সাংবাদিকদের ওপর হামলা, দুজন বহিষ্কার
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের দৈনিক যায়যায়দিন-এর প্রতিনিধি আয়াজ আজাদের ওপর হামলাকারী ছাত্রলীগের নেতাসহ দুই ছাত্রকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ রোববার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। এ ঘটনায় পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বেলা আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির এক জরুরি সভায় সাংবাদিক আয়াজ আজাদের ওপর হামলার ঘটনায় আইন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বহিষ্কৃত ক্রীড়া সম্পাদক মেহেদি হাসান এবং একই বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র তরিকুল ইসলামকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আলাউদ্দিনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন প্রক্টর মেহের আলী, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক টি এম লোকমান হাকিম, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী প্রমুখ।এ ঘটনায় ফলিত রসায়ন বিভাগের অধ্যাপক মো. মনিরুজ্জামানকে আহ্বায়ক করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আয়াজ আজাদের ওপর হামলা এবং হামলায় যাঁরা উসকানি দিয়েছেন, তাঁদের ব্যাপারে তদন্ত করে একটি প্রতিবেদন আগামী ১৫ দিনের মধ্যে পেশ করার জন্য তদন্ত কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া, এই সভায় সাংবাদিক আয়াজ আজাদের চিকিত্সার সব খরচ হামলাকারীদের বহন করার নির্দেশ দেওয়া হয়। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আলাউদ্দিন প্রথম আলো ডটকমকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় সন্ত্রাসের জায়গা নয়, তাই এখানকার শিক্ষার সার্বিক পরিবেশ সুষ্ঠু রাখার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ গত শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সামনে মেহেদি হাসান ও তরিকুল ইসলাম বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে সশস্ত্র হামলা চালিয়ে দৈনিক যায়যায়দিন-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আয়াজ আজাদকে গুরুতর আহত করে।