সাংবাদিকদের তোপের মুখে স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিহত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির বিষয়ে অনাকাঙ্ক্ষিত বক্তব্য দিয়ে সাংবাদিকদের তোপের মুখে পড়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। সাংবাদিকদের তীব্র আপত্তির কারণে পরে মন্ত্রী তাঁর বক্তব্য প্রত্যাহার করতে বাধ্য হন।গতকাল বুধবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে পেশাজীবী সমন্বয় পরিষদের নেতাদের সঙ্গে এক সভায় এ ঘটনা ঘটে। এ সময় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইকবাল সোবহান চৌধুরীসহ উপস্থিত সাংবাদিক নেতা এবং সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকেরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন।ইকবাল সোবহান চৌধুরী স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেন, ‘আপনি হত্যার মোটিভ শনাক্ত করেননি, খুনিকে ধরতে পারেননি। অথচ আপনি আমাদের সহকর্মীদের বিষয়ে যে কথা বলেছেন, আমি সব সাংবাদিকের পক্ষ থেকে তার নিন্দা জানাই। আপনাকে এখনই এ বক্তব্য প্রত্যাহার করতে হবে। না হলে আমরা আপনার বিরুদ্ধে বক্তব্য দিতে বাধ্য হব।’বাগিবতণ্ডার পর স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি আমার বক্তব্য প্রত্যাহার করলাম। প্রতিটি মানুষের সম্মান রক্ষার জন্য আমরা বদ্ধপরিকর, সে জন্যই এ বিষয়ে বিস্তারিত কিছু বলিনি।’স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেন, মন্ত্রী কৌশলী হলে এভাবে বলতেন না, সরল মনে বলেছেন। তাই বিষয়টি বিবেচনা করার জন্য সাংবাদিকদের অনুরোধ জানান তিনি।তবে বৈঠকের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী নেতাদের বলেন, ‘আপনারা যেসব দাবি নিয়ে এসেছেন, তা আমাদেরও দাবি। আপনাদের দাবি পূরণের জন্য আমরা চেষ্টা করছি। কোনো ক্ষেত্রে চেষ্টার কোনো ত্রুটি থাকলে আমি নিজেকে দায়ী মনে করব এবং তা পূরণে আপনাদের সঙ্গে এক হয়ে কাজ করব।’এ সময় পেশাজীবী সমন্বয় পরিষদের পক্ষ থেকে ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যাকাণ্ডের বিচার, আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচারসহ নয় দফা দাবি তুলে ধরা হয়।চার হাজার গ্রেপ্তার: ‘জামায়াত-শিবিরের হামলা, গাড়ি ভাঙচুর-পোড়ানো ও পুলিশের ওপর আক্রমণ কঠোরভাবে দমন করা হচ্ছে, হবে। বিভিন্ন সহিংসতার ঘটনায় চার হাজারের মতো অপশক্তিকে আমরা গ্রেপ্তার করেছি।’ এই তথ্য দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশের ওপর আক্রমণ নিয়ে কথা উঠেছে। পুলিশের ভাবমূর্তিও নষ্ট হয়েছে। আমরা পুলিশ বলতেই বুঝি অশুভ শক্তির প্রতীক। কিন্তু এখন জনগণের তরফ থেকেই বলা হচ্ছে, পুলিশ মার খাবে কেন? আমরা মনে করি, ধৈর্য ধারণ করে পুলিশ মানুষের সমর্থন পেতে সক্ষম হয়েছে।’৩৩ জন সাংবাদিক আহত: ২২ ফেব্রুয়ারি হামলার শিকার সাংবাদিকেরা যদি কাউকে সন্দেহ করেন, তবে তার বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করার অনুরোধ জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এজাহার দায়ের করলে আরজি নিয়ে আদালতে যেতে সরকারের জন্য সহজ হবে। সাংবাদিকদের পক্ষ থেকে প্রকৃত দোষীদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো এজাহার দায়ের হয়নি। তিনি বলেন, যারাই এ আক্রমণ করেছে, তাদের কেউ ছাড় পাবে না, জাতীয় পতাকা ছিঁড়ে ফেলা, শহীদ মিনার ভাঙার বিষয়েও কেউ এজাহার দায়ের করেনি। তবে আমরা কাউকেই ক্ষমা করব না।’মাহমুদুর রহমানকে গ্রেপ্তার ও জামায়াত নিষিদ্ধ: মাহমুদুর রহমানকে গ্রেপ্তারের দাবির বিষয়ে মন্ত্রী বলেন, হ্যাঁ, তাঁকে গ্রেপ্তার করা দরকার। গোষ্ঠীগত স্বার্থ উদ্ধারের জন্য সংবাদপত্রকে ব্যবহার করছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জামায়াতকে নিষিদ্ধ করার বিষয়ে হাইকোর্টে একটি রিট রয়েছে। এ অবস্থায় আমাদের কোনো পদক্ষেপ নেওয়া ঠিক হবে না, তাহলে আটকে যাওয়ার ঝুঁকি থেকে যায়।’ রাজীব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার: ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘এরা সবাই জামায়াত-শিবিরপন্থী। রাজীবকে যেভাবে হত্যা করা হয়েছে, তার সুরতহাল এবং ওই স্থান পরিদর্শন করে আমাদের মনে হয়েছে, তাঁকে জামায়াত-শিবিরপন্থীরা হত্যা করেছে।’সাগর-রুনি হত্যাকাণ্ড: মন্ত্রী বলেন, ‘সাগর-রুনির হত্যাকাণ্ডের বিচার করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। ইতিমধ্যে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের সব আলামত সন্তোষজনকভাবে পাইনি। যতটুকু পেয়েছি, তার ডিএনএ পরীক্ষা করার জন্য যুক্তরাষ্ট্রে পাঠিয়েছি, সেখানে তারা দুটি ডিএনএ শনাক্ত করেছে। ওই দুটি ডিএনএর সঙ্গে এখানে যারা অপরাধী হিসেবে সন্দেহভাজন, তাদের ডিএনএর সঙ্গে মিলিয়ে দেখার চেষ্টা করছি, যদিও তা দুরূহ কাজ।’এই প্রসঙ্গে করা স্বরাষ্ট্রমন্ত্রীর একটি মন্তব্যের প্রতিবাদ করেন সাংবাদিক ও পেশাজীবী নেতারা এবং তা নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে মন্ত্রী তাঁর বক্তব্য প্রত্যাহার করে নেন।এ ছাড়া চিকিৎসক নারায়ণ চন্দ্র ও সাজিয়া আফরিন হত্যাকাণ্ড, সাংবাদিক মানিক সাহা, হুমায়ুন কবির বালু, শামছুর রহমানের হত্যাকারীদের বিচারের চেষ্টা করা হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।