সাংবাদিকদের ওপর হামলার তদন্তে ছাত্রলীগের কমিটি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঁচ সাংবাদিকের ওপর হামলার ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে ছাত্রলীগ। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বদিউজ্জামান আজ সোমবার সন্ধ্যায় প্রথম আলো ডটকমকে এ তথ্য জানান। ছাত্রলীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শেখ রাসেল জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডের অনাকাঙ্ক্ষিত ওই ঘটনা তদন্তে ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি ইমাউল হক সরকারকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আগামী পাঁচ দিনের মধ্যে ঘটনা তদন্ত করে প্রতিবেদন জমা দেবে। পরে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।কমিটির অন্য সদস্যরা হলেন: কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এহতেশামুল হক, সাংগঠনিক সম্পাদক এস এম তরিকুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক ওমর শরীফ।এ ছাড়া, ওই ঘটনায় জড়িত থাকায় স্যার সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের ১১ কর্মীকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।পয়লা বৈশাখের নামে গত শনিবার গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডে যানবাহন থামিয়ে চাঁদাবাজি করেছেন ছাত্রলীগের কিছু কর্মী। এই চাঁদাবাজির সংবাদ সংগ্রহ করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের পাঁচ সংবাদকর্মী ছাত্রলীগের কর্মীদের হামলার শিকার হন।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ঘটনার সঙ্গে জড়িত ছাত্রলীগের ২১ নেতা-কর্মীকে চিহ্নিত করেছে। তবে ছাত্রলীগের কর্মীরা দাবি করেছেন, তাঁরা ছিনতাই করছিলেন না, গাড়ি থামিয়ে নববর্ষ উপলক্ষে কিছু ‘বকশিশ’ তুলছিলেন।ছাত্রলীগের কর্মীদের হামলায় আহত সাংবাদিকেরা হলেন: ‘প্রথম আলো’র বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আহমেদ জায়িফ, ‘ডেইলি স্টার’-এর বিশ্ববিদ্যালয় প্রতিবেদক প্রতীক চক্রবর্তী, বাংলাদেশ সংবাদ সংস্থার বিশ্ববিদ্যালয় প্রতিবেদক মলয় কুমার দত্ত, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সুজন মণ্ডল ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী দুলাল সমদ্দার। এ ছাড়া ছাত্রলীগের কর্মীদের নিবৃত্ত করতে গেলে ‘প্রথম আলো’র জ্যেষ্ঠ প্রতিবেদক শরিফুল হাসানের ওপরও তাঁরা হামলা চালান।