবক ও স্থানীয় কিছু লোকের তোপের মুখে পড়েন সাংসদ কামাল মজুমদার। একপর্যায়ে তিনি স্কুলের ভেতরে ঢুকে পড়েন। বাইরে তখন সাংসদের শাস্তি দাবিতে বিক্ষোভ শুরু হয়। স্কুলে ভর্তির নামে অতিরিক্ত টাকা আদায়ের প্রতিবাদ করেও বিক্ষোভ দেখান অভিভাবকেরা। চার ঘণ্টা পর দলীয় লোকজন ও প্রশাসনের সহযোগিতায় তিনি স্কুল থেকে বের হয়ে যান।অতিরিক্ত টাকা আদায়ের বিষয়ে প্রতিবেদন তৈরির জন্য ওই স্কুলে গিয়েছিলেন সাংবাদিকেরা।

কামাল মজুমদার হামলার কথা অস্বীকার করেন। বলেন, পূর্বনির্ধারিত সভায় যোগ দিতে তিনি স্কুলে গিয়েছিলেন।প্রত্যক্ষদর্শী এবং আহত ও লাঞ্ছিত সাংবাদিকেরা প্রথম আলোকে বলেন, ভর্তিতে বেশি টাকা নেওয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগের ব্যাপারে প্রতিবেদন তৈরি করতে আরটিভির সাংবাদিক অপর্ণা সিংহ, জ্যেষ্ঠ ক্যামেরাম্যান সাইদ হায়দার ও স্থানীয় প্রতিনিধি ওসমান গণি ওই স্কুলে যান। অভিযোগের ব্যাপারে কর্তৃপক্ষের বক্তব্য জানতে তাঁরা স্কুলে ঢুকতে চাইলে বাধা দেওয়া হয়। প্রথমে নিরাপত্তাকর্মীর সঙ্গে তাঁদের বিতণ্ডা হয়। একপর্যায়ে ভেতরে ঢুকলে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক হাত দিয়ে ক্যামেরা সরিয়ে দেন এবং তাঁদের ধাক্কাতে ধাক্কাতে প্রধান ফটকের বাইরে বের করে দেন।এর কিছুক্ষণ পরই কিছু যুবক নিয়ে প্রধান ফটকের সামনে গাড়ি নিয়ে উপস্থিত হন স্থানীয় সাংসদ ও স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি কামাল মজুমদার। গাড়ি থেকে নেমেই তিনি ও তাঁর সঙ্গে থাকা যুবকেরা তেড়ে এসে সাংবাদিকদের উদ্দেশে গালাগাল শুরু করেন। একপর্যায়ে কামাল মজুমদার নিজেই সাংবাদিক অপর্ণার হাতে মোচড় দিয়ে বুম (শব্দধারক) কেড়ে নিয়ে ছুড়ে ফেলেন। এতে হাতে গুরুতর আঘাত পান অপর্ণা। খবর পেয়ে অপর একটি চ্যানেলের নারী সাংবাদিকসহ দুজন ঘটনাস্থলে উপস্থিত হলে তাঁদের সঙ্গেও দুর্ব্যবহার করেন সাংসদ।এ ঘটনার পর চলে যাওয়ার সময় বিক্ষুব্ধ জনতা সাংসদের গাড়ি আটকে দেয়। তিনি তখন গাড়িসহ স্কুলের ভেতরে ঢুকে পড়েন। স্থানীয় জনতা, শিক্ষার্থী ও অভিভাবকেরা স্কুলের প্রধান ফটকের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন।হামলার শিকার অপর্ণা সিংহ প্রথম আলোকে বলেন, গাড়ি থেকে নেমেই অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন সাংসদ ও তাঁর সাঙ্গপাঙ্গরা। তিনি তেড়ে আসতে আসতে সাঙ্গপাঙ্গদের বলছিলেন, ‘এদের গুলি কর।’ কিছুক্ষণ পর বলছিলেন, ‘করুক রিপোর্ট। আমার কী করতে পারে দেখি।’