আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার ঘটনায় সাংবাদিকদের উদ্দেশে আদালতের দেওয়া নির্দেশনা সঠিক হয়েছে। আজ শনিবার দুপুরে গাজীপুরের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে জেলা আইনগত সহায়তা প্রদান কমিটি আয়োজিত কর্মশালা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।কোনো বিষয়ে নিশ্চিত না হয়ে সাংবাদিকদের তথ্য না দেওয়ার জন্য আদালতের নির্দেশনা সম্পর্কে বলতে গিয়ে আইনমন্ত্রী বলেন, তদন্তকারী কর্মকর্তাদের তদন্তের স্বার্থে গোপনীয়তা রক্ষা করা উচিত। এ ব্যাপারে আদালতের নির্দেশনার সঙ্গে তথ্য অধিকার আইন সাংঘর্ষিক হয়নি। তথ্যভিত্তিক সংবাদ সব সময় প্রশংসিত হয়। সেখানে কোনো হস্তক্ষেপ চলবে না। দুটি খুনের যাতে সঠিক তদন্ত হয় এবং সত্যিকারের খুনিরা বের হয়ে আসে, সে জন্য তথ্যভিত্তিক না হলে কোনো সংবাদ যেন পরিবেশন না করা হয়। সে জন্য সুপ্রিম কোর্ট ওই নির্দেশনা দিয়েছেন।আইনমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার দেশের জনগণের আইনগতসেবা তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে বদ্ধপরিকর। যাদের নিজেদের পক্ষে আইনি লড়াই করার সামর্থ্য নেই, তাদের সমর্থনে সরকার নিজ খরচে আইনগত সহায়তা দিয়ে তাদের পাশে দাঁড়াবে।