সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিকদের ওপর হেফাজতে ইসলামের কর্মীদের হামলার প্রতিবাদে আজ রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী ও একুশে টেলিভিশনের প্রতিবেদক নাদিয়া শারমিনসহ ১১ সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে এ কর্মসূচি পালন করেন শিক্ষক-শিক্ষার্থীরা।সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে কালোব্যাজ ধারণ করে শিক্ষক-শিক্ষার্থীরা কর্মসূচি পালন করেন।মানববন্ধনে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক শেখ আবদুস সালাম বলেন, হেফাজতে ইসলাম ১৩ দফা দাবির মাধ্যমে বাংলাদেশকে আফগানিস্তানে পরিণত করতে চায়। তাই নতুন প্রজন্মকে সিদ্ধান্ত নিতে হবে তাঁরা স্বাধীন দেশে বসবাস করবেন, নাকি পাকিস্তানের পরাধীনতার গ্লানি নিয়ে বেঁচে থাকবেন।একই বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরিন বলেন, নাদিয়ার প্রতি যে বর্বর হামলা চালানো হয়েছে তার খবর ও ভিডিও গণমাধ্যমে বারবার প্রচার করা উচিত; যাতে মানুষ বুঝতে পারে, ইসলাম রক্ষার নামে কত নির্মম আচরণ করেছে হেফাজতে ইসলাম।টেলিভিশন অ্যান্ড ফিল্ম স্টাডিজ বিভাগের চেয়ারম্যান এ জে এম শফিউল আলম ভূঁইয়া বলেন, নাদিয়ার অপরাধ তিনি নারী সাংবাদিক। একজন মুসলমান হিসেবে আমি লজ্জাবোধ করি, একজন নারীর ওপর তারা কীভাবে এ রকম নগ্ন হামলা চালাতে পারে? তিনি বলেন, ইসলামকে রক্ষার জন্য নয়, যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য মাঠে নেমেছে হেফাজতে ইসলাম।মানববন্ধনে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক শাওন্তী হায়দার, ফাহমিদুল হক, সাইফুল আলম চৌধুরী, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক মশিউর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজীব মীর প্রমুখ উপস্থিত ছিলেন।