সাংবাদিকদের জন্য বিপজ্জনক দেশ পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ পাকিস্তান। গতকাল রোববার প্রকাশিত সাউথ এশিয়া মিডিয়া কমিশনের (এসএএমসি) চলতি বছরের গণমাধ্যম পর্যবেক্ষণ প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।এসএএমসির সাধারণ সম্পাদক এম জিয়াউদ্দিন প্রতিবেদনটি প্রকাশ করেন। এতে বলা হয়, ২০১২ সালে দক্ষিণ এশিয়ার আটটি দেশে ২৫ জন সাংবাদিক খুন হয়েছেন, এর মধ্যে ১৩ জনই পাকিস্তানের।‘দ্য ডন’-এর খবরে বলা হয়, দক্ষিণ এশিয়ার আটটি দেশে একসঙ্গে প্রতিবেদনটি প্রকাশিত হয়। এতে বলা হয়, চলতি বছরে ভারতে পাঁচজন, বাংলাদেশে তিনজন, আফগানিস্তান ও নেপালে দুজন করে সাংবাদিক নিহত হন। তবে শ্রীলঙ্কা, ভুটান ও মালদ্বীপে কেউ খুন হননি; তবে এসব দেশে ক্রমাগত চাপ ও হুমকির শিকার হচ্ছেন সাংবাদিকেরা।প্রতিবেদনে বলা হয়, সাংবাদিকসহ সাধারণ নাগরিকদের জানমাল রক্ষায় ১৭৩৮ সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপিত প্রস্তাবটি ২০০৬ সালে পাস হয়েছে। তা সত্ত্বেও দক্ষিণ এশিয়ার বেশির ভাগ দেশে সাংবাদিকদের শারীরিক নিরাপত্তা এখনো হুমকিতে। মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রেও গুরুতর সমস্যা রয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, পাকিস্তানে সাংবাদিকেরা সব দিক থেকেই চাপে আছেন। দেশের ক্ষমতাসীনেরা দীর্ঘসময় ধরে মত প্রকাশের স্বাধীনতা ও সাংবাদিকদের ওপর আক্রমণ করে আসছে। বর্তমানে সাংবাদিকেরা রাষ্ট্র ছাড়াও অন্য ব্যক্তি বা সংগঠনের রোষানলে পড়ছেন। গণমাধ্যমের স্বাধীনতা তাঁদের দায়িত্ব পালনের ক্ষেত্রে সাংবাদিকদের দুঃসাহসী করে তুললেও সেই স্বাধীনতাই কাল হয়ে দাঁড়াচ্ছে তাঁদের জন্য। সেখানে একরকম নির্বিঘ্নে সাংবাদিকদের হত্যা করা হচ্ছে। তাঁদের বাড়িঘরে হামলা চালানো কিংবা তাঁদের বিরুদ্ধে সহিংস আচরণ করা হলেও অপরাধী পার পেয়ে যাচ্ছে। এ ছাড়া এখনো অনেক সাংবাদিক আছেন, যাঁরা বিক্ষোভের সময় কিংবা বোমা হামলার সময় পাওয়া আঘাতের কষ্ট বয়ে বেড়াচ্ছেন।