সাংবাদিকদের তোপের মুখে স্বরাষ্ট্রমন্ত্রী
নিহত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির বিষয়ে আপত্তিকর বক্তব্য দিয়ে তোপের মুখে পড়েন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। সাংবাদিকদের তীব্র আপত্তির কারণে পরে মন্ত্রী তাঁর বক্তব্য প্রত্যাহার করতে বাধ্য হন। আজ বুধবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে পেশাজীবী সমন্বয় পরিষদের নেতাদের সঙ্গে এক সভায় নিহত সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে এমন আপত্তিকর বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী।এ সময় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইকবাল সোবহান চৌধুরীসহ উপস্থিত সাংবাদিক নেতা ও সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকেরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন।সাংবাদিক নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেন, ‘আপনি মোটিভ শনাক্ত করেননি, অথচ আপনি আমাদের সহকর্মীদের চরিত্র হননের বিষয়ে যে কথাটি বলেছেন তার জন্য আমরা সকল সাংবাদিকের পক্ষ থেকে আপনার নিন্দা জানাই। আপনাকে এখনই এ বক্তব্য প্রত্যাহার করার দাবি জানাচ্ছি। বক্তব্য প্রত্যাহার না করলে আমরা আপনার বিরুদ্ধে বক্তব্য দিতে বাধ্য হব।’ নেতারা বলেন, ‘মৃত ব্যক্তির চরিত্র হনন করার জন্য আপনাকে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর পদ দেননি। আপনার কাছ থেকে আমরা এ কথা আশা করিনি। শুরু থেকেই সাগর-রুনির ঘটনায় আপনি সাংবাদিকদের ওপর দোষ চাপাচ্ছেন। এক বছরের মধ্যে বিচার করতে পারেননি, এখন সাংবাদিক সমাজকে কলঙ্কিত করছেন।’ কিছুক্ষণ বাকবিতণ্ডার পর স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি আমার বক্তব্য প্রত্যাহার করলাম। প্রতিটি মানুষের সম্মান রক্ষার জন্য আমরা বদ্ধপরিকর, সে জন্যই এ বিষয়ে বিস্তারিত কিছু বলিনি।’এ সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেন, ‘মন্ত্রী কৌশলী হলে এভাবে বলতেন না, সরল মনে বলেছেন।’ তিনি বিষয়টিকে বিবেচনা করার জন্য সাংবাদিকদের অনুরোধ জানান।সভায় পেশাজীবী সমন্বয় পরিষদের নেতাদের দেওয়া প্রতিটি দাবি নিয়ে আলোচনার সময় স্বরাষ্ট্রমন্ত্রী কিছু বিষয়ে বলার পর সে বিষয়ে সব বক্তব্য পত্রিকায় না ছাপানোর কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী নেতাদের বলেন, ‘আপনারা যে দাবি নিয়ে এসেছেন, তা আমাদেরও দাবি। আপনাদের দাবি পূরণের জন্য আমরা চেষ্টা করছি। কোনো ক্ষেত্রে একটি দাবি পূরণে চেষ্টার কোনো ত্রুটি থাকলে আমি নিজেকে দায়ী মনে করব এবং তা পূরণে আপনাদের সঙ্গে এক হয়ে কাজ করব।’ এ সময় পেশাজীবী সমন্বয় পরিষদের পক্ষ থেকে ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যাকাণ্ডের বিচার, ‘আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার, সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের বিচারসহ নয় দফা দাবি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করা হয়। বৈঠকে সব হত্যাকাণ্ডের বিচার করা হবে বলে আশ্বস্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। চার হাজার গ্রেপ্তারজামায়াত-শিবিরের হামলা, গাড়ি ভাঙচুর-পোড়ানো ও পুলিশের ওপর আক্রমণ কঠোরভাবে দমনের যত রাষ্ট্রীয় শক্তি রয়েছে, তা প্রয়োগ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘এসব ঘটনায় প্রায় চার হাজারের মতো অপশক্তিকে আমরা গ্রেপ্তার করেছি। পুলিশের ওপর আক্রমণের কথা উঠছে। আমরা পুলিশকে স্বৈরতন্ত্রের সময় থেকে এ দেশের নির্যাতনের মাধ্যম হিসেবে ব্যবহার করেছি। কোনো গণতন্ত্র ছিল না বলেই পুলিশকে এই ভূমিকা নিতে হয়েছে। পুলিশের ভাবমূর্তিও বিনষ্ট হয়েছে। আমরা পুলিশ বলতেই বুঝি অশুভ শক্তির প্রতীক। এখন জনগণের তরফ থেকেই বলা হচ্ছে, পুলিশ মার খাবে কেন? দেড় লাখ পুলিশ বাহিনীর সদস্য দিয়ে ১৬ কোটি মানুষের দেশে সকল ক্ষেত্রে সর্বাত্মক পদক্ষেপ নেওয়া সম্ভব নয়। আমরা মনে করি পুলিশ মানুষের অনু সমর্থন পেতে সক্ষম হয়েছে।’ ৩৩ জন সাংবাদিক আহতগত ২২ ফেব্রুয়ারি ইসলামি সমমনা দলের বিক্ষোভে নির্যাতিত হওয়া সাংবাদিকেরা যদি কাউকে সন্দেহভাজন মনে করেন, তবে তাকে শনাক্ত করে থানায় এজাহার দায়ের করার জন্য অনুরোধ জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘এজাহার দায়ের করলে আরজি নিয়ে আদালতে যাওয়া সরকারের জন্য সহজতর হবে। প্রকৃত দোষীদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো এজাহার দায়ের হয়নি। শুধু পুলিশ এ ঘটনায় এজাহার দায়ের করলে সম্পূর্ণ সমর্থন পাওয়া যাবে না।’ তিনি বলেন, ‘যারাই এ আক্রমণ করেছে, তাদের কেউ ছাড় পাবে না, জাতীয় পতাকা ছিঁড়ে ফেলা, শহীদ মিনার ভাঙার বিষয়েও কেউ এজাহার দায়ের করেনি। তবে আমরা কাউকেই আমরা ক্ষমা করব না।’ ৩৩ জামায়াত নিষিদ্ধে শুনানি আগামী সপ্তাহে শেষমাহমুদুর রহমানের গ্রেপ্তারে পেশাজীবী সমন্বয় পরিষদের দাবির বিষয়ে মন্ত্রী বলেন, ‘হ্যাঁ তাঁকে গ্রেপ্তার করা দরকার। তাঁর জিহ্বা বেশি হয়ে গেছে, লোভ বেশি হয়ে গেছে। গোষ্ঠীগত স্বার্থ উদ্ধারের জন্য সংবাদপত্রকে অহেতুক ব্যবহার করছেন তিনি।’ মাহমুদুর রহমানের বিষয়ে পরবর্তীতে যে সব বক্তব্য দেন, তা পত্রিকায় না লেখার অনুরোধ করেন মন্ত্রী। অন্য প্রসঙ্গে তিনি বলেন, ‘জামায়াতকে নিষিদ্ধ করার বিষয়ে হাইকোর্টে একটি রিট রয়েছে। আমরা আশা করি হাইকোর্ট এর শুনানি আগামী সপ্তাহের মধ্যে সম্পন্ন করবে। এ অবস্থায় আমাদের কোনো পদক্ষেপ নেওয়া ঠিক হবে না, তাহলে আটকে যাওয়ার ঝুঁকি থেকে যায়।’ ৩৩ সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচারে দৃঢ়প্রতিজ্ঞসাগর রুনির হত্যাকাণ্ডের বিচার করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন মহীউদ্দীন খান আলমগীর। ইতিমধ্যে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরপরই বিষয়টি বাইরে না বলার অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকাণ্ডের সব আলামত সন্তোষজনকভাবে পাইনি। তাঁদের আলামতের যতটুকু পেয়েছি, তার ডিএনএ পরীক্ষা করার জন্য যুক্তরাষ্ট্রে পাঠিয়েছি, সেখানে তাঁরা কিছু কিছু ডিএনএ শনাক্ত করেছেন। সাগর-রুনিকে যে “দা”-এর মতো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে, তাঁদের পরিধেয় বস্ত্রের অংশসমূহ মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছিল, তাঁরা ইতিমধ্যে দুটি ডিএনএ শনাক্ত করেছেন। ওই দুটি ডিএনএর সাথে এখানে যারা অপরাধী হিসেবে সন্দেহভাজন, তাদের সঙ্গে মিলিয়ে দেখার চেষ্টা করছি, যদিও তা দুরূহ কাজ।’ মন্ত্রী বলেন, ‘এ হত্যাকাণ্ডের পর রুনির পরিবারের কাছ থেকে কোনো সহযোগিতা পাচ্ছি না। রুনির সন্তান মেঘকে তার পরিবার অযথা এমনভাবে প্রতিরক্ষা করছে যার ফলে ওই শিশুর কাছ থেকে আমাদের যা জানার, তা আমরা জানতে পারছি না। এখানে সম্ভবত একটি রহস্য রয়েছে। আমরা মেঘের ভবিষ্যতের কথা চিন্তা করে এ মামলার বিস্তারিত বিবরণ বাইরে বলি না। যে পুলিশ তদন্ত করছে, তাদের প্রতি আমার সুস্পষ্ট নির্দেশ, যারা চলে গেছেন তো গেছেন, এই ছেলেটি আমাদের দেশের নাগরিক। ভবিষ্যতে এই ছেলেটি যেন মাথা তুলতে পারে এবং নিজকে বিকশিত করার পূর্ণাঙ্গ সুযোগ পায়, সেই স্বার্থে আমরা এ বিষয়টি যথাসম্ভব গোপন রাখব।’ কেউ কেউ বলেছেন, ‘এ বিষয়ে তাঁরা অনেক তথ্য জানেন, তাঁদের কাছে ভিডিও রয়েছে কিন্তু আমরা ভিডিও পরীক্ষা করেছি, কিন্তু কিছু পাইনি।’ এ ছাড়া নিতাই ও সাজিয়া আফরিন চিকিত্সক হত্যাকাণ্ড, সাংবাদিক মানিক সাহা, হুমায়ুন কবির বালু, শামসুর রহমানের হত্যাকারীদের বিচারের চেষ্টা করা হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ১৮ দলীয় যেসব নেতা জিহ্বা বড় করে যুদ্ধাপরাধীদের রক্ষায় এবং ইসলামি মূল্যবোধে আঘাত করাসহ বিভিন্ন উসকানিমূলক কথা বলছেন, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য দুজন আইজিকে দায়িত্ব দেওয়া হয়েছে বলেও মন্ত্রী সাংবাদিকদের জানান।সভায় বিচারপতি এ এফ এম মেসবাহউদ্দিন, সাংবাদিক শাবান মাহমুদসহ পেশাজীবী সমন্বয় পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।