সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় হেফাজতের দুঃখপ্রকাশ
একুশে টেলিভিশনের প্রতিবেদক নাদিয়া শারমীনসহ সাংবাদিকদের ওপর গতকাল শনিবার হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। দলের ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক নুর হোসাইন কাশেমী বলেন, ‘এ ঘটনায় আমরা দুঃখ প্রকাশ করছি। তবে আমাদের বিশ্বাস, আমাদের কোনো নেতা-কর্মী এটা ঘটাতে পারেন না। সরকার দলের কেউ মহাসমাবেশে ঢুকে এ ঘটনা ঘটিয়েছে।’ আজ সোমবার বিকেলে রাজধানীর লালবাগ মাদ্রাসায় এক সংবাদ সম্মেলনে নুর হোসাইন কাশেমী এ কথা বলেন।হরতাল প্রসঙ্গে নুর হোসাইন কাশেমী বলেন, ‘কাল দেশব্যাপী সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণ ও অহিংস হরতাল পালন করা হবে।’ নেতা-কর্মীদের হাতে তসবি নিয়ে ও জিকির করে হরতাল পালন করার আহ্বান জানান তিনি। গণজাগরণ মঞ্চের হরতাল প্রতিহতের ঘোষণার ব্যাপারে নুর হোসাইন কাশেমী বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে হরতাল পালন করব। কেউ যদি আমাদের আক্রমণ করে, তাহলে তা প্রতিহত করার দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারের।’ হরতাল চলাকালে পরিবহন মালিকদের যান চলাচল বন্ধ রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এটা ঈমান রক্ষার আন্দোলন।’ এ ছাড়া গতকাল মহাসমাবেশ থেকে ফেরার পথে দেশের বিভিন্ন স্থানে তাঁদের নেতা-কর্মীদের ওপর হামলা হয়েছে বলে দাবি করেন ঢাকা মহানগর কমিটির এই আহ্বায়ক। তিনি এই হামলার কারণে নিন্দা জানান।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মুফতি মোহাম্মদ ওয়াক্কাছ, মাওলানা আবদুল হাকিম, জাফরুল্লাহ খান প্রমুখ। ‘হেফাজতে ইসলামের সমাবেশে নারী সাংবাদিক কেন’, ‘রাস্তা দিয়ে হাঁটার সময় মাথায় কাপড় নেই কেন’—এ ধরনের অজুহাতে গতকাল শনিবার নগরের বিভিন্ন গণমাধ্যমের চার থেকে পাঁচজন নারী সাংবাদিক মারধর, হামলা ও বিভিন্নভাবে লাঞ্ছনার শিকার হন।