অভিভাবকদের অভিযোগ: অভিভাবক ও শিক্ষার্থীরা বলেন, স্কুলে এ বছর থেকে দ্বিতীয় থেকে দশম শ্রেণী পর্যন্ত পুরাতন শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে সরকার-নির্ধারিত সেশন ও ভর্তি ফি ছাড়াও ‘ডোনেশন’ (অনুদান) বাবদ দেড় থেকে সাড়ে তিন হাজার টাকা বেশি নেওয়া হচ্ছে। আর নতুন শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হচ্ছে ২০ থেকে ২৭ হাজার টাকা। স্কুলে সেশন ও ভর্তি ফি জমা দিয়ে রাজধানীর বিভিন্ন ব্যাংকের হিসাবে বাড়তি টাকা জমা দিতে হয়। কিন্তু এ জন্য স্কুল থেকে কোনো প্রাপ্তিস্বীকার রসিদ দেওয়া হয় না। এ ছাড়া ভর্তি পরীক্ষায় অনুত্তীর্ণ শিক্ষার্থীদের এক লাখ টাকা দিয়ে ভর্তি হতে হয়। এ সমস্যার কথা সাংবাদিকদের জানানোর পর তাঁরা প্রতিবেদন তৈরি করতে এসেছিলেন।অভিভাবকেরা জানান, এ ব্যাপারে কয়েকটি চ্যানেলে প্রতিবেদন দেখানোর পর স্কুলে সাংবাদিকদের প্রবেশ একপ্রকার নিষিদ্ধ করে দেওয়া হয়েছে।সাংসদ ও শিক্ষকের বক্তব্য: স্কুলের ভেতরে সাংসদ কামাল মজুমদার সাংবাদিকদের প্রশ্নের জবাবে হামলা ও লাঞ্ছনার ঘটনা অস্বীকার করেন। তিনি বলেন, আপনারা শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় জনতার কাছে জিজ্ঞেস করতে পারেন। বিক্ষোভের কথাও অস্বীকার করেন তিনি। তড়িঘড়ি ঘটনাস্থলে আসার কারণ জানতে চাইলে তিনি বলেন, স্কুলে পূর্বনির্ধারিত সভা ছিল। ডোনেশন নেওয়ার বিষয়ে জানতে চাইলে সাংসদ বলেন, ‘স্কুলের উন্নয়নের জন্য টাকা নেওয়া হচ্ছে।’প্রধান শিক্ষক ফরহাদ হোসেন ছবি না তুলতে ক্যামেরা সরিয়ে দেওয়ার কথা স্বীকার করে বলেন, সাংবাদিকেরাই দুর্ব্যবহার করেছেন। বক্তব্য না দেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘কেন দেব না। এখানে গোপনীয়তার কিছু নেই।’ সাংবাদিকেরা স্কুলে প্রবেশ করার পর সাংসদকে জানানো হয়েছিল বলে তিনি জানান। উত্তীর্ণ না হওয়া শিক্ষার্থীদের ভর্তির অভিযোগ অস্বীকার করেন প্রধান শিক্ষক।তদন্ত কমিটি: মনিপুর স্কুলের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নোমান-উর রশীদ এর আহ্বায়ক। কমিটির দুই সদস্য হলেন শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সহিদুল ইসলাম এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক শফিকুর রহমান।নোমান-উর রশীদ প্রথম আলোকে বলেন, ‘কমিটি গঠনের পরই বিকেলে আমি বিদ্যালয়ে যাই। উপস্থিত সবার সঙ্গে কথা বলি। আরটিভির সাংবাদিকের সঙ্গেও কথা বলি। আশা করছি, বুধবারের মধ্যে প্রাথমিকভাবে একটি প্রতিবেদন দিতে পারব।’শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। বিভিন্ন সংগঠনের নিন্দা: সাংবাদিকদের ওপর সাংসদ ও তাঁর সাঙ্গপাঙ্গদের হামলা ও লাঞ্ছনার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কয়েকটি সংগঠন। তারা এ ব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। সংগঠনগুলো হলো: ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ক্রাইম রিপোর্টার বহুমুখী সমবায় সমিতি, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, নারী সাংবাদিক কেন্দ্র ও কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশন।